জ্বলদর্চি

‌দেবাশিস চন্দ ও অজিত মিশ্র-র কবিতা

দেবাশিস চন্দ ও অজিত মিশ্র-র কবিতা 

নৈরাশ্যের তপ্ত সীসা
‌দেবাশিস চন্দ

যতই আমাকে পোড়াও তুমি নিষ্ঠুর প্রত্যাখ্যানে,
অবহেলার বর্ম সাজাও ফোনের ওপারে;‌
তবু তোমাকেই ভালবাসি আমি, তোমাকেই ভালবাসি,
তোমার আগুনে পুড়েই মিশে যাব নৈরাশ্যের তপ্ত সীসায়।

রবিবার জ্ঞান মঞ্চে তোমার ঘুঙুরঝঙ্কৃত সন্ধ্যায়
ডাকলে না আমায়!‌
আমি গেলে তোমার সৃজন–ফুলঝুরি
লণ্ডভণ্ড হয়ে যেত?‌
আমি কি এতই অপয়া তোমার কাছে, এতই অচ্ছুত?‌

আকাশস্নিগ্ধ এই ভালবাসা আজ ফিরিয়ে দিলেও
যেদিন আমি থাকব না—
তখন তোমাকে ফেলতে হবে চোখের জল,
দু’‌দণ্ড দাঁড়িয়ে বলতে হবে একা একা—
তোমাকে হারানো ভুল, হৃদয়লিপিতে শুধু তুমি।

অবসাদের অন্ধকারে ডুবে যেতে যেতে আমি
তোমার হাত ধরেই দেখেছিলাম ফিরে আসার স্বপ্ন,
পাথরের শরীর চিরে যেমন জাগে ঝর্নার সৃষ্টিস্বর,
অবহেলার আগাছায় আশ্চর্য জ্যোৎস্নালোকিত বৃক্ষ।

অজিত মিশ্র
হা অন্ন

এ শরীর অন্নে বাঁচে। অন্নের নিন্দা কোরো না। এ পৃথিবী অন্ন আর আকাশ অন্নভোজী জেনো। এই প্রাণ অন্ন আর শরীর অন্নাদ। অন্ন ব্রহ্ম। অন্নকে বাড়িয়ে তোলা চাই।

যখন এ সব কথা আমরা বলেছি, তারও বহুদিন সমবেত প্রার্থনা করেছি: হে দেবতা, আগে

অন্নে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করো।

সংবিধানে কত মৌল অধিকার প্রতিষ্ঠা পেয়েছে।

অন্নের অধিকার কই?

দুটো হাত কাজে লাগবে সে রকম কর্মশালা কই?

শুধু ভিক্ষে, অনুদান - অপমান লেগে থাকে তাতে। মাটি চুষতে চাই, নেই শস্য ফলানোর কোনও মাটি। আমাদের দেশ নেই, তাড়া খাওয়া পশুদের মতো এক ঘাঁটি ছেড়ে যাই, খুঁজে নিই অন্য এক ঘাঁটি। অনুপ্রবেশকারী, পরিযায়ী এ রকম তকমা আমাদের।

অন্ন ব্রহ্মা | এ শরীর অন্নে বেঁচে থাকে।

তোমরা অন্নবান যারা

অন্যের অন্ন খেয়ে অন্যের মাটি কেড়ে

ব্রহ্মকে হত্যা করেছ।

তিন হাজার বছর আগে ইন্দ্রের কাছে আমরা চেঁচিয়ে মরেছি

ইন্দ্র শোনেননি। আজ রাষ্ট্রযন্ত্র শুনেও শোনে না। আকাশটা একই আছে। একই আছে কোটি কোটি তারার তিমির।
🍂

Post a Comment

0 Comments