সুমনা পাল
সত্যবতী
ভালোবাসতে বাসতে
মাংসের আঁশটে গন্ধ হারিয়ে গেছে;
মুছে গেছে কাঁচা রক্তের দাগও।
সকলের অগোচরে
সমস্ত 'আমি'কে নিংড়ে দিয়ে;
একটি প্রাণ গ্রহণ করেছে
আর একটি প্রাণকে।
সমগ্র সত্তায়।
মিলেছে শরীর
কুয়াশাচ্ছন্ন দ্বীপে;
নিভৃত গোপন শয্যায়।
তারপর,
শরীরে শুধু চন্দনের গন্ধ...
হৃদয়ে কস্তুরীর সুবাস...
অগ্নিস্নান
ভীষণভাবে শুদ্ধ হতে চাই।
তাই শরীরে প্রতিনিয়ত আগুন মাখি।
কমলা রঙের লেলিহান শিখার আদরে
পুড়ে পুড়ে খাক হয়ে যায় চেতনা।
ছাইয়ের কণা মিশে যায়;
ব্রহ্মাণ্ডের বাতাসে।
তবুও ছাই হতেই চাই।
শুধু এক,
শুদ্ধতম জীবনের আকাঙ্ক্ষায়।
উর্বীরুহ
কোনো এক সময়
প্রতিবাদ করা মুখগুলো জীবন্ত ছিল।
দু-একটা ছাড়া
আজ সব গলায় দড়ি দিয়ে লটকে আছে।
ঝুলে আছে হাঁ করা জিভ।
ঠিকরে বেরিয়ে আসছে বিস্ফারিত চোখ।
ওদিকে
বাসি মাংসের গন্ধে বুঁদ হয়ে থাকা
ক্ষুধার্ত শেয়ালের দল
থামিয়েছে তাদের চিৎকার।
বিষণ্ণ পেঁচাদের নিভৃত ঘুৎকারও
আর শোনা যায় না।
চতুর্দিকে শ্মশানের নিস্তব্ধতা।
তবুও বিপন্ন সভ্যতার বুকে জ্বলছে আগুন।
ধিকি-ধিকি...
ছাইচাপা...
অপেক্ষা,শুধু একটা লাল রক্তিম ঝড়ের।
0 Comments