জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/ সিদ্ধার্থ সাঁতরা

গুচ্ছ কবিতা 
সিদ্ধার্থ সাঁতরা 

কথাদের সহজপাঠ 

কথাদের ভাঙাচোরা মুখ 
দুপাশের বাড়িঘর, মায়াময়, ওলটপালট 
ওইখানে থাকে, যাতায়াত এই পথে 
সন্ধেতে ফেরে।

দুজনেই, কথারা যেমন একসাথে 
এখানে ওখানে, চা-দোকান, বাসস্ট্যাণ্ড, পাথরের দেওয়ালে 
প্রতিদিন, ছুটি বাদে, ঘোরাফেরা করে 
ছায়া নেমে এলে, মেঘ রোদ সব একাকার 
কথারা এখন মানুষের মতো 
নিজেদের নিয়ে থাকে...
         
২.

কথাদের স্বপ্নের ভেতর, কিছু আলো, জ্যোৎস্নার মতো 
খসে পড়ে, ভিজে যায়, জানালার পাশে 
আমলকি বন, সাদা আলো, মেঘের গর্জনে 

তবু কথাদের ভালোবাসাবাসি, অন্তহীন 
বিকেল শুরুর মুখে, যেন চাঁদ সদাগর, গেরস্ত বাড়ির 
খুনসুটি খুব, কথা নেই তবু 

স্বপ্নের ভেতর কথারা অমায়িক খুব 
ঘুমোবার আগে প্রতিদিন ঝগড়াও করে...              

৩.

আকাশে যত তারা তার চেয়ে বেশি 
কথারা এখন পৃথিবীতে আছে...

দুজন কথার দেখা হলে ওরা স্বপ্নের কথা বলে 
গাঢ় ঘুমের ভেতর, লম্বা স্বপ্ন হাত রাখে কাঁধে 

কথারা আবেগপ্রবণ খুব 
বৃষ্টি লিখতে চেয়ে, রোদের সঙ্গে ঘর ছেড়ে 
ঝর্ণার জলেই গল্প লিখেছিল ওরা 
বেপরোয়া, ঘুমের ভেতর কতকিছু 
কথাদের দারুণ সময়, জলরঙ ছবির মতন 
নেই কথা হয়ে দেদার ওড়াউড়ি 
দূর আকাশে গানের সুতোয় উড়ছে যেন ঘুড়ি 

রাস্তার সব আলো নিভে গেলে, নষ্ট জ্যোৎস্নারা 
ঘুমের গন্ধ গুছিয়ে ঘর করবে এখানে...

🍂

Post a Comment

0 Comments