চিরচেনা শব্দের বহুমাত্রিক শব্দের ক্যানভাসে জীবনের জলছাপ : কবি বিনোদ মন্ডলের কাব্যগ্রন্থ 'সৌরলোকের বামন'
পুলকরঞ্জন চক্রবর্তী
বিনোদ মন্ডল গদ্য সাহিত্যের একটি উজ্জ্বল মুখ। গল্প, উপন্যাস, প্রবন্ধ মিলিয়ে ইতিমধ্যেই তিনি নয়টি গ্রন্থ রচনা করে পাঠকমহলে নিজের একটি স্বতন্ত্র স্থান তৈরি করে নিয়েছেন। গদ্যের আঙিনায় সফলভাবে বিচরণ করার পর, এবার তিনি পা রেখেছেন কবিতার ভুবনে। 'জ্বলদর্চি' প্রকাশনী থেকে খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে তার নতুন কবিতার বই 'সৌরলোকের বামন'। এই গ্রন্থটিতে স্থান পেয়েছে তাঁর লেখা ৪৮টি কবিতার এক অসামান্য সংগ্রহ। গদ্যশিল্পী হিসেবে পরিচিত বিনোদ মন্ডলের এই নতুন কাব্যপ্রয়াস পাঠকদের মাঝে স্বভাবতই এক ভিন্নধর্মী আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি করেছে। ৪৮টি কবিতার এই সংকলনে কবি মহাজাগতিক রূপকের আড়ালে মূলত মানুষের অস্তিত্ব, সীমাবদ্ধতা ও অন্তহীন আকাঙ্ক্ষার গল্প বুনেছেন। তার কবিতায় শব্দচয়ন শুধু সুমিত নয় , প্রতিটি পংক্তির গঠনশৈলীতে একজন অভিজ্ঞ সাহিত্যিকের পরিমিতিবোধ স্পষ্ট। কাব্যগ্রন্থটির প্রথম কবিতাটিই 'সৌরলোকের বামন' যার প্রথম দুটি স্তবকে তিনি লিখেছেন, 'আমরা কজন/ সৌরলোকের বামন/সারা জীবন ফলাই ফসল/ আউশ বোরো আমন /চাষ করি আর বাস করি/গাছের ছায়ায় চোদ্দ পুরুষ/ডাল ভাত, হাওয়াই চটি/কাদা দেহের অলম্বুষ'-এই পঙ্ক্তিগুলোর মাধ্যমে কবি বাংলার সাধারণ শ্রমজীবী মানুষের সহজ-সরল জীবনযাত্রা ও মাটির সাথে তাদের গভীর সংযোগের চিত্র তুলে ধরেছেন। বিশাল মহাবিশ্বের তুলনায় নিজেদের নগণ্য বা 'সৌরলোকের বামন' ভাবলেও, তারা কঠোর পরিশ্রমে আউশ, বোরো ও আমন ধান ফলিয়ে সমাজকে টিকিয়ে রাখেন। পূর্বপুরুষদের মতো প্রকৃতির কোলে সাদামাটা জীবন কাটিয়ে দেওয়া এই মানুষেরা ডাল-ভাত আর হাওয়াই চটির মতো সামান্যতেই সন্তুষ্ট থাকেন। সারাদিন মাঠে কাজ করে কাদামাখা শরীর নিয়ে বেঁচে থাকলেও তাদের মনে কোনো বিলাসিতা বা অহংকার নেই, বরং মাটির মানুষ হিসেবেই তারা পরম শান্তিতে জীবন ধারণ করেন। আবার 'সত্য কী ?' কবিতায় তিনি লিখেছেন 'শুভদিন সত্যি কি হয় সাত্যকি ? / জরা ও শোক তার কাছে খুব ব্রাত্য কি ?/ প্রশ্নটা আমার তো নয় , পেড়েছিল সুব্রত/আজন্ম কাল মানতো সে ঢের বারব্রত।' যেখানে মানুষের জীবন, নিয়তি এবং বিশ্বাসের চিরন্তন দ্বন্দ্বই প্রকাশিত হয়েছে। দীর্ঘকাল নিষ্ঠার সাথে ধর্মাচরণ ও নিয়ম মেনে চলার পরও মানুষ জীবনের শেষ প্রান্তে এসে চরম দুঃখের মুখোমুখি হয় এবং তার আজন্ম লালিত বিশ্বাসের ভিত্তিমূলে সংশয় জাগে। তার মনে এই প্রশ্নই বড় হয়ে ওঠে যে, নিয়তি বা বিধাতার কাছে মানুষের সুখ-দুঃখ ও শুভদিনের আসলেই কোনো মূল্য আছে কি না। এই কাব্যগ্রন্থের কবিতাগুলো প্রধানত অস্তিত্বের সংকট, একাকীত্ব এবং আত্মানুসন্ধানের গল্প বলে।
একই সাথে তার কবিতা তুলে ধরে আমাদের দৈনন্দিন যাপন চিত্র। আসবে যদি কবিতায় তিনি লিখেছেন, 'যে উঠোনে উলুকঝুলুক /শিউলি সুপারি/ রোদের সাথে পরকিয়া/ইলশেগুঁড়ি বারি।/সে উঠোনে আসবে তুমি /ইষ্টিকুটুম সুখে;/বুলবুলি ছা উঠবে নেচে /গম দানাটি মুখে।' খুব সাধারণ দৃশ্যপটকে কবি তাঁর গভীর অন্তর্দৃষ্টি দিয়ে অসাধারণ এক কাব্যের রূপ দিয়েছেন।চিত্রকল্পের এমন সার্থক ও জীবন্ত ব্যবহার সাম্প্রতিক বাংলা কবিতায় বেশ বিরল।
'সুকান্ত' কবিতায় তিনি লিখেছেন, 'তোমার সানাই শুণ্যপুরান/আমার চোখে চর্যাপদ/তোমার গরজ পুণ্যানুপান/আমার গানে বর্ষা রোদ।' এই কবিতার উপরিভাগ যতটাই সহজ, ভেতরের অর্থ বা অন্তর্নিহিত দর্শন ততটাই গভীর। ভাষার পরিমিতিবোধ এবং লাইনের নিখুঁত বিন্যাস প্রমাণ করে কবি তাঁর শিল্পমাধ্যমটির ওপর কতটা নিয়ন্ত্রণ রাখেন।
টি. এস. এলিয়ট মনে করতেন, শিল্পের রূপ দিয়ে আবেগ প্রকাশের একমাত্র উপায় হলো একটি 'অবজেক্টিভ কোরেলেটিভ' (Objective Correlative) বা বস্তুনিষ্ঠ সহ-সম্পর্ক খুঁজে নেওয়া; সহজ কথায় এমন কিছু বস্তু, পরিস্থিতি বা ঘটনার দৃশ্যকল্প তৈরি করা যা পাঠকের মনে অবিকল সেই আবেগটিকেই জাগিয়ে তুলবে। বিনোদ মন্ডলের এই কাব্যগ্রন্থের বেশিরভাগ কবিতাই বস্তুত দৃশ্যকল্প বা চিত্রকল্প কবিতা, যেগুলো এলিয়টকেই মনে করিয়ে দেয়।
সব মিলিয়ে, এই কাব্যগ্রন্থটি সমকালীন বাংলা কবিতার ধারায় একটি উল্লেখযোগ্য ও স্মরণীয় সংযোজন হয়ে উঠতে চলেছে।
0 Comments