পুলকরঞ্জন চক্রবর্তী
দীর্ঘ সময় ধরে কবিতার সঙ্গে বাস করেন কবি দিলীপ মহান্তী। ইতিমধ্যেই তার ন'টি কাব্যগ্রন্থ প্রকাশিত। "মৌসুমি বায়ুর দেশ " তার সাম্প্রতিকতম কাব্যগ্রন্থ যেটি ৪৮টি কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে জ্বলদর্চি থেকে। এই কাব্যগ্রন্থের শেষ কবিতা 'মৌসুমি বায়ুর দেশ'কেই তিনি তার নতুন কাব্যগ্রন্থের নামকরণের জন্য বেছে নিয়েছেন।
দিলীপ মহান্তীর এই কাব্যগ্রন্থটি মূলত তিনটি ধারায় প্রবাহিত- প্রকৃতি, প্রজ্ঞা ও আত্মদর্শন। জীবনের জটিল সমীকরণ, ক্ষয়িষ্ণু সময় এবং অস্তিত্বের সংকটকে কবি অত্যন্ত সহজ অথচ গভীর জীবন দর্শনের মাধ্যমে কবিতার ছত্রে ছত্রে ফুটিয়ে তুলেছেন। কবি যখন লেখেন -'আজ সমস্ত দরজায় তালা ঝুলিয়ে/ ঋতুরা নিরুদ্দেশে গেছে/শুধু বেঁচে আছে একখানি টিপ, প্রোফাইল পিকচারে/ যখন খুশি দেখা যায়, ছোঁয়া যায় না' (ঠিকানা)। কবি হয়তো বলতে চেয়েছেন,
যেখানে চারপাশের রুদ্ধদ্বারে ঋতুরা চিরতরে হারিয়ে গেছে, সেখানে বাস্তব সম্পর্কের উষ্ণতা আজ কেবল সোশ্যাল মিডিয়ার একটি প্রোফাইল পিকচার বা ডিজিটাল পর্দায় বন্দি হয়ে পড়েছে। যখন খুশি ছবি দেখা গেলেও তাকে আর ছুঁয়ে দেখার কোনো উপায় নেই, যা আধুনিক প্রযুক্তির এক নিদারুণ বৈপরীত্য ও নস্টালজিয়াকে প্রকাশ করে।
আবার কবি যখন লেখেন 'ওই দূরে দেখ সাগরের নোনাজল,/ তোমাকে ডাকছে কেরালার ফাটামাটি / কখনও বসেছ বিবেকানন্দ রকে/উড়ছে শাড়ি বঙ্গোপসাগরে ভেসে' (বর্ষণমালা)। তখন প্রকৃতি ও প্রজ্ঞা একসাথে সহাবস্থান করে তার কবিতার ছত্রে ছত্রে। কবির পরিমিত শব্দচয়ন এবং ছন্দের চমৎকার দোলাচল এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতাকেই এক অনন্য শ্রুতিমাধুর্য দান করেছে। অন্যদিকে প্রজ্ঞা ও জীবন দর্শন তার কবিতায় অনুষঙ্গ হয়ে আসেনি এসেছে সহজ সরল ভাষায়-'এসময় পৃথিবী ঋতুমতী হয়,/ এই তিনদিন সঙ্গম নিষিদ্ধ /তাই হলকর্ষণ বারণ/ বীজ বপনে বাধা/বেদ-বেদাঙ্গ পাঠ, পূজা পার্বণ নিষেধ' (অম্বুবাচী)। উৎসবকে তিনি দেখেন কবির চোখে। কবিভাষ্যে উৎকীর্ণ হয় টুসু, করম, ইঁদ। কি অসাধারণ ভাবে কবি লেখেন- ' এসময় কদম্ব ফুল ফোটে/ ফুলের গন্ধে পৃথিবীও উতলা/ পৃথিবীও ভেসে যায় জলে.../বৃষ্টি ভিজিয়ে দেয় উর্বর মাটিকে /রোদ ছড়িয়ে দেয় তার তাপ তেজ/সে তেজ বিষ্ণুর/ অনন্ত শয্যায় তার পাশ ফিরে দেখায়/পৃথিবী শস্য শ্যামল হয়' (করম)।আদিবাসী ও লোকসংস্কৃতির অন্যতম প্রধান উৎসব ‘করম’-এর পটভূমিতে প্রকৃতির চিরন্তন রূপান্তর, আধ্যাত্মিক চেতনা এবং কৃষিভিত্তিক জীবনদর্শনের এক অপূর্ব মেলবন্ধনকে প্রকাশ করে এই কবিতা। এখানে কবি প্রকৃতি, ঈশ্বর এবং মানবজীবনের পারস্পরিক নির্ভরশীলতাকেই তুলে ধরেছেন। কবি সনাতন ও লোকপুরাণের একটি সুন্দর অনুষঙ্গও টেনেছেন এখানে। ভাদ্র মাসে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশীতে বিষ্ণু যোগনিদ্রায় থাকা অবস্থাতেই একপাশ থেকে অন্যপাশে ঘোরেন বা পাশ পরিবর্তন করেন। বিষ্ণুর এই পাশ ফেরার কারণে প্রকৃতিতে রোদ ও মেঘের খেলা চলে এবং সূর্যের যে তেজ বা রোদ দেখা যায়, তাকে কবি বিষ্ণুর ঐশ্বরিক শক্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখিয়েছেন। কবির কাছে প্রকৃতি কেবল জড় উপাদান নয়, তা ঈশ্বরের জীবন্ত রূপ। সূর্যের উত্তাপের মাঝে তিনি ‘বিষ্ণুর তেজ’ খুঁজে পান। অর্থাৎ, জাগতিক নিয়মের পেছনে যে একটি মহাজাগতিক ও ঐশ্বরিক চালিকাশক্তি রয়েছে, কবি তা মনে-প্রাণে বিশ্বাস করেন। 'আশ্বিনের ঝড়' কবিতাতেও দেখি তার সহজ উচ্চারণ -'সরে যায় মৌসুমি বাতাস। আমিও অর্জুন নই।'
সমগ্র কাব্যগ্রন্থ জুড়েই কবির ভাষা সহজ সরল কিন্ত ব্যঞ্জনাময়। জীবনের অতি পরিচিত ঘটনা, সুখ-দুঃখ, বিরহ ও ভালোবাসার অনুভূতিগুলোও কবির লেখনীতে এতটাই জীবন্ত হয়ে উঠেছে যে, তা সহজেই পাঠকের হৃদয় স্পর্শ করে যায়। কাব্যগ্রন্থের শেষ কবিতা মৌসুমি বায়ুর দেশ-এ কবি বলেছেন, 'আমরা সকলে মিলে হেঁটে যাব পথে পথে/মিছিল এগিয়ে যাবে উর্বরতার দেশে/ বৃষ্টির ধারা মেখে ভুলে যাব ইতিহাস/আমরা চলব পথে পুরাণ পাখার জোরে।'
পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আশা ও জীবনের স্রোত কখনও পুরোপুরি শেষ হয়ে যায় না—এই পরম সত্যের কথাই যেন কবি বারেবারে বলতে চেয়েছেন তার কবিতায়। জীবন দর্শনের এই নতুন ভাবনাই কাব্যগ্রন্থটিকে সমকালীন কবিতার জগতে একটি অত্যন্ত দীর্ঘস্থায়ী প্রভাব রেখে যাওয়ার পথ প্রশস্ত করে দেবে, সন্দেহ নেই।
0 Comments