জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /স্বস্তিকা ধর

গুচ্ছ কবিতা 
স্বস্তিকা ধর

কবিতার চেরিব্লসম
আমাদের আদরের মাটি ১ 
২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ


রাত্রে একটা পাহাড় ভেঙে পড়লো 
হুড়মুড়িয়ে নয় কিন্তু; গুছিয়ে ভেঙেছে 
থাক থাক পাথরের স্তর, সাজানো দুপাট  বালি 
জোনাকিরা ছুটে গেছে "নতুন কি খুঁজে পাই দেখি!"
এই ইচ্ছে নিয়ে—
জঙ্গলের বাঘ, শব্দে ভয় পায়
পেঁচারা নিস্পলক তাকায়, অন্ধ করে দেওয়া অন্ধকার থেকে 
দেখি তুমি জঙ্গলের একটা বড়ো গাছকে ধরে রেখেছো প্রবল শক্তিতে— 
ওর শিকড় গেছে নড়ে !
আমি সুযোগ বুঝে সোজা 
গিয়ে মিশে গেছি তোমার বুকের ভিতর 
গভীর করে শ্বাস নিয়ে, কানের কাছে মুখ নামিয়ে , তুমি বলেছো 
" তাহলে শেষ হোলো খোঁজা?"
বলামাত্র, গাছ, তার শিকড়ের ভিতর আমাদের যুগল শরীর টেনে নিলো,
জোনাকিরা টেবিল সাজালো, 
পেঁচার প্রহরা নিষ্পলক 
ভয় পাওয়া বাঘ নেই ধারেকাছে ; বহুদূর 
ভোরবেলা , আমাদের নতুন সংসারে সূর্য এলো ,
ভাঙা পাহাড়ের পাথুরে পাঁজর; ধারালো, ঝিকিয়ে উঠলো 
সোনার সংসার; বলো?
তোমার গভীর শ্বাস, 
কানের কাছে মুখ নামিয়ে, আধোগলায় জিজ্ঞেস করলে 
" তাহলে? খোঁজা শেষ হোলো?" 




আমাদের আদরের  মাটি #২ 
২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের গ্রামের বর্ষা, ঘন হয়ে ঘিরছে না এবারের ছাদ 
ছাড়া ছাড়া - দূরে দূরে থাকে 
ঠিক ঠিক ছন্দে ছন্দ মিলছে না তারও 
'আরও কাছে থাকো' আকুল আকাঙ্ক্ষার স্বর 
'আরও কাছে থাকো' —
মেঘ হালকা হয়ে , মুখ ফিরিয়ে,  তিস্তামুখী হয় 
আমি বলি, অভিমানের জয় !
তোমার অভিমানের ক্ষয় হয় যে কষ্টিপাথরে , 
সেও কালো —
বুকে তারও জমাট বিদ্যুৎ রেখা—
অসম্ভব ঝড় —
পাগল বৃষ্টি —
হাজারখানা মেঘ জমালে কষ্টিপাথর হয় !
ওকে ভেঙোনা, কিছু পাবেনা ; শুধু আঘাত হবে 
ওকে রাখো তোমার শুকনো ঠোঁটের পাপড়িতে 
বর্ষাটা আসতে দাও , গ্রামে —
তোমার অষ্ফুট উচ্চারণে —
আমার অষ্ফুট উচ্চারণে —
ভোরবেলাকার ডাকে 
সেই ডাকনামে 
বর্ষাটা আসতে দাও...


আমাদের আদরের  মাটি #৩  
২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার জলের ডুব, আদরের চাবিকাঠি শরীরে গড়াই 
পাহাড়ি স্যাকরার গুণ ! জঙ্গলের ধুন —
লাল মেঝের বুকে মাথা তুলছে, সর্বস্ব লুট হয়ে যাওয়া ধানের মরাই 
নাগপাশ থেকে মুক্ত হতে চাই না, আমরা কেউ কেউ 
...
আমি কি জানি, সে কি চায় ?
কোন ঘাটে বাঁধা পড়ে কচুরিপানা ?
কোন জলে ঢেউ পায়! 
----
আমি কারও চাওয়া পাওয়ার খবর রাখি না ( আর )
বছর দশেক আগে, চোখের আঙিনা জুড়ে রোদ্দুরের স্নান —
—আমি সোনা নিয়ে ভাবিনি 
—আমি চাবি নিয়ে ভাবিনি 
— আমি শরীর নিয়ে ভাবিনি তো 
আমি কৃষ্ণ কোলে নিয়ে গান গাইতাম 
----
সেই একজন - যে ছিল আমার স্বপনচারিণী,
তারপর, যাকে বুঝিতে পারিনি ;  
— চাবির কথা খুব বলতো !
আমি তাকে জীবনদেবতা ভেবে পাথরে ঠোক্কর খাই 
পরতে পরতে রক্তস্রোত নেমে আসে চামড়ার নীচে
চোখের কোণায় রক্তবিন্দু 
----
অধরে বসন্ত ধরি, উরুতে শ্রাবণ 
ভেঙে ভেঙে শরীরের ঘাট 
রাজ্যপাটে স্বর্ণময়ী সুখ 
একখানি মুখ, তবু, জেগে থাকে 
চাবির খবর চায় —
ওকে বলে দিও, তার আশীর্বাদে মহাধনী আমি আজ 
আমাকে পেলো না সে তো !
অন্য কেউ, যেন নিশ্চিত তাকে পায়

🍂

Post a Comment

0 Comments