জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /স্বাতী ভৌমিক

গুচ্ছ কবিতা 
স্বাতী ভৌমিক 
                      
 চেতনা 

        জড়ত্বের নির্বাপণে
 বিলুপ্তপ্রায় চেতনার বিস্তৃত পরিসর।
     জড়ের আবরণে প্রকৃত প্রাণ—
 ঠিক যেন ছাইচাপা আগুন।
   চেতনার যে রঙ-বেরঙ ক্যানভাসে,
আঁকে অকল্পনীয় প্রচ্ছদ...
       কে রাখে তার খবর!
 চেতনা, কখনো বিবেকের আড়ালে,
 কখনো বা নিজেকে আবিষ্কারের 
  সুতীব্র উচ্ছ্বাসে পাঠায় সংকেত।
          সুখ, সে তো মরীচিকা...
 শান্তি হলেও হতে পারে মরূদ্যান—
                       জীবন মরুপথে।।


                            
 অন্তর্দহন 

 সময়ের নিঃশব্দ পদসঞ্চালন —
       জীবনের ধূম্রপথে,
    অবারিত বাষ্পমোচন।
 নিঃশ্চুপে ঝরে পড়া দিনের হিসেব—
 মনের জানালায় উঁকি দিয়ে যায়।
         কোন ঘ্রাণ নেই —
 তবু ভারী অসহ্য তার দহন...
 শ্রান্ত জীবনের ক্লান্ত দিনযাপন।।


                      
তপ্তবেলা

 কী তীব্র তপ্তবায়ু! 
 আকাশের থেকে যেন ঝরে পড়ছে,
     ক্রুদ্ধভাবের অগ্নিরছিটা।
 ক্লান্ত পাখি গাছের পাতার ছায়ে,
 খুঁজে ফেরে হারানো ভাতঘুম।
 সবুজ পাতায় পাতায়—
 একফোঁটা জীবনের জন্য,
             করুণ নীরব আর্তি।
 মরমে মরমে বাদলের দিনগোনা,
        আর দুয়ারে—
      গ্রীষ্মের তপ্তবেলা।

🍂

Post a Comment

0 Comments