জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /অমর সাহা

গুচ্ছ কবিতা 
অমর সাহা

মৃত্যু

আমরা হেঁটেছি কত বাংলার পথ ঘাটে
আমরা অপমানিত হয়েছি কতবার
উচ্চশিক্ষিত সুশিক্ষিত নয় মানুষের হাতে ৷
আমরা কত মৃত্যুমুখে যমরাজের কাছে গিয়েছি
তবুও তিনি কেড়ে নেননি প্রাণ
বারবার ঘুরে এসেছি যমের হাত হতে ৷
আমরা মরণশীল বলেই নির্দিষ্ট নিয়ম মেনে চলি
মৃত্যু কখন কেড়ে নেবে প্রাণ
কড়িকাঠের দিকে তাকাই বারবার মায়া ছাড়া প্রাণ নেই ৷
মমতা ছাড়া জীবন নেই 
আলো ছাড়া আঁধার কোথায় ?
মান যশ সবই লুটায় মাটি
তবুও কেন অহংবোধ ?


তুমি

তোমার চৌকাঠে আজও অশ্রুজল ভেজা
কখনও কী ভেবেছো আমার কথা
তোমার পরিবারে সকলের মতামতকে নস্য করে
 প্রতিষ্ঠা করেছো তোমার মতামত
কিন্তু তোমার ভবিষ্যৎ জীবনের রেখায়
তুমি কুড়ুলে কোপ মেরে আজ একা ৷
যার প্রতি তোমার এত প্রেম
সত্যিই তিনি প্রেমিকের আসনে বসেছিলেন ?
তিনি আজ পরলোকগত—তোমার জীবন বিষবৎ ৷
তোমার অতীত আর আমার অতীত
ভেঙে চুরে খানখান হয়ে গেছে ;
হাইওয়ের মত লম্বা রেখায় ছুটন্ত আজ বিকেলে
শেষ বেলায় রোদ পড়ন্ত ৷
তোমার কান্নার সুর শুনি আজও 
যেন মরা গোলাপের পাপড়িসম
সেই কান্না ভেসে যায় দূর থেকে দূরে
ঠিক যেন সানাই বাজে কান্নার সুরে ৷


 হিংসে

মানুষের মুখশ্রী দেখে অনেকাংশে চেনা যায়
চোখ দেখে যেমন প্রেমের হাতছানি বোঝা যায়
তেমনি মুখ মানুষের আয়না ৷
ইরান আমেরিকার যুদ্ধ সেই অর্থের টানাটানি
ক্ষমতার দম্ভ ও অহংকার জীবনের প্রতীক
রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়ার প্রাণ যাবে
এ চিরকালীন ধ্রুব সত্য ৷
পথের ধূলায় যে সব মান ধূলুণ্ঠিত
সেখানে ফুটে না কখনও সুগন্ধী পঙ্কজ ৷
যেখানে ফুটেছে গোলাপ ফুল লাল
সেই তো জীবনের প্রতীক তুলে যান ৷

🍂

Post a Comment

0 Comments