তাপস কুমার দত্ত
অভিমানী
ওদের সাথে কথা বলা হয়নি অনেক দিন
ওরা দাঁড়িয়ে আছে দিন রাত
আদরও করা হয়নি, জলও দেওয়া হয়নি
সে বলেছিল বারবার ওরাও তো– থামিয়ে দিয়েছিলাম
বিকেলের পড়ন্ত রোদে –
ওর ছায়ায় দাঁড়ালাম!
পাতাগুলো বড্ড সবুজ, ওর শরীরে সস্নেহে হাত বোলাতেই
টকটকে সবুজ জামরুল
খসে পড়লো হাতে।
বসে পড়লাম, চোখের কোণে জমাট বেঁধেছে মেঘ
গুমরে গুমরে –
চোখ থেকে ঝরে পড়ছে অবহেলার অশ্রু!
মন্দিরে ঘণ্টার শব্দে চোখ মেলে তাকালাম,
আজ চাঁদ উঠেছে তেজ পাতার গাছে
জড়িয়ে আছে মাধবী লতার রংবেরঙের ফুল
টলমল পায়ে এগিয়ে গেলাম
ওদের সু –গন্ধ সুবাসে বড্ড অভিমানের সুর
জড়িয়ে রইলাম...
চেতনার জন্ম
রাত যত গভীর হয় নিস্তব্ধতার আলপথ বেয়ে
কোলাহল উচ্চারিত হয়
সূর্যোদয়ের স্পর্শে
প্রতিটি দিন নতুন সত্ত্বার জন্ম হয়
মিথ্যের মিথ বিলীন হয়ে যায় সময়ের ওঠা পড়ায়
স্বপ্ন জোড়া লাগে হারিয়ে যায়,
এক দল মুষ্টিব বদ্ধ হাত
বাঁধ গড়ে।
ভালো লাগার, ভালো বাসার–
উষার আগমনের নেশায়।
জনপদ জন্ম নেয়
শ্বাস ফেলে বিশ্বাসের, উচ্চারিত হয় বন্দোমাতরম
স্বদেশের গড়ার হৃদয়ের স্পর্শে
মানব বন্ধনের বৃত্ত সু সম্পূর্ণ ’ওম’ শব্দের
উৎসারিত প্রাঙ্গণে।
আজ যারা এই তোমাদের গড়া বাঁধ ভাঙতে উদ্যত
তোমার, তোমাদের বিশ্বাস, তোমাদের বন্দেমাতরম
আজ যারা আঘাতের পর আঘাত, স্নেহকে পদদলিত
করেছে বারংবার।
আমি পারিনি, কিন্তু –
তোমরা আর কত দিন?
হারিয়ে যাওয়া
তুমি অনেক দিন হলো চলে গেছ
খুব অসহায় হলে শুধু তোমার ছবি
বের করে দেখি
তোমার বাঁধানো ছবি এখনো আলমারিতে
দেওয়ালে আটকাতে পারিনি
মন খারাপ -এর ভয়ে
প্রতিটি রাত এখন ধূসর ধোঁয়াশায় মোড়া
তোমার সান্ত্বনার হাত খুঁজে বেড়ায়
একা অন্ধকার ঘরে, তোমার অবয়ব খুঁজে বেড়াই
হয়তো সবাই ভুলে গেছে আমি পারিনি
বিকেলের খেলার মাঠে
তোমাকে কোনোদিন পাইনি
তুমি সবার খাবার জোগাড়ে দূরান্তের পথে
রাত নামলে ক্লান্ত হয়ে ফিরতে
তখন সবাই ঘুমিয়ে,
মা জেগে থাকতো ভাত বেড়ে
বিছানায় এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে
কবে কবে সময় পেরিয়ে গেছে
তোমার মুখ এখনো বুকের মধ্যে ঘুরে বেড়ায়
নিঃশব্দে।
যন্ত্রণায় তোমার সান্ত্বনার ছায়া খোঁজে
ফেলে আসা স্নেহের আঁতুড় এখনো হাতড়ে বেড়াই
চিতার উঠে যাওয়া ধুঁয়োয়,
তোমার চলে যাওয়া দেখে ছিলাম
সবাই কেঁদে ছিলো, আমি নির্বাক হয়ে তাকিয়ে ছিলাম
ওই কুণ্ডলী পাকানো ধুঁয়োর দিকে!
পিতা সেদিন পারিনি আমি, কিন্তু–
প্রতিদিন একা অন্ধকার ঘরে
গুমরে গুমরে কাঁদতে থাকি
শুধু একা...
0 Comments