জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /মৌমিতা চ্যাটার্জি

গুচ্ছ কবিতা 
মৌমিতা চ্যাটার্জি 

সময়

ফিরতে চাইলেই কি ফেরা যায়?
আয়ু জুড়ে শুধু চাহিদার কলরব।
জীবন তো এক সুনিপুণ অভিনয়,
আমরা এক এক সুদক্ষ কুশীলব।

কোন সে দহন পোড়ায় পাঁজর স্তূপ,
কি বোঝে তার হাজার দূরের বাসী।
অযুত ভিড়েও একলা মানুষ চলে,
সাঁকো ভাঙে তবু ঠোঁটে থাকে মৃদু হাসি।

কালকের আঁকা তুলি রঙা জলছবি,
হিসেবের ভুলে, রঙের পরাজয়।
সময় নেভে, দুরাশার দাবদাহে,
স্বেচ্ছায়‌ও কখন‌ও নির্বাসনে যেতে হয়।


দর্পণ

ঘর ছেড়ে কবে থেকে বসে আছে ক্লান্ত, মুমূর্ষু কিছু অবয়ব।
ঘামে জমেছে ধুলোর আস্তরণ।
অসাড় চোখ দেখে মরীচিকার হাতছানি,
তারপর‌ও খুঁজে চলে ভবিষ্যতের অনিশ্চিত জীবন।
সময়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লোভী শকুনের দল।
অবহেলায় লুটায় কলমের ধার, জ্ঞানের আধার।
যোগ্যতমের উদবর্তন এর ধারা বদলেছে অযোগ্যের বিত্ত প্রাচুর্যের রক্তচক্ষুর আস্ফালনে।
মৃত বিবেকের শবদাহ হয় লালসার আগুনে।
হয়ত সব‌ই থেমে একদিন নিভবে চিতা।
ভুলে যাবে পৃথিবী পীড়িতের প্রতিবাদ।
শুধু প্রতারকের কলঙ্ক মেখে শত শতাব্দী পরেও মিথ্যে প্রতিশ্রুতির চিরন্তন সাক্ষী থাকবে চোখ ভেজা সূর্য, মহাজাগতিক চাঁদ।


শেষের পথে এক এক পদক্ষেপ

গভীরে জমানো কিছু উদ্বেগী বায়ু, কথা নামায় প্রতিদিন আয়ুক্ষয়ের।
একটা একটা ধূসর বিকেলের ফিকে রোদ, ঠিকানা দেয় ফিরতি পথের।
আসন্ন আগামীর সড়কেই থাকবে, দেনা-পাওনার যত হিসেব নিকেশ,
লেলিহান লালের তীব্র দহনেই লিখিত-অলিখিত সব চুক্তির শেষ।

🍂

Post a Comment

0 Comments