শর্মিষ্ঠা বসু তরফদার
ঘরে ফেরার গান
মাঝ সমুদ্রে জল শান্ত হয়ে যায়,
নোনা বাতাসে দোলা দেয় বিষাদ।
নিশ্চুপ নিস্তরঙ্গ পারাবারে—
ঘরছাড়া নাবিক গুনতে থাকে সময়।
বাতিঘরের আলোতে যে হাতছানি—
তা যেন মানুষকে আরও নিঃস্ব করে দেয়।
নোনা জলের প্রতিবিম্বে,
জীবনের ক্ষতগুলো স্পষ্ট থেকে স্পষ্টতর হয়।
চুপিসারে জলের দেশে তখন শুধু ,
মাটিতে ফেরার গান- ঘরে ফেরার গান।।
প্রতিশ্রুতি
চারিদিকে কতো প্রতিশ্রুতি, ছড়িয়ে ছিটিয়ে -শিশিরের মতো ঘাসের বুকে,
যারা প্রতিশ্রুতি দেয়,
তারা পূরণের দায়িত্ব রাখে না-
নিজেদের কাছে।
কিন্তু আমি বিশ্বাস করি, একদিন, ঠিক একদিন, সেগুলো হবেই।
তাই আমি কুড়িয়ে রাখি তাদের,
আমার গোপন তোরঙ্গে ।
শীত গ্রীষ্ম বর্ষায় আগলে রেখে দিই,
আমার নীরব অপ্রাপ্তির যন্ত্রণায় মুড়ে।
প্রতিশ্রুতি পূরণ না হোক,
আমার বিশ্বাসটা যেন না ভাঙ্গে।
বিশ্বাস ভাঙলে, বেঁচে থাকাটা মিথ্যে হয়ে যায়।।
মেঘ বালিকার কথা
গ্রীষ্মের দিন তপ্তবেলা
মেঘের খোঁজে দহন জ্বালা,
কাল বোশেখী সঙ্গে করে'
মেঘবালিকায় আনলো ধরে।
মেঘের পরত বাড়ায় শোক,
ভরলো জলে দীঘল চোখ।
মেঘবালিকার কান্না ঝরে
অকাল বৃষ্টি মাটির পরে।
ছাতার নিচে ধরলে হাত,
লাজুক চোখে ঘনায় রাত।
জলের বুকে আদর মাখা,
মেঘের ঘর হঠাৎ ফাঁকা।
রামধনু রং বৃষ্টি শেষে,
মেঘ বালিকা উঠলো হেসে।।
0 Comments