জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /রাখহরি পাল

গুচ্ছ কবিতা 
রাখহরি পাল

অভিমান

যে পথ পেরিয়ে উপকূলে এসে নামি
চোখের সামনে নকশা ছিল না তার
পা বাড়ালেই, —পথ রেখে দেয় ধুলি
জলরেখাগুলি জলহাঁস অনুসার।

চোখের সাগরে সাঁতার কেটেছে ঢেউ
কাঁটা গোলাপে রক্ত চোয়ানো সুর
মথিত হৃদয় কিছু ভুল তোতলামি
কুড়োতে কুড়োতে বুড়ো হয় রোদ্দুর।

ছুটন্ত ট্রেনের রেলিং এর ফাঁকে উঁকি
মরু বিলাসের ছায়া ছায়া সংগ্রাম
ক্ষণিকের ছোঁয়া অস্থায়ী পটভূমি
উদ্বায়ী মুছে পড়ে থাকে পরিণাম।

সাদা চোখে কী দাঁড়ায় এর মানে?
বলে যাবো বলে কাগজে লিখেছি নাম
আলো আঁধারের মিশ্র কোলাজ আঁকা
এলোমেলো যত বিমূর্ত অভিমান।


অঘটন


যেসব ছবি রঙ দিয়ে যায় ভগ্ন দুয়ার ঝড়ের রাতে
রুক্ষ মরু বাড়ায় যেমন সবুজ খেজুর আর্দ্র হাতে।

যেমন দিলে আলোর ছটা তুহিন মেরুর শুভ্র কেশে
নদীর সাথে ঢেউ মেলালে গলির মোড়ে আলতো হেসে।

দিক হারানো পাগলামি'তে আগুন লাগে পলাশ বনে
লজ্জা ঢেকে দক্ষ আঙুল বর্ণ সাজায় আপন মনে। 

এসব ছবি হর-হামেশাই মাঠে ঘাটে চলতি পথে
কার যে কোথায় ফাটল চুঁয়ে বদ্ধ তরল চলকে ওঠে?? 

কেউ কী জানে আগাম খবর বৃষ্টি কখন চাঁদ ভেজাবে?
অথবা ঠিক যা ভাবছ পথ কি ফুরায় সেই সেভাবে?? 

হিসেব নিকেশ জীবন তো নয় স্প্রিং জাড্যে সময় খেলে?
তীর ছুঁয়ে যায় অনেক ঘাটের জল ছুঁয়েছে তৃষ্ণা পেলে ।



অনর্থ

কার কথাতে জীবন ছিনিমিনি
হাততালি দেয় মৃত্যু কারবারি 
কার কথাতে স্বজন হারা নীড়
হৃদয় পোড়ায় কানাড়া দরবারী।

হাতের মুঠোয় বালির অহংকার 
জিরাফ গ্রীবায় সবাই দেখি নীচু
ঊর্ধ্বপানে দেখতে যদি আকাশ
ভুল ভাঙত, আমরা নেহাৎ শিশু।

অর্থহীনের অনর্থটাই আসল
যেমন ভাবে তেমনি বসে ডালে
দৃষ্টি পেতে গাছ ধরে কেউ নাড়ায়
কেউ তুলে নেয় সুরটি মধুর তালে।

এসব কথায় আকাশ ধ্রুবতারা
তাকিয়ে থাকে নির্মোহ প্রজ্ঞায়
হয়তো তারো ধন্দ থাকে মনে
নীরব বাণী নীল তারাটির গায়।

🍂

Post a Comment

0 Comments