পরিচালক- ডেভিড আয়ার
অভিনেতার নাম- ব্র্যাড পিট, উবার (একটি সারমেয়)
পরিচালক ডেভিড আয়ার এবং সুপারস্টার ব্র্যাড পিটের সিনেমা হার্ট অফ দ্য বিস্ট। এই জুটির একসাথে এটি দ্বিতীয় সিনেমা। তাঁরা এর আগে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত বিশ্বযুদ্ধভিত্তিক সিনেমা 'ফিউরি' তে একসঙ্গে কাজ করেছিলেন।
সিনেমার মূল চরিত্র জেমস বেলমন্টে্র ভূমিকায় অভিনয় করেছেন ব্র্যাড পিট। জেমস একজন অবসরপ্রাপ্ত স্পেশাল ফোর্সেস ভেটেরান। পরিবার বলতে তাঁর একমাত্র সঙ্গী তাঁর মতোই যুদ্ধাহত একটি সারমেয়, নাম ওডিন। ওডিনের চরিত্রে অভিনয় করছে উবার নামের ছয় বছর বয়সী একটি জার্মান শেফার্ড। যুদ্ধের ভয়াবহ স্মৃতি তাড়া করে বেড়ায় দুজনকে। পিটিএসডি-র শিকার জেমস অবসর জীবন স্বাচ্ছন্দ্যে কাটানোর বদলে বেছে নেয় অবিশ্বাস্য এক জীবন যা নিঃসন্দেহে রোমাঞ্চকর এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মানসিক শান্তির জন্য আলাস্কার এক নির্জন প্রত্যন্ত অঞ্চলে আশ্রয় নেন জেমস এবং সঙ্গে তাঁরই মতো মানসিকভাবে বিপর্যস্ত তাঁর সেই যুদ্ধ-কুকুর বা কমব্যট স্কাউট ডগ ওডিন।
এই সিনেমা শুধুই কেনো অস্তিত্ব রক্ষার রোমাঞ্চকর গল্প নয়, এই সিনেমা একজন সৈনিক এবং তার প্রাণাধিক প্রিয়, সহযোদ্ধা একটি কুকুরের মধ্যকার এক অকৃত্রিম ও গভীর সম্পর্কের গল্প। পরিচালক ডেভিড আয়ার শারীরিক লড়াইয়ের পাশাপাশি মানসিক লড়াইকেও পর্দায় নিপুণ ভাবে তুলে ধরেছেন।
অবসর গ্রহণের পর যুদ্ধ বিধ্বস্ত সেই সৈনিক ও তাঁর সহযোদ্ধা সারমেয়টি পৃথিবীর যাবতীয় সুখ খুঁজে পেতে আশ্রয় নেয় প্রকৃতির কাছে। পরিব্রাজক সেই জীবন বিপদ সংকুল। কিন্তু জীবনকে অন্যভাবে চেনার অদম্য স্পৃহা তাঁদের দমাতে পারেনা কোনোমতেই। সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে একের পর এক প্রতিকুলতা জয় করে জীবনের রোমাঞ্চকে তাঁরা আকণ্ঠ পান করে চলে।
জেমস হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে হঠাৎ তাঁর সমুদ্র-বিমান বা সি-প্লেন আলাস্কার এক দুর্গম এলাকায় ভেঙে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় জেমস ও ওডিন মারাত্মকভাবে আহত হয়। শুরু হয় জীবন বাঁচানোর এক ভয়াবহ ও কঠিন লড়াই। কোনো আধুনিক সুবিধা ছাড়াই প্রখর শীত, হিংস্র ভাল্লুক, দল বেঁধে আসা নেকড়ে, দুর্গম পাহাড়ি পথ, গভীর জঙ্গল, দীর্ঘ জলাভূমি, প্রতিকূল আবহাওয়া সমস্তকিছুর সাথে লড়াই করে তাঁদের এগিয়ে যেতে হবে কোনো এক নিরাপদ আশ্রয়ে। সাথে থাকা মানচিত্রে পথমান ও দিকনির্দেশনা পায় জেমস্। পাড়ি দিতে হবে প্রায় ৫৮ মাইল। তবেই পৌঁছানো যাবে কোনো জনজীবনের সান্নিধ্যে। এই সম্পূর্ণ যাত্রায় জেমস ও ওডিনকে কেবল তাদের সামরিক প্রশিক্ষণ ও পূর্ব অভিজ্ঞতার ওপর ভরসা করতে হয়। আর এই দীর্ঘ যাত্রাপথে তাদের একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও বিশ্বাসের যে ছবি ফুটে ওঠে, সেটাই এই গল্পের মূল উপজীব্য বিষয়।
জেমস্ ও ওডিন ছাড়া আর মাত্র দুটি চরিত্রের সামান্য উপস্থিতি রয়েছে এই সিনেমায়। ক্যামিও চরিত্রে জে. কে. সিমন্স অল্প সময়ের জন্য হলেও ভালো প্রভাব ফেলেছেন। মূলত একা কাঁধে টেনে নিয়ে গেছেন ব্র্যাড পিট এবং ওডিনের ভূমিকায় অভিনয় করা কুকুর 'উবার'। অবসরপ্রাপ্ত সৈনিকের ভূমিকায় পিটের অভিনয় ছিল অসাধারণ। সংলাপের ব্যবহার বিপুলভাবে প্রয়োজন হয়নি। অনবদ্য ভাবে ব্র্যাড পিট তাঁর নীরবতা এবং চোখের ভাষা দিয়ে জেমসের ভেতরের কষ্ট ও ক্লান্তি ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে, উবার নামক কুকুরটির জীবন্ত চোখের ভাষা, অভিব্যক্তি এবং স্ক্রিন প্রেজেন্স আপনাকে মুগ্ধ করবেই। তাদের মধ্যকার কেমিস্ট্রি হৃদয় ছুঁয়ে যাবে। কোনো সংলাপ ছাড়াই তাদের ভালোবাসা ও পারস্পরিক নির্ভরতা দর্শকদের আবেগপ্রবণ করে তুলবে।
সিনেমাটোগ্রাফার মাউরো ফিওরের ক্যামেরার কাজ দুর্দান্ত। নিউ জিল্যান্ডের মনোরম এবং একইসঙ্গে বিপজ্জনক লোকেশনগুলোকে যেভাবে আলাস্কার রুক্ষ ও নির্দয় প্রকৃতি হিসেবে দেখিয়েছেন , তা প্রশংসার দাবি রাখে। বরফে ঢাকা পাহাড়, গভীর অরণ্য এবং উত্তাল নদীর দৃশ্যগুলো একদিকে যেমন সুন্দর, অন্যদিকে তেমনই ভীতি উদ্রেক করে। জ্যারেড মাইকেল ফ্রাইয়ের আবহ সঙ্গীত সিনেমার দৃশ্যগুলোর তীব্রতা এবং আবেগ সঠিক রূপে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে।
সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো এর আবেগীয় গভীরতা। বিষাদও এখানে রূপকথার মতো ধরা দেয়। অবধারিত বিচ্ছেদ কবিতার মতো মনে বাজে। শেষ হযওয়ার পরেও তার রেশ থেকে যায় মনে।
‘হার্ট অব দ্য বিস্ট’ দীর্ঘ দিন মনে থেকে যাওয়ার মতো একটি হৃদয় স্পর্শী সিনেমা। ব্র্যাড পিটের পরিণত অভিনয় এবং ওডিনের তাঁর প্রতি নিঃশর্ত আনুগত্য চোখে জল এনে দিতে বাধ্য। সারভাইভাল থ্রিলার যারা পছন্দ করেন, প্রকৃতির বিরুদ্ধে মানুষের টিকে থাকার লড়াই যাদের হৃদয়ে কড়া নাড়ে, পশুর প্রতি যাদের অপার ভালোবাসা, প্রকৃতি, জঙ্গল, পাহাড়, বিপদসসংকুল জীবন যাদের মনে রোমাঞ্চ আনে, এই সিনেমা তাঁদের ভালো লাগবেই।
2 Comments
খুব সুন্দর পর্যালোচনা l সিনেমাটি দেখতে আগ্রহী হলাম l
ReplyDeleteঅনেক ধন্যবাদ । অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে।
Delete