তুলি মুখার্জি চক্রবর্তী
স্বপ্ন.... শব্দের মধ্যেই লুকিয়ে আছে রহস্যময় স্বপ্নীল আবেশ। আচ্ছা স্বপ্ন কি?? কেন?? সবাই কি স্বপ্ন দ্যাখেন?? জানি না তবে আমি স্বপ্ন দেখি। স্বপ্নে আমার অতীত আমার মেয়েবেলা ফিরে ফিরে আসে কিন্তু বর্তমানকে জড়িয়ে মুড়িয়ে। ঘুম ভাঙতেই চিন্তা করে মিলাতে পারি না কিছু। আবার অনেক সময় ঘুম ভাঙার পর ভুলেও যাই।
স্বপ্ন নিয়ে অনেক গবেষণা আলোচনা চলেছে, চলবেও। ঘুম কি এটা নিয়ে যেমন গবেষণা চলছে, স্বপ্নের ব্যাখ্যা নিয়েও।
অনেকে শুনেছি স্বপ্ন শুনে ভবিষ্যৎবাণী করতে পারেন। দুর্বল মনের মানুষদের মনে ভয়ের বিশ্বাস গুঁজে দেওয়া সহজ। অসাধু মানুষ সেটাই করেন।
বিজ্ঞানীদের মতে ঘুমের সময়ে মস্তিষ্কের অবচেতন মনের কার্যকলাপে তৈরি হয় স্বপ্ন, এটি আমাদের স্মৃতি সংরক্ষণ, আবেগ নিয়ন্ত্রণ এবং মানসিক চাপ দূর করার একটি স্বাভাবিক প্রক্রিয়া। ঘুমের সময় মস্তিষ্কের কিছু স্নায়ুকোষ কাজ করতে থাকে, মস্তিষ্ক সেই এলোমেলো সংকেতগুলোকে অর্থপূর্ণ বা অবাস্তব গল্পের মতো সাজিয়ে নেয়।
দৈনন্দিন জীবনের নানা অভিজ্ঞতা ও অবদমিত ইচ্ছাই স্বপ্নের মাধ্যমে নানা রূপকের আকারে ফুটে ওঠে।
এতো গেল বৈজ্ঞানিক ব্যাখ্যা।
এবার আসি গানে।
কালজয়ী কবি ও সুরকার শ্রদ্ধেয় রজনীকান্ত সেনের কালজয়ী লেখা গান,
"আমি স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি,
রেখেছি স্বপনে ঢাকিয়া।
স্বপনে তাহারি মুখানি নিরখি,
স্বপন কুহেলী মাখিয়া।"
প্রখ্যাত গীতিকার জলধর চট্টোপাধ্যায়ের লেখা কালজয়ী গান,
"স্বপন যদি মধুর এমন
হোক সে মিছে কল্পনা,
জাগিও না আমায়,জাগিও না"
আবার গৌরীপ্রসন্ন মজুমদার লিখেছেন,
"আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর তেরো নদীর পারে
ময়ুরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে,
সাত সাগরের পারে।"
গানের কথাগুলো প্রেমের রসে চুবানো, চাপহীন মস্তিষ্ক প্রসূত, শুধু ভেসে যাওয়া পাল তুলে দিয়ে।
এবার আসি কবিতায়। এখানে স্বপ্ন জাগরণের বাস্তব মনে হয়। তার কিছু বুঝি অথবা বুঝিনা।
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিখ্যাত সৃষ্টি 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় স্বপ্ন কে অন্যভাবে বপন করেছেন। এই কবিতায় স্বপ্ন হলো জড়তা, সংকীর্ণতা ও আত্মকেন্দ্রিকতার প্রতীক। এর মাধ্যমে ঘুমন্ত, স্থবির ও আবদ্ধ চেতনা ভেঙে সৃষ্টি ও মানবতার পথে বেরিয়ে পড়ার এক প্রবল জাগরণ ও উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে।
কবি ল্যাংস্টন হিউজ বলেছেন, স্বপ্ন মরে গেলে জীবন হয়ে যায় ডানাভাঙা পাখির মতো।যা আর উড়তে পারে না।
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ তাঁর 'স্বপ্নের হাতে' কবিতায় বাস্তবতার বেদনা থেকে মুক্তি পেতে স্বপ্নের জগতে আশ্রয় খোঁজার আকুলতা প্রকাশ করেছেন।
Dreams Within A Dream বিখ্যাত এই ইংরেজি কবিতাটিতে কবি এডগার অ্যালান পো, জীবনের বাস্তবতা এবং স্বপ্নের মধ্যকার পার্থক্য নিয়ে এক দার্শনিক প্রশ্ন তুলেছেন।
He Wishes for the Clothes of Heaven, রোমান্টিক ধারার এই বিখ্যাত কবিতায় কবি W. B. Yeats তাঁর সমস্ত স্বপ্ন প্রেমিকার পায়ের নিচে বিছিয়ে দেবার আকুতি জানিয়েছেন।
"আমার যদি থাকত স্বর্গের নকশিকাঁথা,
সোনা রূপোর আলোয় বোনা,
আমি আমার স্বপ্নগুলো তোমার
পায়ের নিচে বিছিয়ে দিতাম"
এক 'স্বপ্ন' বহুমাত্রিক রূপে ধরা দেয় বিভিন্ন চিন্তার মানুষের কাছে। তাই স্বপ্ন বেঁচে থাক। স্বপ্নের সিঁড়ি বেয়ে স্বর্গ দর্শন হোক।
জটিল স্বপ্নের কাঁটা ছেঁড়া নাহয় থাক। ঘুমিয়ে স্বপ্ন এবং জেগে স্বপ্ন দুইই ধনাত্মক বার্তা নিয়ে আসুক।
0 Comments