জ্বলদর্চি

হলুদ লাল অথবা কালো/তাপস মাইতি


হলুদ লাল অথবা কালো

তাপস মাইতি 

স্বপ্ন আমি দেখিনা । কেউ দেখায় । সারাদিন মনের মধ্যে যে সব আঁকিবুঁকি কাটি - যে সব ভাবনা আমাকে ভাবায় যে সবই ফিরে আসে ভাবনায় । বলা ভালো তারই বিনির্মাণ  হয় একটু রঙ চড়িয়ে । স্বপ্নের রঙ নীল । হলুদ লাল অথবা কালো হয় কোন কোন ঘুমে । হলুদ স্বপ্নে আমার যে পাথর বসানো আংটিটা হারিয়ে গেছে সেই আংটিটা ফিরে পাই । সেই আংটি ঘিরে আমি স্বপ্ন আঁকি। জীবনের পরতে পরতে সাজিয়ে তুলি আমার স্বপ্নঘর । সে ঘরে একটা প্রজাপতি ওড়ে । হলুদ জবার ওপর বসে অথবা সেই লতানো হলুদ গোলাপের ডালে বসে মজলিস জমায় । তাকে ধরতে পারিনা । কেবল উড়ে উড়ে পালায় । মাঝে মাঝে আমার অনেক কাছে আসে । হাত বাড়াই কিন্তু ধরতে পারিনা । যৌবন থেকে তার পেছনে ছুটছি আর ছুটছি । কিন্তু সে ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় । আসলে নিশ্চিত হতে আমি ভয় পাই । গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে ভীষণ ভয় পাই । নিত্য ঘটে চলা একটা সময় আমাকে ভীষণ ভাবনায় রাখে ।

লাল স্বপ্নে আমার ঘর ভেঙে যায় । লাঠির আঘাতে ঝনঝন করে চালের টালি ভাঙে । আসবাব ভাঙে । এমনকি শরীরের হাড়ও ভাঙে । তাকে জোড়া দিতে গিয়ে বহু চেষ্টা করেও জোড়া লাগেনা । কপালের বাম দিকে যে আঘাতের চিহ্ন বয়ে বেড়াই তার কোন উপসম নেই । কেবল হাহাকার আছে ।
ঘর ছেড়ে যাযাবর হওয়া আছে । সেখানে কোন স্বপ্ন  নেই । কেবল দুঃস্বপ্নের ছায়া আছে । মায়ের মমতায় কেবল প্রাণ বাঁচে ।  সঙ্গিনীর সান্নিধ্যে কেবল আস্তানা পাল্টাতে পাল্টাতে  মুখ বন্ধ রাখাই জীবন । তার বাইরে বেরিয়ে গেলেই বিস্তর বাধা । সে বাধা পেরিয়ে স্বপ্নের ইমারত গড়ার সাধ্য আমার  নেই ।
রক্ত তাই হিম হয়ে আসে । হিমাঙ্কের নীচে নেমে যায় । উত্তেজনায় ছটপট করি । ধরতে পারিনা কোন কিছু ।  মুখে বলি সাথে আছি । সাথে কী আছি । জানিনা । উজবুক পাখির ডানায় শূন্যে ভেসে থাকা । গাছের কোটরে কান পেতে থাকা ।

কালো স্বপ্নে যেখানে তাকাই কেবল অন্ধকার ।সেই অন্ধকারে যেখানেই চোখ বুজে তাকাই  এক একটা মুখের ছবি দেখি । সে মুখের অস্তিত্ব আছে কিনা জানা নেই । 
অথচ রেখায় রেখায় এক একটা মুখ ভেসে ওঠে । বলা ভালো আঁকা হয়ে যায় । পরক্ষণেই আবার একটা স্বপ্ন ভেসে ওঠে । আগেরটা হারিয়ে যায় । জীবন জুড়ে কোন নির্দিষ্ট ছবির কাছে দাঁড়ানো হোলনা । ফলে কোন ছবিকে আফন স্বপ্নের প্রতিমা গড়তে পারিনা । একএকবার মনে হয় আমি নেই । কোথাও নেই । শূন্যের ওপরে আরো ওপরে ভেসে আছি । কেউ আমাকে দেখতে পাচ্ছেনা । এমন ভাবে কত সময় যে ভেসে থাকি।
কালো রেখাগুলো মাঝে মাঝে গ্রাস করে স্বপ্নের গিরিপথ ধরে এগিয়ে যাই । সেখানে কোন সিঁড়ি নেই । কেবল খাড়াই । অথচ শাল গাছগুলো কেমন সেই খাড়াইয়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে গেছে ।
অন্ধকারের ধারাপাতে কোন নামতা না পড়াই ভালো ।

🍂

Post a Comment

0 Comments