শান্তা কর রায়
যতটা এগিয়েছো পিছিয়ে যাও
পর্দার ওপারে রাত
বলতে ইচ্ছে করছিল, ঘুমিয়ে পড়ো।
জানতে ইচ্ছে করছিল,
কাঁধের ব্যথাটা কি বাড়ল?
চোখ ঝাপসা হয়ে আসছিল।
তোমাকে ‘না’ বলতে এত কষ্ট হচ্ছে কেন!
বারবার দরজায় কড়া নাড়ার শব্দ।
জানলা পর্যন্ত যাওয়ার শক্তি নেই।
পর্দা সরালে
তুমি আমাকে কোথায় নিয়ে যাবে?
নিজেকে বাঁচিয়ে রাখতে
নিজের মনকে পরীক্ষা করি।
স্বার্থপর বলো—
তোমার কাঁধে মাথা রাখার আগে
ব্যথার জায়গাটা এখনও মনে পড়ে।
অমানুষিক দুঃখের পাশে জয় মানায় না।
তবু ভিতরের আবেগ ধুয়ে
সাজিয়ে রেখেছি রেকাবিতে।
তুমি এলে
কোন হাত দিয়ে এগিয়ে দেব,
কোন হাত দিয়ে দরজা আটকাব—
স্থির করতে পারিনি।
চব্বিশ সেকেন্ড
ভিতরে যত টান পড়েছে
তত নিজেকে আটকে রেখেছি।
একেকটা স্তর খুলে রেখেছি
শুধু তোমাকে দেখাব বলে।
কয়েক রাত জেগে লিখেছি।
লেখার সংখ্যা বেড়েছে,
তোমাকে বলার কথাটা
সেই এক জায়গায় বসে আছে।
বোকামি শোনালেও বলি,
সবকিছু জেনেশুনে
দিনে অন্তত চব্বিশ সেকেন্ড
তোমার কথা ভেবেছি।
ঘড়ি ধরে নয়।
কখনও চা ঠান্ডা হওয়ার ফাঁকে,
কখনও একটা ভুল শব্দ কাটতে গিয়ে
হাত থেমেছে।
মূল্যবোধের পার্থক্য ছিল।
দামি কলমটা টেবিলে রেখেছিলাম।
সস্তা কাগজে হিসেব করতে করতে
নিবের চাপে কাগজ ছিঁড়েছে।
একবারও তোমাকে দায়ী করিনি।
শুধু ছেঁড়া জায়গাটায় আঙুল রেখে
দেখেছি—
টেবিলের পুরোনো দাগ
এখনও মুছে যায়নি।
ছবিতে কারও মুখ নেই
আগের লেখায় ক্ষত দেখাইনি।
বাক্যের গঠন নিয়ে বসেছিলাম।
কোথায় থামলে কম বোঝা যাবে,
কোন শব্দে রক্ত ঢেকে রাখা যায়।
এবার খুব সাবধানে
চুম্বনের দৃশ্যগুলো বদলেছি।
ছবিতে কারও মুখ
স্পষ্ট বোঝা যাচ্ছে না।
নিষিদ্ধ ঘটনাগুলো
সহজেই শাখাপ্রশাখা মেলেছে।
একটা ডাল কাটতে গিয়ে দেখি,
আমার জানলা পর্যন্ত এসে গেছে।
অবসরের দৃশ্য লিখতে বসে
আঙুল কেঁপেছে।
নিজের স্বাধীনতার কথা বলতে গিয়ে
বারবার তোমার জামার বোতাম
লেখার মধ্যে ঢুকে পড়েছে।
ভেবো,
যৌবনের যৌন সম্পর্কগুলো
কত তাড়াতাড়ি বদলে দেয়
একটা ঘরে ঢোকার ভঙ্গি।
যাদের নিরপেক্ষ ভেবেছিলাম,
তাদেরও পরতে পরতে খুলেছি।
গভীর মননের ভিতর
আমারই ভুল পাওয়া গেছে।
ভারসাম্য হারানোর আগে
লেখাটা তুলে ধরতে চেয়েছি।
তুমি ছবির মুখ খুঁজছিলে।
আমি খুঁজছিলাম
কোথায় হাত রেখেছিলাম।
জন্মদিনের রাতে
দ্বন্দ্ব আর অনুশীলন
তোমার জন্মদিনের রাতে
আমাকে দিয়ে কাজটা করিয়ে নিল।
এত দূর থেকে
তোমাকে শুভেচ্ছা জানালাম,
নিজের গলাও চিনতে পারিনি।
ভালোবাসব না বলেই
ঘর ছেড়েছিলাম।
বেরোনোর সময়
তোমার বালিশটা ঠিক করে রাখি।
শূন্যে তুলে ধরা আয়নায়
এত সহজে ঢেউ গোনা যায় না।
হাত কাঁপে।
মুখের ওপর জল সরে যায়।
উপত্যকার শব্দে
যে মড়ক সাজিয়েছিলাম,
তার হদিস মেলে না।
লেখার ভিতর এত লোক হাঁটে,
কেউ তোমার কাছে পৌঁছয় না।
দূরত্ব ভালোবাসার চেয়ে দামি—
এই কথাটা লিখে
অনেকক্ষণ কলম চেপে ধরেছিলাম।
তারপর বাতি নেভালাম।
বালিশের ভেজা দিকটা উল্টে দিতে গিয়ে
দেখি, নীচে একটা কাগজ।
জন্মদিনের তারিখটা আছে।
বাকি অক্ষরগুলো
জল টেনে নিয়েছে।
0 Comments