জ্বলদর্চি

ছোটোবেলা বিশেষ সংখ্যা ২২৮

ছোটোবেলা বিশেষ সংখ্যা ২২৮
সম্পাদক : স্বাগতা পাণ্ডে 
চিত্র গ্রাহক: শেখ সুজাউদ্দিন

সম্পাদকীয় 

ছোট্ট বন্ধুরা, 
 কেমন আছো সবাই ? পূজো সবার নিশ্চয়ই খুব ভালো কেটেছে। ছুটি তে সবাই কি করলে ? ঠাকুর দেখা, ঘোরাঘুরি, বাইরে খাওয়া। সত্যিই খুব আনন্দে কাটলো দিন গুলো। এবার কিন্তু পড়াশোনায় একটু বেশি মন দিতে হবে। যারা বাংলা মিডিয়াম এ পড়ো, তাদের তো বার্ষিক পরীক্ষা প্রায় এসেই গেলো। আজ তবে চিঠি এখানেই শেষ করি। ভালো থাকো সবাই। আমার অনেক অনেক ভালবাসা নিও। 
ইতি তোমাদের স্বাগতা দি।

গগনজ্যোতি স্কুলের ক্রিকেট ম্যাচ 

একচল্লিশ পর্ব

রতনতনু ঘাটী

লোকন ছুটতে-ছুটতে বিজনডিহি গ্রামে তার বাড়িতে ফিরছিল। মনটা চঞ্চল হয়ে উঠেছে দিদির কথা ভেবে। মনে-মনে ভাবল লোকন, তার দিদিটা এতক্ষণে কেমন আছে? আবার জ্বর ফিরে এসেছিল কিনা? হঠাৎ থমকে দাঁড়াল লোকন ভবতোষ সামন্তদের একফালি লম্বা কালো জলের পুকুরটার পাড়ে এসে। পুকুরের চার ধার জুড়ে কচুরিপানার ছোট-ছোট পাতা ভাসছে জলের উপর। তার পরের গোটা পুকুরটার জলে একটাও কুটো ভেসে নেই। তারই মাঝখানে একটা বাঁকা চাঁদের ছায়া পড়েছে জলের উপর। যেন অনেকটা স্থির, শান্ত। হঠাৎ লোকন সেই চাঁদের ভিতর তার বাবার মুখটা ভেসে উঠতে দেখতে পেল যেন। দু’ হাত তুলে বাবার উদ্দেশে প্রণাম করল দু’হাত জড়ো করে। মনে-মনে বলল, ‘বাবা, তুমি ওই অত দূর আকাশ থেকে আমার ব্যাটিং দেখতে পাও কি? আমার বল মারার মধ্যে ভুল হলে তুমি শুধরে দিও বাবা! জানো তো, আর ক’দিন পরে আমাদের গগনজ্যোতি স্কুলের মাঠে ক্লাস এইটের চারটে সেকশানের মধ্যে ক্রিকেট ম্যাচের ফাইনাল হবে? জানো তো, আমি এই ক্রিকেট ম্যাচে চান্সই পাচ্ছিলাম না। হঠাৎ দেবক সাহার মেজদিদির বিয়ে ঠিক হয়ে গেল। ওর দিদি অনুলেখাদি পড়ত মধুপুরে একটা স্কুলে ক্লাস ইলেভেনে। দেবক দিদির বিয়েতে পনেরো দিনের ছুটি নিয়ে চলে গেল মধুপুরে। সেই ফাঁকে ক্রিকেট কোচিংয়ে আমার চান্স হয়ে গেল। যদিও হোডস্যার বলেছিলেন, দেবক ফিরে এলে, সে-ই খেলবে! জানো তো বাবা, আমি মনে-মনে তোমার নাম করে কোচিংয়ে জয়েন করলাম। তারপর পরের পর ম্যাচে চার আর ছয় মেরে দেবপমস্যার আর হেডস্যারের এমন নজর কাড়লাম যে, আমার চান্সটা সি-সেকশানের ক্রিকেট টিমে পাকা হয়ে গেল!’

   অমনি হুঁশ ফিরল লোকনের। পুকুরের পাড়ের বাঁশগাছের থেকে একটা হলদে পাতা ঘুরনচরকি খেয়ে এসে পড়ল পুকুরের থির জলে। হঠাৎ লোকনের মনে পড়ল, এই যাঃ! কত দেরি হয়ে গেল যে? অমনি ছুট-পাঁইপাঁই করে উঠোনে পৌঁছে ডাক দিল লোকন, ‘দিদি, দরজা খোল!’

   ঠরঠর করে দেওয়াল ধরে হাতড়ে হাতড়ে এসে দরজা খুলে ভাইয়ের মুখের দিকে তাকাল পারুলমণি। বলল, ‘এত দেরি করলি ফিরতে? রাধাপিসি বাড়ি ফিরতে ভয় পায় অন্ধকারে, তুই তো জানিস? রান্না করে এতক্ষণ আমার পাশে বসেছিল। এই এক্ষুনি তো ভয়ে-ভয়ে বাড়ি চলে গেল।’

   ‘না রে দিদি! আমি অনেকটা আগেই বাড়ি ফিরছিলাম। হঠাৎ বাবাকে দেখতে পেলাম ভবতোষ সামন্তদের কালো জলের লম্বা পুকুরে জলের উপর চাঁদের ছায়ার মধ্যে। তক্ষুনি পুকুরের কালো জলে চকচকে বাবার মুখটা দেখতে পেলাম। তাই বাবার সঙ্গে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল রে! শুনবি, বাবার সঙ্গে আমার কী কথা হল এক্ষুনি? শুনবি রে দিদি?’  

   ‘না না, ওসব পরে শুনলেও চলবে। আমার বড্ড খিদে পেয়েছে রে ভাই! শিগগির হাত-পা ধুয়ে এসে ভাত বেড়ে দে! দু’জনে খাই। তারপর তোর মুখে বাবার কথা সব শুনব!’

   লোকন অন্ধকারে উঠোনের আলোটা জ্বালিয়ে দিল। এই আলোয় গোটা পুকুরঘাট দেখা যায়। পুকুরঘাটে গিয়ে হাত-পা-মুখ ধুয়ে এসে হাঁড়ি থেকে দু’জনের ভাত আর তরকারি বেড়ে দিদিকে ডাকল, ‘আয় দিদি! খাবি আয়!’

   পারুলমণি বিছানা থেকে নেমে এসে থালার সামনে বসে হাঁউমাউ করে কয়েক গ্রাস খেয়ে নিয়ে তাকাল ভাইয়ের মুখের দিকে। দৃষ্টিহীন দিদি কী দেখল কে জানে? জিজ্ঞেস করল, ‘বল এবার, বাবার সঙ্গে তোর কী কথা হল? এত খিদে পাচ্ছিল যে চোখে-কানে দেখতে পাচ্ছিলাম না রে।’

   ‘আমি বাবাকে বললাম, দেবক সাহার বদলে আমার ক্রিকেট টিমে জয়েন করার খবরটা দিলাম। দেখলাম, জানিস তো রে দিদি, বাবা সব কথাই জানে রে। বাবা তো মুখ তুলে বলল, ‘তোর দিদির মুখ থেকে সব শুনেছি!’ এবার লোকন খানিক চুপ করে থেকে বলল, ‘তুই আমাদের সংসারের সব কথা বাবাকে বলিস, তাই না রে দিদি? মাকেও বলিস?’

   পারুলমণি ভাতের শেষ গ্রাসটা মুখে তুলে বলল, ‘বলিই তো! বাবা-মাকে বলব না তো আমাদের আর কে আছে এই পৃথিবীতে বল?’

   লোকনের চোখ দুটো টলটল করছিল জলে। সামলে নিয়ে দুম করে বলল, ‘দিদি তুই তোর অন্ধ সেই নয়নী মাছটার কথাও মা-বাবাকে বলেছিস?’

   পারুলমণি সায় দিয়ে ঘাড় নাড়ল। লোকন বকুনি দেওয়ার ঢঙে বলল, ‘তুই কী রে দিদি! যারা আমাদের পৃথিবীর মায়া কাটিয়ে এখন আকাশপারে থাকে, তাদের পৃথিবীর সব কথা কি বলতে আছে রে?’

   পারুল এঁটো থালার উপর আঁকিবুকি কাটতে কাটতে থালার সামনে থেকে উঠে পড়ল। লোকন এঁটো থালা দুটো গুছিয়ে তুলে রেখে ফিরে এসে বলল, ‘আজ অনেক খাটুনি হয়েছে রে দিদি কোচিংয়ে। আচ্ছা, তোর আর জ্বর আসেনি তো রে দিদি? মুকুলস্যার বলছিলেন, ‘লোকন, তোমার দিদির জ্বরটা মনে হয় এখন সেরে ওঠার দিকে। একটু বিশ্রাম নিতে বোলো। সংসারের কিছু কিছু কাজ তুমিও হাত লাগিয়ে করে দিও লোকন!’

   পারুলমণি বলল, ‘চল, শুয়ে পড়ি! আর বকবকম করতে হবে না! আমার গায়ে-হাতে-পায়ে বড্ড ব্যথা রে।’

   লোকন উঠে রান্নাঘরের দিকে যেতে-যেতে বলল, ‘তুই শুয়ে পড় দিদি!’ তারপর তেলের শিশিটা এনে দিদির পাশে রেখে বসে পড়ে লোকন বলল, ‘দে, তোর হাতে-পায়ে একটু তেল মালিশ করে দিই। আরাম হবে!’

   ‘তোকে তেল মালিশ করতে হবে না তো! ওইটুকুনি ছেলে! উঠতি ক্রিকেটারদের অত কাজ করতে নেই। চুপ করে শুয়ে পড়!’

   ‘আমাকে ক্রিকেট ম্যাচের বেস্ট প্লেয়ার হতে হবে রে দিদি! দেবোপমস্যারের ব্যাটের মান রাখতে হবে না? উনি আমাকে ব্যাটটা গিফট করলেন বলেই না আমি অমন করে চার-ছয় মারতে পারছি?’

   পারুলমণি গলায় জোর এনে বলল, ‘তুই ঠিক পারবি রে লোকন!’ বলে উপরের দিকে হাত তুলে দেখাল, ‘আকাশে বাবা-মা চোখ জ্বেলে বসে আছে তোর ব্যাটিং দেখার জন্যে। কবে গগনজ্যোতি স্কুলের ক্রিকেট ম্যাচের ফাইনাল হবে, হেডস্যার ডেট কিছু বলেছেন?’

   কোনও উত্তর দিল না। আলো নিভিয়ে শুয়ে পড়ল লোকন দিদির পাশটিতে। শুধু অন্ধকারে ঘাড় নেড়ে ‘না’ বলল লোকন। দিদি ওর ঘাড় নাড়া ঠিক যেন দেখতে পেল অন্ধকারেও! পারুলমণি বলল, ‘দেখিস, কাল অ্যাসেম্বলি হলে স্কুলের প্রেয়ারের পর হেডস্যার নিজেই ঘোষণা করে দেবেন, কবে ক্রিকেট ম্যাচের ফাইনাল হবে!’

   লোকন হাসতে হাসতে বলল, ‘দেখি, তোর কথা মিলে যায় কিনা! তোর তো অনেক কথাই অমন করে মিলে যায়।’ কথাটা বলে পাশ ফিরল লোকন।

   লোকনের দু’ চোখে কিন্তু ঘুম এল না। সে মনে-মনে সি-সেকশানের ফাইনাল টিম সাজাতে লাগল ঘরের বাইরের বাতাবি লেবুর গাছের দিকে তাকিয়ে। তেরছা হয়ে বাঁকা চাঁদের আলো এসে পড়েছে বাতাবির গাছে। মনে-মনে বলল,  ‘উইকেট কিপিংয়ে যেমন ফারা দণ্ডপাট খেলে, ওকে উইকেটেই রাখব। আমার টিমে ওপেনার হিসেবে আমি একজন, অন্যজন হবে তাহিরা দত্ত। আর একজনের কথা তিন নম্বরে ভেবে রেখেছি-- সুরথ দিন্দাকে। আমি আর তাহিরা কেউ আউট হয়ে গেলে সুরথ খেলবে। ও যদিও ব্যাটিংয়ে তত তুখোড় নয়, তবু এই ভাবনা বিপক্ষ দলকে একটু চিন্তায় ফেলার জন্যেই ভেবেছি। লোকন মনে-মনে ভাবল, এই ট্রিকটি শিখেছে সে রোহিত শর্মার ক্যাপ্টেন্সির রিপোর্ট পড়ে। রোহিত শর্মার অধিনায়কত্বে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডারে চমকপ্রদ পরিবর্তন এনে নীচের সারির ব্যাটার বা অলরাউন্ডারদের ওপরে তুলে আনার বেশ কিছু সফল নজিরের কথা লোকন পড়েছে খবরের কাগজে। প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও বলেছেন, ‘রোহিত শর্মা এমন একজন কৌশলী অধিনায়ক, যাঁর তাৎক্ষণিক সিদ্ধান্ত অনেক সময় কোচদেরও অবাক করে দেয়।’ যেমন, একবার রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে ভারত দ্রুত তিনটি মূল্যবান উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। তখন রোহিত শর্মা শিবম দুবে বা হার্দিক পান্ডিয়ার আগে পাঁচ নম্বরে অক্ষর পটেলকে ব্যাটিংয়ে পাঠিয়ে ছিলেন। দেখে সকলে তো অবাক! বাঁ-হাতি আর ডান-হাতি কম্বিনেশন ধরে রাখতে এবং স্পিনারদের সামলানোর জন্যে এই সিদ্ধান্ত সেবার দারুণ কাজে দিয়েছিল। অক্ষর পটেল একত্রিশ বলে সাতচল্লিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে লড়াইয়ে ফিরিয়েছিলেন। কথাটা মনে ধরেছিল লোকনের। কথাটা মনে পড়তে বেশ জোর পেল মনে লোকন। এর পর দুম করে চার নম্বরে সিন্ধুজা মাইতিকে ব্যাটিংয়ে আনবে। তারপর ব্যাটিংয়ে আনবে পাঁচ নম্বরে রকি দেববর্মাকে। এর পর আনবে ছ’ নম্বরে চন্দ্রক ধরকে। এর পর সাত নম্বরে সারিন দাসকে নিয়ে আসবে। আট নম্বরে জিতিন বসু এবং ন’ নম্বরে ফারা দণ্ডপাটকে। জুবিন কুমার এবং ইমান সামন্তকে রাখবে রিজার্ভ বেঞ্চে। পাশ ফিরে একবার দিদির মুখটা দেখল। পারুলমণি অকাতরে ঘুমোচ্ছে। লোকন মনে-মনে বলল, ‘দিদি, তুই তো জানতে পারলি না, আমার সি-সেকশানের ক্রিকেট টিম তৈরি হয়ে গেল এই মাত্র! কাল এই টিমটা দেবোপমস্যারকে একবার দেখিয়ে নেবে। লোকন জানে, দেবোপমস্যারের পরামর্শ ছাড়া ম্যাচ জেতা কঠিন! বালিশে মুখ গুঁজে লোকন ঘুমনোর চেষ্টা করল। ওদের বাড়ির পাশের অনিলদাদুদের মস্ত পুরনো তেঁতুলগাছের কোটর থেকে ডানা ঝটপট করে উড়ে গেল বুড়ো প্যাঁচাটা। মনে হয় বাচ্চার জন্যে খাবার খুঁজতে বেরোল। বয়স হয়েছে তো, তাই আগেভাগে বেরোতে পারেনি। একটু আগে প্যাঁচার বাচ্চাটা কাঁদছিল, শুনেছে লোকন। বাচ্চা প্যাঁচার কান্না শুনলে মনে হয়, ঠিক যেন দূরে কোনও বাচ্চা ছেলে কাঁদছে।

   লোকনের দু’চোখ জুড়ে ঘুম নামতে বেশ কিছুটা সময় লাগল। কাল কত কাজ! সকালেদিদিকে গুম তেকে জাগিয়ে লোকনকে যেতে হবে বিজনডিহি গ্রামের ক্রিকেচ মাঠে। নয়ন আর বিজয় ব্যাট নিয়ে সকালেই প্র্যাকটিস শুরু করে দেবে। হারান দাসও চলে আসবে তাড়াতাড়ি। ও তো বেশি দেরি করে না। বিল্টু কামিলা প্র্যাকটিসে আসার সময় তার বলটা যেন মনে করে নিয়ে আসে। দুটো বল না হলে বিজলডিহি ক্রিকেট মাঠে ক্রিকেট খেলা চলে না। অনিল দুবে একখানা চার-ছয় মারলে বল চলে যাবে সোজা নয়ানজুলিতে হাবুডুবু খেতে। আর সে নিজে যদি একবার ব্যাটিং পায়, তা হলে আর পায় কে? পরের পর চার নয়তো ছয় মেরে রানের পাহাড় ঘড়তে বেশি সময় লাগবে না।

   আবার একবার পাশ ফিরল লোকন। মনে-মনে একবার বাবাকে ডাকল লোকন। বলল, ‘বাবা, তুমি আমাকে শক্তি দিও, আমি যেন এ-সেকশানের রোরো মজুমদারের চেয়ে বেশি রান তুলতে পারি। রোরো ফাইনালে নিশ্চয়ই খেলবে, কাশ্মীর থেকে ওর দাদুর কিনে আনা উইলো কাঠের ব্যাটে! ওর চেয়ে আমি যেন সেরা ক্রিকেটারের তকমা পাই।’

   বাবা কী বলল, লোকন শুনতে পেল না। তার আগে তার দু’চোখ জুড়ে ঘুম নেমে এল। সেই ঘুম ভাঙল বাতাবি লেবুর গাছের পাতার উপর সকালবেলার সোনালি রোদ পড়ে যখন লোকনের চোখে এসে পড়ল, তখন। ধড়ফড় করে উঠে লোকন ব্রাশ করে বিজনডিহির মাঠের দিকে দৌড় লাগাল। দিদিকে ঘুম থেকে জাগানোর কথা তার মনেই পড়ল না!

   মাঠে গিয়ে দেখল, সব ক্রিকেটারই মাঠে লোকনের জন্যে অপেক্ষা করছে।  হারান বলল, ‘কী রে লোকন, এত দেরি করলি যে বড়? একটু পরেই তো দৌড়বি স্কুলের জন্যে?’

   লোকন বলল, ‘হ্যাঁ রে দেরি হয়ে গেল! কাল শুয়ে-শুয়ে আমার স্কুলের সি-সেকশানের ফাইনালের টিমটা তৈরি করে ফেললাম তো। তাই ঘুমোতে দেরি হয়ে গেছে রে!’

   নয়ন বলল, ‘বেশ করেছিস! ওপেনার কাকে করলি? একজন তো তুই নিজে। আর-একজন?’

   লোকন বলল, ‘আমার সঙ্গে ওপেন করতে নামাব তাহিরা দত্তকে!’

   ‘তাহিরা কোন মেয়েটা রে? শ্যামলা রঙের দেখতে? ওই আমাদের ইন্ডিয়া টিমের শেফালি ভার্মার মতো যে মেয়েটার বয়কাট চুল?’

   লোকন হেসে বলল, ‘ঠিক ধরেছিস! বল ভাল হবে না?’

   ‘খুব ভাল হবে! সচিনের মোস্ট আইকনিক শট হল স্ট্রেট ড্রাইভ! নিখুঁত ব্যালেন্স, টাইমিং এবং ক্লাসিক্যাল টেকনিকের জন্যে ক্রিকেট-বিশ্বে এই মারটাকে সর্বকালের সেরা শটগুলোর একটি হিসেবে ধরা হয়। আর এই মারটা তাহিরা দারুণ মারতে পারে!’

   দূরে সামন্তদের বাঁশবাগান ছাড়িয়ে সূর্যটা তড়িঘড়ি উপরে উঠে পড়েছে। লোকন বলল, ‘চল, ক’টা ওভারই বা খেলা হবে আজ? নে, তাড়াতাড়ি শুরু কর বিজয়!’

   সাত ওভারের বেশি খেলা হল না। এক সময় লোকন খেলা থামিয়ে বলল, ‘শোন, দিদিকে ঘুম থেকে উঠিয়ে স্নান করে আমাকে আজ স্কুলে যেতে হবে। তোরা জানিস তো, আমার দিদির ক’ দিন ধরে খুব জ্বর! আজকের মতো প্র্যাকটিস থাক। কাল অনেকক্ষণ আমরা ক্রিকেট প্র্যাকটিস করব।’

   খেলা ভেঙে গেল। মন খারাপ করে লোকনের দিকে তাকাল বিল্টু কামিলা। লোকন বিল্টুর কাছে এগিয়ে গিয়ে তার পিঠ চাপড়ে দিয়ে বলল, ‘মন খারাপ করিস না রে বিল্টু!’

   তখন দুঃখ-মেশানো একটা হাল্কা হাসি ছড়িয়ে পড়ল বিল্টুর মুখে। সকালবেলার আলোয় চকচক করে উঠল বিল্টু।

(এর পর ৪২ পর্ব)

        

মানে না মানা 
দুরন্ত বিজলী 

দাদা বলে, নাতিরে,
কেন যাস বাহিরে ?

বৃষ্টি বাদলায় 
ঝড় আর ঝাপটায় 
ধুলোবালি গলে যায়,
তাই সবে পড়ে যায়।

হাতপা ভেঙে যায়, 
নাকমুখ ছড়ে যায়,
কাদা মেখে একাক্কার,
কিম্ভুতকিমাকার।

তাই আর যাসনে ,
লুটোপুটি খাসনে।

নাতি বলে, দাদা,
মনে নাই কাদা।
মজা পাই খেললে 
বৃষ্টিটা ঝরলে।
সৌর্যেশ পাল 
দ্বিতীয় শ্রেণী 
কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয়

ক্যুইজ ২৭ 

১. "কালকূট" , "ভ্রমর" কার ছদ্মনাম? 
2. পৃথিবীতে সব থেকে বড় বা দীর্ঘ তম সীমান্ত (৮৮৯১কিমি - ৮৯০০কিমি) কোন দুটি দেশের মধ্যে আছে? 
৩. ভারতের গোয়া রাজ্যে হোলি বসন্ত উৎসব কোন নামে পরিচিত? 
৪. ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ? 
৫. "ঘুমার" কোন অঞ্চলের নৃত্য? 

গত সপ্তাহের ক্যুইজ এর উত্তর: 

১. অন্ধ্রপ্রদেশ 
2. ইতালির শিল্পী মাইকেল এঞ্জেলো (১৪৭৫- ১৫৬৪) 
৩. গণপ্রজাতন্ত্রী চীন 
উওর কোরিয়া, রাশিয়া, মঙ্গোলিয়া, ভারত, নেপাল, ভূটান, মায়ানমার, কাজাখাস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, লাওস, ভিয়েতনাম 
৪. আইজল 
৫. ড. বিক্রম সারাভাই
🍂

Post a Comment

0 Comments