জ্বলদর্চি

তিনটি কবিতা /অসিতরঞ্জন ঘোষ

তিনটি কবিতা 

অসিতরঞ্জন ঘোষ

ভালবাসি

নাই বা আমায় বাসলে ভাল, নাই বা দিলে গোলাপ ফুল। 
তোমায় আমি বাসবো ভাল! হয়তো আমার মনের ভুল!
তবু আমার ভাল লাগে, স্বপ্ন দেখি তোমায় ঘিরে।
নদীর জলে স্রোত হয়ে, ভাসবো দুজন ধীর সমীরে।।

প্রজাপতির পাখার রঙে, পলাশ ফুলের আবীর মেখে, 
বাঁশির সুরে হাঁটবো পথে, তোমার হাতে হাতটি রেখে। 
সোনা রোদের ভোরের আলোয়, দেখবো তোমায় প্রাণ ভরে।
পৌঁছে যাব অচিন দেশে,শরৎ মেঘের ভেলা চড়ে।

গান শোনাবো নিত্য নতুন, ফুলের পরাগ দেব এনে।
তোমার হাসির কলকলানী, দোলা দেবে এই প্রাণে।
রাখবো তোমায় রানী করে, আমার এই হৃদয় মাঝে।
তোমার প্রেমের সাত সাগরে, হাবুডুবু সকাল সাঁঝে।।

আমার ভাবনা তোমায় দিলাম,  নবীন আশা বুকে নিয়ে।
দিনের শেষে গোলাপ পেলাম, সোহাগ ভালোবাসা দিয়ে।।


সন্দেহ বীজ

'ভাল আছো', বললে তুমি। সত্যি কথা তাই তো!
ভাবতে লাগে ভাল, জানো। ভালই হবে হয়তো!
তবু কেন ভাবনাগুলো, হচ্ছে এমন এলোমেলো?
সময় সমাজ কেমন যেন,  হঠাৎ করে পাল্টে গেল!

অবিশ্বাসের বীজ ছড়ানো, হচ্ছে ধীরে মহীরুহ।
গুহক মিতার কদর গেছে, অদ্ভুত এ চক্রব্যুহ!
ভাল কিছু শুনলে দেখলে, বিশ্বাসের ভিত নড়ে,
দেখে শুনে যাচ্ছি ক্ষেপে, মরমেও যাই মরে!

আমি কি আর সুস্থ আছি? সন্দেহ বুনছে জাল।
আমি কি নেই সেই আমিতে, কেন আমার এমন হাল!
এখনও তো কোকিল ডাকে, হিমেল বাতাস আজও বয়।
আকাশ রাঙে পলাশ রঙে, রামধনুও বর্ণময়!

বাকি কেমন পাল্টে যাচ্ছে, আমিই কেন খাপছাড়া?
ভাল যখন বললে তুমি, শুনে তাতেই আত্মহারা!!


অবাক সময়

ভোরের পাখি, ডাকছে নাকি? বলছে উঠে আয়।
তবু কেন? ঘুম জড়ানো অখণ্ড তন্দ্রায়??
আরাম কাঠি, পরিপাটি, সুখের বিছানায়।
পাতছে আড়ি, আলোর সারি, নবীন ভাবনায়।।

কী আনন্দে, সকাল সন্ধে, এমনি  যদি কাটে।
সুর, তাল, ছন্দ লয়ে, স্বর্গ সন্নিকটে!
ভালবাসায় ভালো আশায়, জীবন গীতিময়। 
অলসতায় খাচ্ছে হায়, লড়াই করার ভয়।।

এমনি করে,যাচ্ছে সরে, দিনের শেষের দিন। 
স্বপ্ন গুলো, ভালই ছিল,  বাজতো নতুন বীণ।।
তবু যেন,  কেমন কেন, তালগুলো যায় কেটে।
পাখির ডাকে, পলাশ শাখে, আগুন গোলা পটে।।

কোথায় যেন ছন্দপতন, সোনার অমন পালঙ্কে।
পাশের লোকটি ভাল যে নেই,  ভাল মন্দ অঙ্কে।।

🍂

Post a Comment

1 Comments

  1. কমলিকাJune 11, 2026

    ভালো লাগলো,অনেকদিন পর আপনার কবিতা পড়ে।খুব সুন্দর ছন্দময় কবিতাগুলো।🙏

    ReplyDelete