জ্বলদর্চি

তিনটি কবিতা /মঙ্গলপ্রসাদ মাইতি



তিনটি কবিতা 
মঙ্গলপ্রসাদ মাইতি 

ভালোবাসা এমনই 


ভালোবাসা এমনই – তার একটুখানি ছোঁয়া হৃদয়ের 
গভীরে তৃপ্তির বান ডেকে দেয়, বুকের তলদেশে অনাবিল 
আনন্দের মুক্তো ছড়ায়, মেঘ ভাঙা রোদের মতো অন্তরকে 
করে উজ্জ্বল, দীপ্তিময়। 

ভালোবাসা এমনই – তার সামান্য পরশ দু’চোখের পাতায় 
সুখ-স্বপ্নেরজোয়ার আনে, ঘাসের ডগায় ঝরে পড়া শব্দহীন 
শিশিরের মতো প্রাণের মুকুলকে করে রঙিন, বর্ণময়।

ভালোবাসা এমনই – মনকে কেবলই আকুল করে, 
এলোমেলো বাতাসের মতো উদ্বেল-উদ্বিগ্ন করে, অনেক স্বাদে-
রূপে-গন্ধে হাজির হয় চিত্ত মাঝারে। 
এই তুমি যেমন আমার কাছে।  


সরোবর 

তোমার বুকের মায়াঘন সরোবরে তার নিবিড় ছায়ায় 
আমার ঠোঁটের তৃষ্ণা মেটে, মনের আগুন নেভে, 
প্রাণের ব্যথা জুড়ায়। 
তাইতো বড়ো কাঙাল হৃদয় নিয়ে তোমার ওই 
সরোবরের শীতল পরশখানি পাবার জন্য উন্মুখ হয়ে 
বসে থাকি। 

তোমার ওই বুকের সরোবরে ফোটে প্রেমের শতদল, 
ভালোবাসার কুসুমকলি। 
তার অনুপম রূপ, সুগন্ধ, মাধুর্য আমাকে মাতাল করে, 
আমাকে সিক্ত করে। 
তোমার ওই বুকের সরোবরে ভিজলে পরে অনুভব করি 
ভালোবাসার অমৃতময় স্বাদ, আমি পরম তৃপ্তি লাভ করি, 
পাই বুকের আরাম - ওই সরোবর আমার 
কাছে প্রেমের যমুনা। 


চির নবীন 

ভালোবাসা কখনো পুরোনো হয় না, ভালোবাসার 
কখনো বয়স হয় না-ভালোবাসা বসন্তের নব কিশলয়ের
মত চির নবীন, চির সতেজ প্রাণবন্ত, টাটকা।

ভালোবাসা সূর্যের মতো শুধুই উজ্জ্বল, আলোকময়,
 ভালোবাসা আঁধার ছিঁড়ে নিয়ে আসে কেবলই প্রসন্ন প্রভাত। 
ভালোবাসা ভালোবাসাই- সত্যিকার ভালোবাসার রঙ 
কখনো ফিকে হয় না, কুয়াশার প্রলেপ পড়ে তাকে ধুসর 
করে দেয় না।

ভালোবাসা দিবানিশি গোলাপের সুবাস বয়ে আনে,
হৃদয়-মনকে রাঙিয়ে যায় কৃষ্ণচূড়ার হাসির মতো, 
ভালোবাসা কখনো পুরোনো হয়ে না, ভালোবাসার 
কখনো বয়স হয় না। 

🍂

Post a Comment

0 Comments