চিন দেশের গল্প: ১৪ (রাজা এবং বুড়ো চাষী)
বাংলা ভাষান্তর : নিখিলেশ ঘোষ
(একটি কাজাক লোককথা। মূল চিনা ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন : জন মিনফোর্ড)
আজ থেকে বহু বহু বছর আগের কথা। এক দেশে ছিল এক বুড়ো আর তার জোয়ান ছেলে। বুড়ো মানুষটি যেমন চতুর, তেমনই সব বিষয়ে অভিজ্ঞ।একদিন বুড়ো তার ছেলেকে উপদেশ দিয়ে বলল, "খোকা, জীবনে চলবার পথে এই তিনটা কথা কখনো ভুলো না—প্রথমত, যে মানুষকে মনের দিক থেকে বিশ্বাস করা যায় না, তার সাথে ভুলেও দোস্তি পাতাবে না। দ্বিতীয়ত, যে লোকটা রাতারাতি হঠাৎ করে বড়লোক হয়েছে, তার কাছ থেকে কখনো এক কানাকড়িও ধার নেবে না। আর তৃতীয়ত, নিজের মনের একদম গোপন কথা কখনো কারো কাছে ফাঁস করবে না, এমনকি নিজের ঘরের বউয়ের কাছেও নয়।"
বাপের এই গভীর কথাগুলো ছেলের মনে গিয়ে বিঁধল। সে মনে মনে ভাবল, বাপের দেওয়া উপদেশগুলো আসলেই কতটা সত্যি, তা একবার পরীক্ষা করে দেখতে হবে।
🍂
যেমন ভাবা, তেমন কাজ! সে এমন এক লোকের সাথে খাতির জমিয়ে ফেলল, যাকে সবাই বেঈমান আর বিশ্বাসঘাতক বলে জানত। এরপর, সদ্য ধনী হওয়া এক লোকের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এল। সেই টাকা দিয়ে সে রাতের অন্ধকারে লুকিয়ে একটা ছাগল জবাই করল। সেই ছাগলের তাজা রক্ত নিজের গায়ের কাপড়ে ভালো করে মাখিয়ে, এক্কেবারে হন্তদন্ত হয়ে ঘরে ফিরল।
রক্তমাখা কাপড়গুলো বউয়ের হাতে তুলে দিয়ে সে ছলছল চোখে বলল, "বড় সর্বনাশ হয়ে গেছে বউ! আমি নিজের হাতে একটা মানুষকে খুন করে ফেলেছি। দেখো, আমার সারা গায়ে আর কাপড়ে কেমন রক্তের দাগ লেগে আছে!"বউ তো ভয়ে কাঁদোকাঁদো!
ছেলেটি তখন এমন এক ভাব করল যেন সে অনুশোচনায় পুড়ছে। বউয়ের হাত দুটো ধরে ফিসফিস করে বলল, "দুনিয়ায় তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই, তাই এই গোপন কথাটি শুধু তোমাকেই বললাম। ভুলেও এই কথা অন্য কারো কানে তুলো না, তাহলে কিন্তু আমার ফাঁসি হয়ে যাবে! হায় ঈশ্বর, আমি কেন যে নিজের পায়ে কুড়াল মারতে গেলাম! কেন তোমাকে সব বলতে গেলাম!"স্বামীর মুখে এমন আক্ষেপ শুনে বউ বেশ চটে গেল। সে এক প্রকার ক্ষোভ আর অভিমান নিয়ে বুক ফুলিয়ে বলল, "কী যে বলো না তুমি! তোমার নিজের বউকে বুঝি এই ক'দিনে এতটুকুই চিনলে? আমার পেট থেকে কথা বের করা অত সহজ নয়!"
এই ঘটনার কিছুদিন পরের কথা। কোনো এক বিষয় নিয়ে হঠাৎ করেই বউয়ের সাথে ছেলেটির তুমুল ঝগড়া বেধে গেল। রাগের চোটে বউ আর ঠিক থাকতে পারল না। সে সোজা রাজদরবারে গিয়ে রাজার সামনে হাজির হলো এবং নালিশ ঠুকে বলল, "জাহাঁপনা, আমার স্বামী একটা মানুষকে খুন করেছে!"
এ কথা শুনে রাজা তো তাজ্জব! তিনি তখনই সেপাইদের হুকুম দিলেন সেই ছেলেকে ধরে তাঁর সামনে হাজির করতে।এদিকে রাজদরবার থেকে যখন সেপাইরা তাকে ডাকতে আসছে, ছেলেটি বুদ্ধি করে তার সেই নতুন বন্ধুর কাছে গেল—যাকে সে কোনোদিনই বিশ্বাস করত না।
সে বন্ধুকে পুরো ঘটনা খুলে বলে মিনতি করল, "ভাই, রাজদরবারে গিয়ে আমার হয়ে একটু সাক্ষ্য দে।" বন্ধুটি কিন্তু খুব ভালো করেই জানত যে ছেলেটি কোনো মানুষ খুন করেনি, ওটা ছিল একটা ছাগল। কিন্তু সে ভাবল, শুধু শুধু ঝামেলার মধ্যে জড়িয়ে লাভ কী? তাই সে পাশ কাটিয়ে বলল, "আরে ভাই, আমার আজ অনেক কাজ! রাজদরবারে গিয়ে সাক্ষ্য দেওয়ার মতো একদম সময় নেই।"
এই বলে সে কেটে পড়ল। ছেলেটি বড় আশা নিয়ে এসেছিল, তাই চরম হতাশ হয়ে সে সেখান থেকে ফিরল। ফিরতি পথে তার দেখা হলো সেই সদ্য বড়লোক হওয়া লোকটার সাথে, যার কাছ থেকে সে টাকা ধার নিয়েছিল। লোকটা তাকে জিজ্ঞেস করল, "কী হে বাপু, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ?" ছেলেটি আর কিছু না লুকিয়ে তাকেও সব সত্যি কথা খুলে বলল।
শুনেই সেই ধনী লোকটার তো বুকের ছাতি কাঁপতে লাগল! সে মনে মনে ভাবল, "সর্বনাশ! একে যদি রাজা জেলে পুরে দেয়, তবে আমার ধারের টাকাটা শোধ করবে কে? আমার কষ্টের টাকা তো এক্কেবারে জলে যাবে!" এই ভেবে সে তক্ষুনি ছেলেটার ওপর চাপ সৃষ্টি করতে লাগল যাতে সে এখনই তার সব টাকা পাইপয়সা বুঝিয়ে দেয়।অবশেষে যখন সেই জোয়ান ছেলেটিকে রাজার সামনে হাজির করা হলো, সে বিন্দুমাত্র ভয় না পেয়ে রাজাকে কুর্নিশ জানাল। তারপর বাপের দেওয়া সেই উপদেশ থেকে শুরু করে ছাগল জবাই করা, বউ আর বন্ধুদের পরীক্ষা করা—সব ঘটনা হুবহু খুলে বলল।সব শুনে রাজা তো পুরো অবাক!
বুড়ো মানুষের এমন গভীর জ্ঞান আর তার ছেলের এমন চতুর বুদ্ধির তারিফ না করে তিনি পারলেন না। রাজা খুশি হয়ে ছেলেটিকে সমস্ত অপরাধ থেকে খালাস করে দিলেন। তবে রাজপ্রাসাদে ফেরার পরও রাজার মনে এক অদ্ভুত অস্বস্তি কাজ করতে লাগল। তিনি মনে মনে ভাবলেন, "এই বাবা আর ছেলে—দুজনেই তো দেখছি আমার চেয়েও অনেক বেশি চতুর আর অভিজ্ঞ! এদের মতো গুণী মানুষকে কাছে রাখা দরকার।
রাজা ভাবলেন," তারা যদি আমার সিংহাসন কেড়ে নেয়, তবে তো সর্বনাশের একশেষ হবে!" এই কুৎসিত ভাবনায় পড়ে তিনি এক নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়ে নিলেন। তিনি হুকুম দিলেন—একটি বুড়ো লোক আর তার ছেলেকে যেন জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলা হয়।রাজার হুকুমে তাই করা হলো।
এর কিছুদিন পরেই ঘটল এক অদ্ভুত কাণ্ড। একদিন রাজা পরম তৃপ্তিতে মাংস খাচ্ছিলেন। কিন্তু অসাবধানতাবশত মাংসের সাথে একটা ছোট্ট হাড়ের টুকরো তাঁর গলায় গিয়ে খপ করে আটকে গেল। রাজবাড়িতে শোরগোল পড়ে গেল!
দেশের যত নামী-দামী বদ্যি-ডাক্তার আছেন, সবাইকে ডেকে পাঠানো হলো। কিন্তু হাজার চেষ্টা করেও কেউ সেই হাড়ের টুকরোটি গলা থেকে বের করতে পারলেন না।রাজার অবস্থা যখন মরণাপন্ন, তখন দরবারের পাত্র-মিত্রিরা ফিসফিস করে বলতে লাগলেন, "মহারাজ, আপনি অমন গুণী বুড়ো মানুষটা আর তার ছেলেকে কেন যে জ্যান্ত কবর দিতে গেলেন! তারা যদি আজ বেঁচে থাকত, তবে নির্ঘাত আপনার এই প্রাণরক্ষা করতে পারত।"
কথাটা শুনেই রাজার মাথায় বিদ্যুৎ খেলে গেল। তিনি তো তাদের কথা ভুলেই গিয়েছিলেন! রাজা খকখক করে কেশে কোনোমতে বললেন, "ওরা কি এখনও বেঁচে আছে? যাও, জলদি যাও! মাটি খুঁড়ে ওদের এখনই আমার দরবারে হাজির করো!"রাজার সিপাইরা গিয়ে যখন সেই কবর খুঁড়ল, তখন তো সবার চোখ চড়কগাছ! দেখা গেল, পিতা-পুত্র দুজনেই দিব্যি বেঁচে আছেন, শ্বাস নিচ্ছেন। আসলে, কবরে যাওয়ার সময় বুড়োর কাছে একটা পুঁটলিতে কিছু শুকনো দই ছিল। সেই দইটুকু চেটেপুটেই তারা এতদিন কোনোমতে অন্ধকার গর্তে প্রাণ বাঁচিয়ে রেখেছিলেন।
সিপাইরা যখন রাজার বিপদের কথা খুলে বলল, বুড়ো আর তার ছেলে প্রথমে তো রাজপ্রাসাদে আসতেই চাইল না। তারা ক্ষোভের চটে বলল, "আমরা তো কোনো অপরাধ করিনি, তবে কেন আমাদের এভাবে জ্যান্ত কবর দেওয়া হলো? আমরা কিছুতেই যাব না।"ওদিকে রাজার প্রাণ যায় যায় অবস্থা। তিনি বারবার রাজদূত পাঠিয়ে তাদের কাছে অনুনয়-বিনয় করতে লাগলেন। রাজা এও প্রতিজ্ঞা করলেন যে, তারা যদি কোনোভাবে তাঁর গলা থেকে হাড়ের টুকরোটি বের করে তাঁর জীবন বাঁচাতে পারে, তবে তিনি নিজের রাজমুকুটসহ সমস্ত ধন-দৌলত আর রাজত্ব তাদের নামে লিখে দেবেন।
রাজার এমন কাতর অবস্থা দেখে শেষমেশ বুড়ো আর তার ছেলের মন গলল। তারা রাজদরবারে এসে পৌঁছাল। রাজাকে প্রণাম জানিয়ে বুড়ো মানুষটি গম্ভীর গলায় বলল, "মহারাজ বুড়ো মানুষটি গম্ভীর গলায় বলল, "মহারাজ, আপনার এই প্রাণরক্ষা করা এমন কিছু কঠিন কাজ নয়। কিন্তু এর জন্য আপনাকে এক চরম মূল্য চোকাতে হবে।
আপনার একমাত্র সন্তান, রাজকুমারকে নিজের হাতে বলি দিতে হবে। সে না মরলে আপনার বাঁচার কোনো উপায় নেই।"একথা শুনে রাজার বুক কেঁপে উঠল। নিজের একমাত্র সন্তানকে বলি দিতে তিনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। কিন্তু লোভী আর স্বার্থপর পাত্র-মিত্রিরা রাজাকে নানাভাবে ফুসলাতে লাগল, বোঝাতে শুরু করল। তারা বলল, "মহারাজ, আপনার নিজের প্রাণ বাঁচানোর জন্য যদি একটিমাত্র ছেলেকে উৎসর্গ করতেই হয়, তবে তাতে ক্ষতি কী! আপনার জীবনের মূল্যই যে সবার ওপরে।"
চারপাশের সবার মুখে এক কথা শুনে শেষমেশ রাজা নিজের প্রাণের ভয়েই রাজি হয়ে গেলেন।রাজা বিছানায় শুয়ে শুয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন আর নিজের চোখে দেখতে লাগলেন এক নির্মম দৃশ্য—রাজকুমারকে শক্ত করে দড়িতে বাঁধা হয়েছে। বুড়ো চাষা তার হাতে একটা চকচকে ধারালো ছুরি তুলে নিল, আর ঠিক যখন সে রাজকুমারের ওপর আঘাত করতে যাবে ঠিক তখনই বুড়ো চাষা রাজার মুখের ওপর ভয় আর চরম যন্ত্রণার ছাপ দেখতে পেল।
রাজা তখন ভয়ে কুঁকড়ে গিয়ে হুকুম দিলেন, "একটা কম্বল নিয়ে এসো আর ওটা আমার চোখের সামনে টাঙিয়ে দাও, আমি যেন এই দৃশ্য দেখতে না পাই!" রাজা নিজের শ্বাস বন্ধ করে চরম উৎকণ্ঠা নিয়ে কান খাড়া করে রইলেন। হঠাৎ তাঁর কানে ভেসে এল মৃত্যুর এক বুকফাটা আর্তনাদ!
সেই ভয়ঙ্কর চিৎকার শুনে রাজা নিজেই এক বিকট চিৎকার করে উঠলেন। আর কী আশ্চর্য কাণ্ড! রাজার সেই চিৎকারের চোটে তাঁর গলাটা সজোরে নড়ে উঠল আর আটকে থাকা সেই হাড়ের টুকরোটি ছিটকে বাইরে বেরিয়ে এল।
রাজা যখন বিস্ময়ে হাঁ করে আছেন, তখন সেই বুদ্ধিমান বুড়ো মানুষটি রাজাকে আসল সত্যটা জানালেন। তিনি বললেন যে, যাকে বলি দেওয়া হয়েছে সে আসলে রাজকুমার নয়, বরং একটা ছাগল ছিল! রাজা তো এই কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তিনি তাঁর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন এবং নিজের সমস্ত ধন-সম্পত্তি ও রাজমুকুট সেই বুড়ো চাষার হাতে তুলে দিলেন। রাজা তাঁর কৃতকর্মের ফলও পেলেন, আবার বুড়ো চাষা নিজের বুদ্ধির জোরে রাজকুমারের প্রাণ বাঁচিয়ে রাজত্বও লাভ করল।
0 Comments