মঙ্গলপ্রসাদ মাইতি
যেন ভরা নদী
আবেশ মধুর সন্ধেবেলা-আকাশে তারার মিটিমিটি চাওয়া,
গাছে গাছে রাত-জোনাকির নাচন -
এই ক্ষণে তুমি আমার মনের ঘরে নিভৃতে প্রবেশ করেছো,
তোমার প্রেমের গন্ধ পাচ্ছি-
আমার স্বপ্নচোখে কত না রঙিন ছবির আঁকিবুকি।
তুমি আমার মনের ঘরে আসা মানে ভালোবাসার জোয়ারে
ভেসে যাওয়া, মাদকতায় হৃদয় উদ্বেল হওয়া, ভালোলাগার
তীব্র অনুভূতিতে নিজেকে সমর্পণ করা।
তুমি আসা মানে আচমকাই আমার সবকিছু পাল্টে যাওয়া,
তোমাকে ছাড়া আর সব ভাবনা মুছে যাওয়া – আমার
জীবনজুড়ে তুমি এতটাই আছো যেন এক ভরা নদী।
সিলমোহর
সময় থাকতে থাকতে নিজেকে খুঁজিনি;
খোঁজার চেষ্টাও করিনি কখনো—
যখন টের পাই তখন দেখি অন্যের
ঘরে দিয়ে ফেলেছি আমার সর্বস্ব।
ফিরে তো আর পাবই না, চাইতে গেলেই
সেই ঠিকানাও বদলে যেতে সময় যাবে না।
সময়ই আমাকে শেষমেশ কঠিন হওয়ার
সিলমোহর বসিয়ে দিয়েছে।
চির নবীন
ভালোবাসা কখনো পুরোনো হয় না, ভালোবাসার
কখনো বয়স হয় না-ভালোবাসা বসন্তের নব কিশলয়ের
মত চির নবীন, চির সতেজ প্রাণবন্ত, টাটকা।
ভালোবাসা সূর্যের মতো শুধুই উজ্জ্বল, আলোকময়,
ভালোবাসা আঁধার ছিঁড়ে নিয়ে আসে কেবলই প্রসন্ন প্রভাত।
ভালোবাসা ভালোবাসাই- সত্যিকার ভালোবাসার রঙ
কখনো ফিকে হয় না, কুয়াশার প্রলেপ পড়ে তাকে ধুসর করে দেয় না।
ভালোবাসা দিবানিশি গোলাপের সুবাস বয়ে আনে,
হৃদয়-মনকে রাঙিয়ে যায় কৃষ্ণচূড়ার হাসির মতো,
ভালোবাসা কখনো পুরোনো হয়ে না, ভালোবাসার
কখনো বয়স হয় না।
0 Comments