সোমদত্তা
শামুকসুখ
আজ বিকেলে যদি তোমায়
একমুঠো রোদ পাঠাই খামে,
ফেরত দেবে তুমি কি তা
না, গায়ে মাখার ঝুঁকি নেবে ?
ঝুঁকি নিয়ে ইচ্ছা করেই
বয়স মাপবে শরীর ঘিরে,
আড়াল করবে ইচ্ছাগুলো
রোদের বড় তীব্রতা যে।
পুড়বে কেন শরীর মন
ঘাটেই যখন নোঙর বাঁধা,
রোদের চুমু উষ্ণতা দেয়,
মাপবে তুমি নাব্যতা।
জানি তোমার নোঙর ফেলার
শব্দ জুড়ে থাকবো আমি,
মেঘলা মনে স্বাদ ছোঁয়াবে
শামুখসুখের একটুখানি।
শরীর জুড়ে ইচ্ছা জমে
রোদের চিঠি বন্দী খামে।।
দর্প
সাঁইজি, আমি ডুবছি,
ডুবছি আমি নীরবতায়,
নীরবতা আমার ক্ষিপ্ত প্রতিবাদ,
আমি জেগে আছি নৈঃশব্দে
নৈঃশব্দ আমার কোন এক দর্পের সুর,
আমি ঘুমিয়ে পরি অন্ধকারে,
অন্ধকার আমার আলেয়ার পথ,
আমার দুচোখে জলের ধারা,
সাঁই, চোখের জল
আমার নিরুচ্চারিত ভালবাসা।।
জলছবি
জলচিত্র চারিদিক,
উমা আসছে ,
ভাসছে আমার দু-ধার ভাসছে ,
শুধু আমার চোখ শুকায়,
যেন গ্রীষ্মের কোপাই।
চারিদিকে আলোর মাতন
আমার কোণের ঘর অন্ধকার,
প্রদীপ জ্বলে...
আবছা আলোয় মায়ের মুখ,
আমার গোপন গোপন সুখ,
আমার অন্ধকারে বাস...
সাঁইজি, আমার অন্ধকারেই বাস,
আমার দু চোখে সর্বনাশ।।
0 Comments