সুকমল ঘোষ
জিরো আওয়ার
পাথর খুঁড়তে খুঁড়তে
পাথর খুঁড়তে খুঁড়তে
প্রকাশ্যে বেরিয়ে এলো
পাথরের মুখ।
মাটি খুঁজতে খুঁজতে
মাটি খুঁজতে খুঁজতে
গোপনে হারিয়ে গেল
মাটির আদিম সুখ।
ঠিক, যে সময়টায় সূর্য ছুটি চায়
এবং চাঁদ জেগে ওঠার প্রস্তুতি নেয়।।
মতাদর্শ
বয়লারের ফার্নেসে আগুনের রং, এবং
জ্যৈষ্ঠের ভরা দুপুরের রঙে একটা ফারাক থাকে।
উৎপাদনের প্রক্রিয়া নাকি উপায়সমূহ
মানবিক মস্তিষ্ক নাকি মহাজাগতিক বৈষম্যের
কোনো তীব্র সংঘাত; অথচ
সমাধানসূত্রহীন 𝑥∞ উনুনের তপ্ত জলের
শস্যবিহীন হাঁড়ি;
শিফট ফেরতা শ্রমিকের মুখ সেকথা বলে না।
খিদের জন্যে একটা লড়াই বরাবরই থাকে
এবং
খিদের দাহ করবার কূটনৈতিক কৌশলও।
কে কোনটা,কিভাবে গ্রহণ করবে; তা
আর কেউ না হোক
দাঁড়িয়ে থাকা গাছেরা নিশ্চিত জানে।।
শিল্প এবং শ্রমিক সংবাদ
চিমনির ধোঁয়া ওঠে অনর্গল
অথচ, সাইরেন বাজে না শিফট শেষ হলে।
ধোঁয়ায় ঢেকে যায় যুবকের আকাশ;
অথচ, রাস্তায় ফ্যাক্টরির হেলমেট ঢাকা
কোনো শ্রমিক চোখে পড়ে না।
ওদের পরিবার আছে কিনা
আমি জানি না। পাড়াপড়শি হয়তো
কিছু টুকরো সংবাদ রাখে
অথবা রাখেনা।
তুমি কি কিছু জানো!
0 Comments