জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /প্রতাপ সিংহ

গুচ্ছ কবিতা 
প্রতাপ সিংহ

মায়াবতী মেঘে এলো তন্দ্রা

এরকম স্বপ্নালু পরিবেশ, 
আকাশ, মেঘ, রাত্রি – সবাই আচ্ছন্ন।  
অনেকদিন পরে এরকম একটা মনোমুগ্ধকর 
আবেশময় রাত্রি দেখছি, 
গাছের পাতা চুঁইয়ে চুঁইয়ে পড়ছে জ্যোৎস্না 
সবাই কেমন বিভোর হয়ে গেছে।   
এখন ঘুমোতে ইচ্ছে করে না। 
গান গেয়ে রাত্রিটাকে উপভোগ করতে ইচ্ছে হচ্ছে। একটা গান গাইবে অনসূয়া? 
সেই স্বপ্নের গান, সেই ঘুম কেড়ে নেওয়া গান, মায়াবতী মেঘে এলো তন্দ্রা ?


তোমার সঙ্গে দেখা না হলে
 
তোমার সঙ্গে দেখা না হলে 
আমি তো জানতেই পারতাম না
আমার একটা বাড়ি আছে, 
রাস্তা আছে অঢেল, 
আকাশ আছে তারায় তারায় মোড়া,
নদী আছে, সমুদ্র আছে, 
সমুদ্রের অন্তহীন ঢেউ আছে – 
তোমার সঙ্গে দেখা না হলে 
আমি তো জানতেই পারতাম না 
আমার চেনা-অচেনা অরণ্য আছে, 
কত নাম-না জানা গাছগাছালি আছে, 
পাহাড় ঝরনায় মুখরিত একটা ভূস্বর্গ আছে,  
তোমার সঙ্গে দেখা না হলে 
আমি তো জানতেই পারতাম না
আমারও একটা আলো ছড়ানো 
আশ্বাসের বিশ্বাসের তুমি আছে।


আবেশ
 
তোমার গান শুনতে শুনতে
মন ভালো হয়ে গিয়েছিল।
কী অপূর্ব গাইছিলে তুমি,
এরকম সুরেলা গান শুনতে শুনতে
মনে যেন কীরকম উতলা ভাব আসে।
মন হারিয়ে যায়।
তোমার গান শুনে আবেশে চোখ জড়িয়ে আসছিল,
সহজ কথায় বলতে হয়,
বিভোর হয়ে যাচ্ছিলাম।
এমন সময় দপ করে আলো নিভে গেল,
সারা ঘর অন্ধকার,
গানের আবেশ খান খান হয়ে গেল।
নিশ্ছিদ্র অন্ধকারে আমরা দুটি প্রাণী
জড়বৎ  বসে রইলাম।
🍂

Post a Comment

0 Comments