জ্বলদর্চি

অণুগল্প : ফিরে দেখা দর্পণ/তাপস বিশ্বাস

অণুগল্প 
ফিরে দেখা দর্পণ
তাপস বিশ্বাস 

​শ্রাবণের অন্তিম লগ্নে বৃষ্টিভেজা সন্ধ্যায় চেম্বারে পৌঁছানো মাত্রই হঠাৎ একটি স্কুটি এসে থামলো চেম্বারের সামনে। অর্ণব তখন পর্দার ফাঁক হতে সামান্য দেখার চেষ্টা করেও নিজের মোবাইলের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলো। সে মনে মনে ভাবলো রুগি হলেই তারা তার চেম্বারে ঢুকবে। কিন্তু যখন তারা দু'জনে চেম্বারে প্রবেশ করলো, তখন তাদের কণ্ঠস্বর চিনে নিতে বিন্দুমাত্র ভুল হলো না। তারা কোনো অচেনা রুগি নয়, বিগত দশ বছর আগের স্নাতকোত্তরের সহপাঠী বিশেষ সেই পরিচিত দুই বন্ধু, দু'জনে এখন তারা অন্তরঙ্গ জীবন সঙ্গী।

​স্নাতকোত্তরের পাঠ চুকিয়ে দশ বছর আগে যে সম্পর্কের ইতি টেনেছিল একতরফা নির্মমতায়, আজ তারা একটা পেশাদার চেম্বারের চার দেয়ালের মাঝে এসে থমকে দাঁড়িয়েছে। সেদিনের রিয়ার উচ্চাকাঙ্ক্ষা আর অর্ণবের ভালোবাসাকে তুচ্ছ করে সমস্ত উপহার ফেরত দেওয়ার দৃশ্যটা আজও অর্ণবের স্মৃতির সম্মুখে স্পষ্ট। ফেরত আসা সেই স্মারকগুলো এতবছর ধরে গচ্ছিত আছে অর্ণবের বেডের শোকেসের একটা তাকের হৃদয়বক্সে নিভৃত অনুতাপের মতো।

​কিছু সাধারণ কথাবার্তা, পরিবার ও নানা রোগ সম্পর্কিত কুশল বিনিময়ের পর ওঠার ঠিক আগের মুহূর্তে রিয়া হঠাৎ থেমে গেল। চোখ দুটো ওষুধের শোকেসের নানা প্রান্তে ঘোরা ফেরা করতে লাগলো। কিছু সময় পরে রিয়া বলল—
"অর্ণবদা, তোমার কাছে কি একটা আয়না হবে?"

​অর্ণব কিছু না বলে নিজের সামনের টেবিলের ডয়ার হতে ছোট একটি আয়না তার হাতে দিল। শোকেসের তলার সেই মরচে ধরা হৃদয়ের তাক হতে বের করে আনলো সেই ছোট্ট, ধুলোপড়া আয়নাটি—যা বিগত দশ বছর আগে ভালোবেসে রিয়াকে দিয়েছিল সে; আর যা ফিরতি ডাকে ফিরে এসেছিল বেদনার স্মারক হয়ে!
🍂
​অর্ণব বোতলের জলে আয়নার কাচটা ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিল। কাচের ওপর জমে থাকা দশ বছরের ধুলো মুহূর্তেই বিলীন হয়ে গেল!

​আয়নাটা রিয়ার হাতে তুলে দেওয়ার পর রিয়া তাতে অতীত ও বর্তমানের নিজের মুখটা দেখল। সে মুখে এখন আর আগের মতো চঞ্চল রূপের ছলাকলা নেই। আছে বেশ ক'টি বসন্ত পার করে আসা এক ভাঙা বিকেলের রূপান্তর। সময়ের নির্মম সত্য যেন প্রতিবিম্বে ফুটে উঠেছে—রূপ নয়, সময় মানুষকে বদলে দেয়। সময় কত সত্য—নিজেকে ফিরে দেখার ব্যাকুলতায় আজ প্রথম সত্য চিনল দর্পণ। অতীতের ভুলের জন্য যে নীরব আত্মসমর্পণ, তা রিয়ার চোখের কোণে একফোঁটা জল হয়ে দর্পণে ফুটে উঠলো কি না অর্ণব তা নিজেই আর ফিরে দেখার চেষ্টা করল না।

​আয়নাটা আর অর্ণবকে ফেরত দিল না রিয়া। সেটা হাতে চেপে ধীর পায়ে স্বামীর হাত ধরে চেম্বারের বাইরে বেরিয়ে গেল। আর অর্ণব নিজের চেম্বারের সামনে দাঁড়িয়ে বৃষ্টিভেজা রাস্তার দিকে তাকিয়ে রইল—বুকের গভীরে এতদিনের জমে থাকা একরাশ ক্ষোভ আর অভিমান যেন এই শ্রাবণের শেষধারার এক পশলা বৃষ্টির সাথে ধুয়ে মুছে সাফ হয়ে গেল!

Post a Comment

0 Comments