জ্বলদর্চি

সত্যজিৎ রায়ের স্মরণে আমার অনুভূতি /প্রসূন কাঞ্জিলাল

সত্যজিৎ রায়ের স্মরণে আমার অনুভূতি 

প্রসূন কাঞ্জিলাল


কেবল সত্যকে জয় করেই শান্ত থাকোনি তুমি, জয়ের দৃঢ়সংকল্প মাথায় নিয়ে জিতে নিয়েছো বাংলার তথা ভারতের অগণিত আবালবৃদ্ধবনিতার মনোরাজ্যগুলোও। তাইতো সত্যজিৎ হয়েও তুমি মনোজিৎ। হে হৃদয় সম্রাট তোমার অমর সৃষ্টিই তোমায় শুধু জয়ের সিংহাসনে অধিষ্ঠিত করেনি, তোমার অজেয় পৌরুষ আর ব্যক্তিত্বের উজ্জ্বলতায় তুমি নিজেই আজ জাজ্বল্যমান। প্রাণরাজ্যে তুমি আজ তাই একছত্র সম্রাট।

তুষারধবল কাঞ্চনজঙ্ঘা র শাখা প্রশাখা আজও তাঁর সেই কর্মময় জীবনের পথের পাঁচালী লিখে চলেছে। সেখানে গেলে আজও শোনা যাবে কিভাবে তিনি সমাজের গণশত্রু দের অশনি সংকেত কে তাঁর প্রাণের পরশপাথর এর পূণ্যস্পর্শে গড়ে তুলেছিলেন সোনার কেল্লা য়.... চারুলতা কিংবা অপুর সংসার এও তিনি বারবার আগন্তুক। জীবনের চিড়িয়াখানা য় গুপি গায়েন বাঘা বায়েন অথবা তিন কন্যা র সাথে আজও তাঁর একাত্মতা। তাইতো স্বর্গের দেবী ও জয়বাবা ফেলুনাথ বলে শ্রদ্ধা জানায় আর তাঁর মানবাত্মার সদগতি কামনা করে।
🍂
কে বলে তুমি আজ নেই। শিয়রে ভারতরত্নের দ্বীপ জ্বালিয়ে তুমি নাকি আজ ক্লান্ত। চির শান্তির কুসুমশয্যায় তুমি নাকি আজ শয়ান! আমি বলি না এ অসম্ভব। অরণ্যের দিনরাত্রি তে যাঁর জীবন কেটেছে হীরক রাজার দেশে, সীমাবদ্ধ জীবনের জলসাঘর এ যিনি এক অপরাজিত প্রতিদ্বন্দী, মহানগর এর ঘরে বাইরে যাঁর অভিযান, জন অরণ্যের যিনি হৃদয়জয়ী নায়ক, সেই সতরঞ্চ কি খিলাড়ীর মৃত্যু নেই। তিনি অজয় - অমর - অক্ষয় । দেশে বিদেশে তোমার সৃষ্টি আলোড়ন তুলেছে শুধু নয়, ভারতবাসীকে রবীন্দ্রনাথের পর আবার নতুনভাবে জেনেছে। এই চলে যাওয়া তো শুধু যাওয়া নয়, এ যেন বারবার ফিরে আসারই সংকেত।


Post a Comment

0 Comments