দোলনচাঁপা তেওয়ারী দে
অস্তিত্ব
আমি হারালে ক্ষতি কি?
আমার অস্তিত্ব তো শুধু একজন মানুষ হিসেবে। ভালো মানুষ, না খারাপ মানুষ!
পথের ধারে ওই যে কুকুর ছানাটি পড়ে আছে তারো কি অস্তিত্ব আছে? সে থাকলো বা গেল, কার কি যায় আসে? কিন্তু তার মা থাকলে, তাকে সারা বেলা খুঁজবে আদর করে গা চেটে দেবে,তবু কারো কি যায় আসে?
যে গাছগুলো শ্রাবণ মাসে লাগিয়েছিলাম, সেটা কি অনেক বড় হয়েছে? নাকি অযত্নে জলের অভাবে মারা গেছে। এতগুলো গাছের মধ্যে একটা মারা গেলে কার কি যায় আসে?
যে লাল বেড়ালটা পুষেছিলাম, এক মাস বয়স থেকে লালন, পালন করে এক বছর বয়স যার হয়েছিল, সে কি পালিয়ে গেল, নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেল? এতে কার কি যায় আসে!
আমার অস্তিত্ব নিয়ে আমার কিছু যায় আসে না, কিন্তু ওই কুকুর ছানা ছাড়া, ওই গাছগুলো ছাড়া,লাল বেড়াল ছানাটার জন্য,আমার অনেক কিছু যায় আসে। ওরা আমার প্রাণের, আমার মনের কাছে। ওরাই আমার বেঁচে থাকার উপাদান, ওদের অস্তিত্ব না থাকলে আমারও কোন অস্তিত্ব নেই।
ভালোবাসার পরিবেশ
পৃথিবী শুধু বাসস্থান নয়, সে আমাদের প্রথম আশ্রয়।
ভোরের বাতাসে গাছের নীরব শ্বাসে জেগে ওঠে জীবন।
তবু আমরা কেটে ফেলি সেই হাত, যে হাত আমাদেরই রক্ষা করে।
নদী স্বচ্ছ জল আকাশের ছবি আঁকে।
আর আমরা সেখানে ফেলে দিই ক্লান্ত সভ্যতার বিষ।
মাটির গভীরে জমে থাকে অবহেলার ব্যথা।
ধোঁয়ায় ঢাকা আকাশ নীরবে প্রশ্ন তোলে।
প্রকৃতি পাথর নয়, সে অনুভব করে আমাদের স্পর্শ।
একটি চারা রোপণ মানে ভবিষ্যতের প্রতি অঙ্গীকার।
একফোঁটা জল সাশ্রয় মানে একফোঁটা জীবন বাঁচানো।
সামান্য যত্নেই ফিরতে পারে পাখির গান।
শিশিরভেজা ভোর আবার হতে পারে স্বচ্ছ। এসো, ব্যবহার নয়, ভালোবাসা শিখি পৃথিবীর প্রতি।
সবুজকে রক্ষা করাই আমাদের নিজেদের রক্ষা।
ক্ষুদ্র আমরা, তবু পারি
এত বিশাল আকাশগঙ্গার নীল নীলিমায়,আমরা ক্ষুদ্র আলোর দানা,
তবু ভাবনার দীপ্তিতে জ্বলি, বুদ্ধির আগুনে প্রাণখানা।
ধূলিকণার মতোই ক্ষণিক জীবন, তবু স্বপ্ন অসীম দূর,
মানুষ বলে পরিচয় আমাদের, দায়িত্ব আছে ভরপুর।
পৃথিবী শুধু ভোগের নয়, সে মায়ের মতো স্নেহময়ী,
তার বুকে যত ক্ষত দিই আমরা, ফিরে আসে ব্যথা বিদুর।
নদীর জলে রাখি শুদ্ধতা, বনের গাছে দিই নতুন প্রাণ,
নীল আকাশে ধোঁয়া নয়,চাই পাখির ডানার গান।
হাতে ধরি হাত, ভাঙি বিভেদ, গড়ি সহমর্মিতার সেতু,
মানবতা হোক শ্রেষ্ঠ ধর্ম, ভালোবাসাই হোক রীতি।
ক্ষুদ্র হলেও শক্তি আছে, যদি জাগে সবার মন,
ব্রহ্মাণ্ডে ক্ষুদ্র আমরা, তবু বদলাতে পারি অনেক কিছুই।
0 Comments