দোলনচাঁপা তেওয়ারী দে
আজ ১৪ই অগাস্ট, ভারতের বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস। এই দিনেই ভারত ভেঙে ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্র গঠিত হয়। আসুন এই দিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করি।
ইতিহাসের ক্ষত, স্মৃতির
দায়, ভারতের ইতিহাসে ১৯৪৭ সাল একদিকে যেমন স্বাধীনতার আনন্দে উজ্জ্বল, অন্যদিকে তেমনই দেশভাগের গভীর ক্ষত ও মানবিক বিপর্যয়ের স্মৃতিতে বেদনাবিধুর। ব্রিটিশ শাসনের অবসানের সঙ্গে ভারত স্বাধীনতা লাভ করলেও দেশটি বিভক্ত হয় ভারত ও পাকিস্তানে। এই বিভাজনের ফলে লক্ষ, লক্ষ মানুষকে রাতারাতি নিজের জন্মভূমি, বাড়িঘর, সম্পদ ও পরিচিত জীবন ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়াতে হয়। দেশভাগের সেই বেদনাময় অধ্যায়কে স্মরণ করার উদ্দেশ্যে ভারতে প্রতি বছর ১৪ই অগাস্ট ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ পালন করা হয়।
দেশভাগ কেবল একটি রাজনৈতিক বা ভৌগোলিক ঘটনা ছিল না, এটি ছিল, কোটি, কোটি মানুষের জীবনে ঘটে যাওয়া এক গভীর মানবিক বিপর্যয়। সীমান্তের দুই পাশে বহু পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কেউ হারিয়েছিলেন পৈতৃক ভিটে, কেউ প্রিয়জন, কেউ আবার হারিয়েছিলেন জীবনের নিরাপত্তা ও স্বাভাবিকতার অনুভূতি। বহু মানুষকে অচেনা শহর ও অঞ্চলে নতুন করে জীবন শুরু করতে হয়েছিল। উদ্বাস্তু মানুষের দীর্ঘ যাত্রা, শরণার্থী শিবিরের অনিশ্চিত জীবন এবং হারিয়ে যাওয়া স্বজনের স্মৃতি দেশভাগের ইতিহাসকে আজও বেদনাময় করে রেখেছে।
🍂
দেশভাগের সময় মানুষের মধ্যে অবিশ্বাস ও সাম্প্রদায়িক উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছিল। বহু নিরীহ মানুষ সহিংসতার শিকার হন এবং বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হন। বিশেষ করে পাঞ্জাব ও বাংলার মানুষের জীবনে এর অভিঘাত ছিল অত্যন্ত গভীর। ট্রেন, সড়ক ও সীমান্তপথে মানুষের যে অবিরাম যাত্রা শুরু হয়েছিল, তা ছিল স্বাধীনতার পাশাপাশি এক অসহনীয় অনিশ্চয়তার প্রতিচ্ছবি। একটি পরিচিত পৃথিবী হঠাৎ করেই অচেনা হয়ে গিয়েছিল, তবে, এই অন্ধকার সময়ের মধ্যেও মানবিকতার বহু উজ্জ্বল দৃষ্টান্ত দেখা যায়। বিপদের দিনে অনেক মানুষ ধর্ম, ভাষা ও সম্প্রদায়ের বিভাজন ভুলে অন্য মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। অপরিচিত পরিবারকে আশ্রয় দেওয়া, ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া কিংবা বিপন্ন মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার মতো অসংখ্য মানবিক উদ্যোগও ইতিহাসের অংশ। তাই দেশভাগের স্মৃতি শুধু ঘৃণা ও বেদনার নয়, এটি মানুষের সহমর্মিতা, সাহস ও মানবিকতারও স্মারক।
‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ এর মূল তাৎপর্য এখানেই ইতিহাসকে ভুলে না গিয়ে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। অতীতের কষ্টকে স্মরণ করার অর্থ অতীতের প্রতি বিদ্বেষ ধরে রাখা নয়, বরং সেই স্মৃতি আমাদের মনে করিয়ে দেয়, সাম্প্রদায়িক বিদ্বেষ, অসহিষ্ণুতা ও বিভাজনের রাজনীতি সাধারণ মানুষের জীবনকে কতটা বিপন্ন করতে পারে।
আজকের প্রজন্মের কাছে দেশভাগ অনেকটাই ইতিহাসের বিষয়। স্বাধীনতার বহু দশক পরে জন্ম নেওয়া তরুণদের কাছে ১৯৪৭সালের ঘটনা সরাসরি অভিজ্ঞতা নয়, কিন্তু পরিবারের প্রবীণ সদস্যদের স্মৃতি, সাহিত্য, আত্মজীবনী, চিঠিপত্র এবং ইতিহাসের নানা দলিলে সেই সময়ের মানুষের অভিজ্ঞতা সংরক্ষিত রয়েছে। সেই স্মৃতিগুলিকে জানা জরুরি, কারণ ইতিহাস শুধু তারিখ ও ঘটনার সমষ্টি নয়, ইতিহাসের কেন্দ্রে থাকে মানুষ এবং তাদের জীবন।
বাংলার ক্ষেত্রেও দেশভাগের স্মৃতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে আসা বহু মানুষ নতুন পরিবেশে সংগ্রাম করে নিজেদের জীবন গড়ে তুলেছিলেন। উদ্বাস্তু কলোনি গড়ে উঠেছিল, নতুন পেশা ও জীবিকার সন্ধান করতে হয়েছিল, সন্তানদের ভবিষ্যৎ নির্মাণের জন্য অসংখ্য পরিবার কঠোর পরিশ্রম করেছিল। তাঁদের সংগ্রাম আজকের সমাজ ও সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ।
'বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস' তাই আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখে, আমরা অতীত থেকে কী শিক্ষা নেব? ইতিহাসের বেদনাকে যদি আমরা কেবল প্রতিশোধের অনুভূতিতে ব্যবহার করি, তবে সেই স্মৃতির প্রকৃত শিক্ষা হারিয়ে যাবে। বরং সেই স্মৃতি আমাদের আরও সহনশীল, মানবিক ও সচেতন করে তুলতে পারে। ধর্ম, ভাষা, জাতি বা অঞ্চল নির্বিশেষে মানুষের মর্যাদা রক্ষা করা যে একটি সভ্য সমাজের অন্যতম প্রধান কর্তব্য, দেশভাগের অভিজ্ঞতা আমাদের সেই কথাই স্মরণ করিয়ে দেয়।
এই দিবস পালন করার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো, দেশভাগে ক্ষতিগ্রস্ত মানুষের স্মৃতিকে যথাযথ সম্মান দেওয়া। তাঁদের অভিজ্ঞতা কেবল ব্যক্তিগত কষ্টের গল্প নয়, তা জাতির ইতিহাসের অমূল্য দলিল। নতুন প্রজন্ম যদি সেই অভিজ্ঞতাগুলি জানতে পারে, তবে তারা বুঝতে পারবে স্বাধীনতার মূল্য কত গভীর এবং শান্তি ও সম্প্রীতি রক্ষা করা কতটা জরুরি। দেশভাগ আমাদের শিখিয়েছে, মানচিত্রের রেখা কাগজে আঁকা যায়, কিন্তু মানুষের স্মৃতি, সম্পর্ক ও অনুভূতির ওপর সেই রেখার প্রভাব বহু প্রজন্ম ধরে থেকে যেতে পারে, তাই বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস শুধু অতীতের দিকে ফিরে তাকানোর দিন নয়, এটি ভবিষ্যতের জন্য সতর্ক হওয়ার দিনও।
স্বাধীনতার আনন্দের সঙ্গে দেশভাগের বেদনা ভারতীয় ইতিহাসে পাশাপাশি অবস্থান করে। সেই বেদনাকে অস্বীকার না করে, আবার তাকে ঘৃণার অস্ত্র না বানিয়ে, মানবিক শিক্ষা হিসেবে গ্রহণ করাই হতে পারে এই দিবসের প্রকৃত তাৎপর্য। বিভাজনের ক্ষত আমাদের মনে করিয়ে দিক, মানুষের মধ্যে প্রাচীর নয়, পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার সেতুই একটি শান্তিপূর্ণ সমাজের ভিত্তি। অতীতের বিভীষিকার স্মৃতি তাই ভবিষ্যতের সম্প্রীতির পথ দেখাক।
0 Comments