মানুষ নই, জীব
চোখ দিলে তো শুধুই চোখ!
ভস্ম করার আগুন কই?
অন্যায় সব দেখেও তো তাই
শীতল চোখে তাকিয়ে রই।
হাত দিলে তো শুধুই হাত!
টুঁটি টেপার শক্তি কই?
দানবেরা সব দাপিয়ে বেড়ায়,
দুর্বল হাত গুটিয়ে রই।
পা দিলে তো শুধুই পা!
মাড়িয়ে যাওয়ার সাহস কই?
জীবন পথটা ভরলে কাঁটায়
ভীরু পায়ে থমকে রই।
আবার যদি মাথা দিলে---
বুদ্ধি তাতে ভরলে কই?
তাইতো ফাঁকা মাথা নিয়ে
কোনও কাজের যোগ্য নই।
কণ্ঠ, জিহ্বা শুধুই দিলে,
অগ্নিভাষা বেরোয় কই?
মানুষের শুধু আকার ব'য়ে
একখানা জীব বৈ তো নই।
এমনিভাবে অঙ্গগুলি
করলে যদি নিষ্ক্রিয় ---
"মানুষ"নাম আর কেনই তবে
মোদের অন্য নাম দিও।
কোন্ পথ?
লিখতে গেলেই আগুন বেরোয়
বেরোয়না তো লেখা।
আগুন দেখেই ফুঁ দিয়ে দিই
হয় না কারো দেখা।
চারপাশটা তাকাই এবার
দেখলোনা তো কেউ!
বুকের মাঝেই ব্যথার মোচড়
উথাল পাথাল ঢেউ।
অন্তরে ভয়,বাহিরে ভয়
ভয়ের বৃত্তে বাস।
চুপেচাপে রাস্তা হাঁটা
জীবন রুদ্ধশ্বাস।
যে পথটাতেই পা টা বাড়াই
সবই কানাগলি।
কে পথ বানায়,কে যে চালায়
কাকেই বা কী বলি?
কোন্ পথে যে গেলে এবার
মিলবে আলোর দিশা?
দাও দেখিয়ে হে ভগবান
কাটাও অমানিশা।
কালান্তর
আর কে যাবি,তাল মিলাবি
যুগের তালে?
সব যদি যাস, পড়বি ধপাস
খাবেই কালে।
কেউ ঠিক বল্,রাস্তায় চল্
সাহস দেখা।
নইলে অধম, নেই তোর দম
ধ্বংস পাকা।
দেখ্ ইতিহাস, কে লাগায় ফাঁস
পাপের গলে?----
দলছাড়া হয়ে, যারা দুখ্ সয়ে
রাস্তা চলে।
করি অনুরোধ,ওরে নির্বোধ
শান দে বোধে।
থাক্ নির্ভয়, আসবেই জয়
কে আর রোধে?
কাটা ঘুম-ঘোর,বাড়া মন-জোর
তুফান তোল।
নিশ্চিত মানি, পাবি শেষে জানি
সুখের কোল।
আয় বিদ্রোহী,মোছ্ পদলেহী
মিথ্যাচারের।
খোঁজ্ যুগ-নেতা,আনরে বারতা
কালান্তরের।
মৃত্যুবরণ
প্রতিদিন দেখে দেখে মৃত্যুর এই রাজ,
স্বপ্নেতে একদিন দেখা দিলো যমরাজ।
যমরাজে বলি,"টানো, তোমার ওই খাতাটা।
আয়ু মোর দেখে নিই, ওল্টাও পাতাটা।"
যমরাজ বলে, " সেটা জেনে কী হবে?
দিন তব কেটে যাবে এইমতো নীরবে ।
পেয়েছো তো বহুক্ষণ বহুদিন ধরাতে।
কী করেছো পৃথিবীর জঞ্জাল সরাতে?
গুণীজন বোঝে শুধু সময়ের মূল্য।
এ ধরায় কিছু নেই এধনের তুল্য।
যদি জানো আর আছে মোটামুটি এক মাস, পারবে কি তবু যেতে গুণীদের আশপাশ?"
কথা শুনে হতবাক্!সত্যি তো ভাবিনি।
মৃত্যু আসবে জেনেও কোনো কাজ করিনি।স্বার্থের ডুব জলে পার করি দিন সব।
মৃত্যুকে হারাতে তুলিনাতো কলরব।
ভাবতে ভাবতেই দেখি নেই যমরাজ।
ঘুম চোখে চেয়ে দেখি ঊষার এই মিঠে সাজ।
মনের ব্যথা
পণ করেছি খুলবো না চোখ,
দেখবো না এই দেশ।
যতোদিন না পাপী সাজা পায়,
পাপের না হয় শেষ।
এ কালো দেশে, এ কালো যুগে
ন্যায় আঁধারেতে ঢাকা।
অন্যায়-বোঝা মাথা চেপে করে
মেরুদণ্ডটা বাঁকা।
ভীরু জীব মোরা দিনটি কাটাই
নিয়ে সবেতেই ভয়।
চোখ,কান,মুখে তালা দিয়ে খুঁজি
নিরাপদ আশ্রয়।
শুধু প্রাণটুকু শরীরেতে ধরে
বেঁচে থাকি মোরা নিতি।
মান সম্মান সব ভুলে বাঁচি
এমনি জীবন প্রীতি।
"মানুষ" নামের শব্দটা আজ
হারায়েছে তার মানে।
তাই খুঁজে যাই নতুন শব্দ
এ যুগের গানে গানে।
0 Comments