জ্বলদর্চি

পড়শী নগর-- ১/ অলক্ষ্মী বিদায়/ চিন্ময় দাশ


পড়শী নগর-- ১
অলক্ষ্মী বিদায়

চিন্ময় দাশ

লক্ষ্মীবিরোধিনী দেবী হিসাবে নরকদেবতা, কালকর্ণী, কালকর্ণিকা, জ্যেষ্ঠাদেবী-- অভিধানে এরকম সব অর্থ করা হয়েছে অলক্ষ্মীর। ‘পদ্মপুরাণ’-এর উত্তরখণ্ডে অলক্ষ্মীর সম্বন্ধে বলা হয়েছে - 'সমুদ্রমন্থনে ইহার উৎপত্তি। ইনি কৃষ্ণবর্ণা দ্বিভূজা কৃষ্ণবসনা লৌহাভরন্ভূষিতা শর্করাচন্দনচর্চিতা সম্মার্জনীহস্তা ও গর্দভারূঢ়া। কলহ ইঁহার প্রিয়, দারিদ্র্য ইহার সহচর। দীপান্বিতা অমাবশ্যায় প্রদোষে গোময়-পুত্তলিকায় কৃষ্ণপুষ্পে বাম হস্তে ইঁহার পূজার বিধান আছে। সুর্পবাদ্যের সহিত প্রদোষে বা নিশীথে গৃহসীমান্তে ইহার বিসর্জন করিতে হয়। অনাচারবহুল গৃহ ইহার প্রিয় স্থান।'
এই উত্তরখণ্ডে অলক্ষ্মীর উৎপত্তি সম্বন্ধেও একটি বিবরণ আছে - প্রথমবার সমুদ্র মন্থনের পর মহাদেবকে প্রণিপাত করে দেবতারা ক্ষীরসাগর মন্থন করতে লাগলেন। তখন সমুদ্র থেকে জ্যেষ্ঠাদেবী উঠলেন। তাঁর গলায় রক্তমালা, তিনি জানতে চাইলেন-- তোমরা বল, এখন আমাকে কী করতে হবে?
দেবতারা বললেন - যে বাড়িতে সবসময় ঝগড়াঝাঁটি হয়, যে বাড়িতে সবসময় 'খাপরা, তূষ, অঙ্গার, অস্থি, ভস্ম, কেশ, প্রভৃতি পড়ে থাকে; যে মিথ্যাবাদীরা সবসময় কর্কশ কথা বলে; যে দুর্মতিরা সন্ধ্যাবেলায় শুয়ে থাকে; যে লোক প্রথমে পা না ধুয়ে আচমন করে; যারা তেলের পিঠা, নক্ত, কাঁকুড়, সজিনা, গুঞ্জন, ছত্রক, বিড়বরাহ, বেল, ঝিঙ্গা, লাউ, খায় বা খাওয়ায়-- তুমি সেই নরাধমদের বাড়িতে গিয়ে বাস কর।
‘পদ্মপুরাণ’-এ অলক্ষ্মীর পূজা এবং বিসর্জনের যে কথা বলা হয়েছে, আমাদের গ্রামাঞ্চলে আজও তা পালন করা হয়। অলক্ষ্মীর পূজার বিধান দীপান্বিতা অমাবস্যার রাতে। সেদিন সন্ধ্যার পর নিয়ম ও রীতি অনুসারে প্রথমে লক্ষ্মীর পূজা করতে হয়। তার পর, পুরোহিত সেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে, অলক্ষ্মীর পূজা করেন।
 গোবর আর মাটি মিশিয়ে তাঁর মূর্তি তৈরি হয়। তাঁর ধ্যান ও প্রণামের নির্দিষ্ট মন্ত্র আছে। কেবলমাত্র কালো রঙের ফুল দিয়েই পূজা করা হয় দেবীর। ধ্যান শেষ হলে, পুরোহিত ঠাকুর পিছন দিকে মুখ ফিরিয়ে, কালো ফুল দিয়ে দেবীকে প্রণাম করেন। 
সেসময় বাড়ির ও প্রতিবেশীদের একদল শিশু পূজার কাছে জমায়েত হয়। কখন পূজার শেষ হবে, সেই প্রতীক্ষায় সময় গুনতে থাকে তারা। পূজার শেষে পুরোহিতের প্রণাম সারা হলে, শুরু হয় ছেলেমেয়েদের এক বিচিত্র অনুষ্ঠান। তারা প্রত্যেকে নিজের নিজের বাড়ি থেকে একটি করে ভাঙা কুলা হাতে নিয়ে আসে। পুরোহিত ঠাকুর বিদায় হয়ে যাওয়ার পরেই, তারা তাদের কাজ শুরু করে দেয়। কুলার বাজনা বাজিয়ে সুর করে ছড়া কাটতে থাকে - 'মা লক্ষ্মী ঘরে এস, অলক্ষ্মী দূর হ'।
প্রকৃতপক্ষে কুলা সবার হাতে থাকে না। সব পরিবারে সব ছেলের জন্য তা পাওয়া সম্ভবও নয়। পরিবারের পুরাতন কুলাটি দিয়ে দেওয়াই রেওয়াজ। সেই পরিবারের বাকি ছেলেদের হাতে থাকে একটি করে 'চাটা'। গ্রামাঞ্চলে তালগাছ এবং তালের পাতা সহজলভ্য। তালের পাতা থেকে পাখা যেমন তৈরি হয়, তেমনই ব্যবহার যোগ্য আরও বহু জিনিস তৈরি হয় তালের পাতা থেকে। যেমন : 'পাখিয়া' (বর্ষার সময় মাথা ও শরীর ঢাকার জন্য মাথা থেকে কোমর পর্যন্ত লম্বা এক ধরনের ছাতা), 'টোকা' (এক ধরনের ছড়ানো টুপি), 'টুকরি' (প্রধানত মিষ্টান্ন রাখার ছোট আকারের ঝুড়ি), ‘টোকনা’ (শীতের দিনে তাল বা খেজুর গাছে রস কাটার সময়, হাঁসুয়া ইত্যাদি রাখার জন্য শিউলীদের ব্যবহৃত থলে। কোমরের পিছনে বেঁধে রাখা হয়) থলি বিশেষ।  এবং 'চাটা'। মাটিতে পেতে বসার জন্য, চার কোণা আসন বিশেষ। গ্রাম এলাকায় অধিকাংশ পরিবারে, এই চাটা পেতে বসাই রেওয়াজ। বিশেহত খাওয়ার সময়। 
অলক্ষ্মী পূজার পর জমায়েত হওয়া ছেলেরা সারি বেঁধে দাঁড়ায়। সেসময় বাম হাতে কুলা অথবা একটি করে চাটা সবার হাতেই থাকে। ডান হাতে থাকে একটি কঞ্চির লাঠি। সেই লাঠি দিয়ে সজোরে কুলা এবং চাটা বাজাতে বাজাতে, ছেলের দল পাড়া বা গ্রামের কিছু এলাকা পরিক্রমা করে। 
সেই পরিক্রমার সময় বহু এলাকাতেই ছেলের দল একটি ছড়া কাটে। সেই ছড়ায় অলক্ষ্মীর কোন উল্লেখ পাওয়া যায় না। মানুষের উপর উপদ্রবকারী কীট-পতঙ্গের মধ্যে মশাই সবার চেয়ে অগ্রগণ্য। তাই তাদের প্রতিনিধি হিসাবে মশার বিরুদ্ধেই যেন শিশুদের জেহাদ বা অভিযান প্রকট হয়ে ওঠে ছড়াগুলিতে। সারা পূর্ব মেদিনীপুর জুড়ে আজও তা প্রচলিত আছে - "ঢারে মশা ঢা, নলবাড়িকে যা। নলের চঙা পঙায় দিয়া স্বর্গে উঠ্যা যা।।" 
পশ্চিম মেদিনীপুরে কাঁসাই এবং শীলাবতী নদীর দু'পারের গ্রামগুলিতে একটু ভিন্ন ভাবে ছড়া কাটা হয় - "ঢারে মশা ঢা। এ পাড়ার সব মশা ওপাড়াকে যা।।" 
ছড়াটি উচ্চারণের তালে তালে, কুলা আর চাটায় পড়তে থাকে লাঠির আঘাত। আর শিশুদের উচ্চকণ্ঠের ছড়ায় সারা পাড়া মুখরিত হয়ে ওঠে।
শহুরে জীবনে যেটি ‘দীপান্বিতা অমাবস্যা’, গ্রামের লোকজীবনে তার নাম 'জ্বলা অমাবস্যা', বা জ্বালা অমাবস্যা’। সেদিন ভোর রাতে উঠোনে, গোবরগাদায়, চাষের জমিতে আগুন জ্বালাবার রীতি আছে। 
বিকেল থেকে বসতের বাড়িটি আর গোয়ালঘরের চারপাশ ভাল করে ঝাঁট দিয়ে, সমস্ত আবর্জনা স্তূপ করে রাখেন গৃহিনীরা। পুরুষেরা চাষের জমিতে খড়-নাড়া ইত্যাদি জমা করে রাখেন। সারা রাতব্যাপী শ্যামাপূজার পর, ভোরবেলা পুরুষরা সেই আবর্জনা আর নাড়া-বিচালীর স্তূপে আগুন জ্বেলে দেন। 
আসলে, তখন হেমন্তের শুরু। শাকসবজি চাষের সূচনা কাল। এই আগুনে ক্ষতিকর কীটপতঙ্গ বিনষ্ট হয়। সেই কারণেই ধর্মীয় আচারের মোড়কে আজও এই রীতিটি প্রচলিত আছে।
মেদিনীপুর শহর ও তার আশপাশে ঐ ভোররাতেই মেয়েদের একটি ব্রত পালন করতে দেখা যায়। পূব আকাশে শুকতারা উঠলে, পরিবারের মেয়েরা বাড়ির সামনের উঠোনে তুলসীতলায় পিটুলি গোলা জলে একটি বড় চৌকা ঘর কাটেন। তার ভেতরে থাকে অনেক ছোট ছোট খোপ। প্রতিটি খোপে ধান, গম, সরষে, তিল, যব, সব রকম সবজি, জিরা, হলুদ, ধনে ইত্যাদি রাখা হয়। শেষের দুটি ঘরে রাখেন-- সোনা ও রূপো। সংবৎসর সংসারের মঙ্গল কামনায় মন্ত্র পড়ে, তাঁদের ব্রতের শেষ হয়।
অমাবস্যার ভোরে চারিদিক তখন কুয়াশার চাদরে মোড়া। বাড়ির আনাচে কানাচে, ধানের খেতে এখানে ওখানে প্রজ্বলন্ত আগুনের কুণ্ড। তাতে অবশ্য শিখার চেয়ে ধোঁয়ার কুণ্ডলীই উঁচু। আর পাড়াময় শিশুদের উচ্চকণ্ঠের ছড়া কাটার বেসুরো নিনাদ। সাথে কুলা আর চাটা বাজার ঢক্কানিনাদ। গ্রামের পর গ্রাম জুড়ে সেই একই জলছবি। সারা বছরে এমন বিচিত্র অনুষঙ্গ নিয়ে ভোর হয় এই একবারই। 
🍂

Farewell to Alakshmi

As an anti-Lakshmi goddess, Alakshmi has been described in dictionaries as a goddess of misfortune, Kalkarni, Kalkarnika, Jyeshtha Devi—in all such meanings.
In the Uttara Khanda of the ‘Padma Purana’, Alakshmi is described as - 'Her origin is from the churning of the ocean. She is dark-complexioned, two-armed, wearing black clothes, adorned with iron ornaments and smeared with sugar and sandalwood. She holds a broom in her hand and rides a donkey. Quarrel is dear to her, poverty is her companion.’
On the evening of the Deepanvita Amavasya, there is a ritual to worship her on the left hand with Kusumbha flowers in a cow-dung effigy. She should be immersed at the boundary of the house in the evening or at midnight along with winnowing fan seeds. A house full of misconduct is her favorite abode. In this Uttara Khanda, there is also a description of Alakshmi's origin - After the first churning of the ocean, the gods bowed to Mahadev and began churning the ocean of milk. 
Then from the ocean arose Jyeshtha Devi. She had a garland of blood around her neck and asked - Tell me, what should I do now? 
The gods said - Go and live in the house where there is always quarrel,;where potsherds, broom, charcoal, bones, ash, hair etc. always lie scattered; where liars always speak harsh words; where the wicked lie down in the evening; where people perform achaman without first washing their feet, and those who eat or feed others oil-cakes, eaten at night, cucumber, drumstick, music, mushrooms, meat of wild boar, wood-apple, bisa, bottle-gourd.
In the Padma Purana, the worship and immersion of Alakshmi that is mentioned is still observed in our rural areas today. The ritual for Alakshmi worship is on the night of Deepanvita Amavasya. That evening, according to rules and customs, Goddess Lakshmi is worshipped first. Then the priest goes out of that house and worships Alakshmi. 
Her idol is made by mixing cow dung and clay. There are specific mantras for her meditation and salutation. The goddess is worshipped only with black flowers. After meditation, the priest turns his face backwards and salutes the goddess with black flowers. 
At that time, a group of children from the house and neighbors gather near the worship. They keep counting time, waiting for when the worship will end. When the priest finishes his salutation, a strange ritual of the children begins. Each of them brings a broken winnowing fan (kula) from their own house. As soon as the priest leaves, they start their work. Beating the kula like a drum, they recite a rhyme in tune - 'Mother Lakshmi, come home, Alakshmi, go away.'
In fact, not everyone has a kula in hand. It is not possible to have one for every boy in every family. It is customary to give away the old kula of the family. The other boys of that family have one 'chata' each in hand. In rural areas, palm trees and palm leaves are easily available. Just as fans are made from palm leaves, many other usable things are also made from palm leaves.
For example: 1. 'Pakhia' - a kind of long umbrella from head to waist to cover head and body during the rainy season. 2.'Toka' - a kind of broad hat. 3. 'Tukri' - a small basket mainly for keeping sweets. 4. Tokna - a special bag used by toddy tappers (tied behind the waist) to keep the sickle etc. while cutting sap from palm or date trees.5. 'Chata' - a special mat for sitting on the ground. In village areas, it is customary for most families to sit on this chata.
After the Alakshmi puja, the assembled boys stand in a line. At that time, everyone has a kula or a chata in their left hand. Beating the kula and chata vigorously with a stick of cane in the right hand, the group of boys circumambulates the neighborhood or some part of the village. At that time, in many areas, the group of boys recites a rhyme. 
In that rhyme, there is no mention of Alakshmi. Among the pests that torment humans, mosquitoes are the foremost. So it seems as if the children's jihad or campaign against mosquitoes as their representative is revealed in the rhymes. It was like that even fifty-sixty years ago. The rhyme which the present author himself recited in his childhood, while circumambulating the neighborhood is still prevalent throughout East Midnapore - "Dhare masha dha, nalbarike ja. Noler chonga pongay diya sorge uthya ja." 
In the villages on both banks of the Kansai and Shilabati rivers in West Midnapore, the rhyme is recited in a slightly different way - "Dhare masha dha. Eparar sob masha oparake ja." 
To the rhythm of the recitation, sticks fall on the kula and chata. And the whole neighborhood becomes vibrant with the loud recitation of the children.
In urban life it is Dipanwita Amavasya, in village folk life its name is 'Jwala Amavasya'. That day there is a custom of lighting fire in the courtyard, on the cow-dung heap, and in the cultivated land early in the morning. From the afternoon, housewives sweep the house and cowshed surroundings well and pile up all the garbage. Men pile up straw etc. in the cultivated land. 
After Shyama Puja, in the early morning, men set fire to that garbage and straw. In fact, then it is the beginning of Hemanta season. It is the beginning of vegetable cultivation. Harmful insects are destroyed in this fire. For this reason, this custom is still prevalent in the guise of a religious ritual.
In Midnapore town and its surroundings, girls are seen observing a vow at that very dawn. When the morning star rises in the eastern sky, the girls of the family draw a large square map with rice-paste water in the courtyard in front of the Tulsi Mancha. Inside that map there are many small chambers. In each chamber they keep paddy, wheat, mustard, sesame, barley, all kinds of vegetables, cumin, turmeric, coriander etc. In the last two chambers they keep gold and silver. 
Their vow ends with chanting mantras praying for the welfare of the family throughout the year. On the morning of Amavasya, all around is then wrapped in a sheet of fog. Here and there, near the houses and in the paddy fields, are blazing fire pits. In them, the coil of smoke is higher than the flame. And throughout the neighborhood is the discordant sound of children reciting rhymes loudly. Along with the sound of kula and chata being beaten. Village after village, the same watercolor picture. Only once a year does dawn break with such a strange accompaniment.

Post a Comment

0 Comments