প্রিয়াঙ্কা সুই
অপূর্ণতা
কিছু চেয়ার খালি আছে ,
কিছু দরজাও খোলা।
মানুষ চলে যায়, রেখে যায় গন্ধ।
যা খোলা জানালা দিয়ে বাইরে যায় না
আকাশ ছুঁয়ে দেখার ইচ্ছে হয় না তাদের।
সময় সব অভিমান মুছে দেয়, শুধু থেকে যায় নীরবতা।
যেটুকু অভিমান থাকে স্মৃতি হয়ে,তা কুয়াশার মতো শান্ত।
শূন্যতা একাকিত্বের ভয় নয়, শূন্যতা সব হারিয়েছে তা বোঝার সহজ অনুভুতি।
যুদ্ধ শেষ হয় না
"তুমি বলো সব ঠিক আছে"
আমি দেখি আকাশে ধোঁয়া, রাস্তায় আতঙ্ক,সবুজ ঘাসে
লাল রক্তের ছায়া,মানুষের চোখে অদৃশ্য প্রশ্ন,শৈশব হারানোর যন্ত্রণা।
সব ঠিক আছে -
এই কথাটাই সবচেয়ে বড় মিথ্যা।
ইতিহাস জয়ীদের নাম মনে রাখে,পরাজয়ের কান্না স্মৃতিতে ধীরে ধীরে আবছা হয়।
মানুষ যখন কাঁদে,নীরব থাকে তখনও অন্যায় কে বাঁচিয়ে রাখা হয়।
তবু একদিন পৃথিবী বুঝবে
মানুষের যন্ত্রণা কে হারিয়ে
কোনো যুদ্ধ জেতা যায় না ।
🍂
প্রতিশ্রুতির অন্তরাল
প্রতিশ্রুতি উচ্চারণের আগে
নীরবতা কেঁপে ওঠে,
শব্দ জানে সে নিজের চেয়েও বড় কিছু সৃষ্টি করেছে।
প্রতিশ্রুতির অর্থ সময়ের বিরুদ্ধে বিনম্র বিদ্রোহ।
ক্ষণস্থায়ী মানুষেরা অমর হতে চায় বিশ্বাসের ভিতর।
কেউ দেখে না কত বিনিদ্র
রাত জেগে থাকে কথায়,
কত অশ্রু চাপা পড়ে মুখোশের অন্তরালে।
প্রতিশ্রুতি শুধু সম্পর্ক ভাঙ্গে না,ভাঙ্গে নিজেকেও।
তাইতো আয়না প্রশ্ন করে তুমি কি তোমাকেই রক্ষা করতে পেরেছো?
তাও কিছু প্রতিশ্রুতি থাকে মাটির মতো স্থির,ঝড় এলে শিকড় আরো গভীরে যায়।
সে এক অন্তর্লোকের শপথ,
যেখানে সত্যির কাছে মানুষ নিজেকে সমর্পণ করে।
0 Comments