গুচ্ছ কবিতা
আবদুস সাত্তার বিশ্বাস
ভাবনা প্রত্যাহার
তুমি কাকে সুখী ভাবছ,
গ্রানাইট পাথর বসানো বড়ো বাড়ির ওই ভদ্রলোককে,
তাঁর ওপর দেখে?
তুমি তাঁর কাছে যাও, খানিক বসো; কথা বলো।
তিনি যে সুখী নন,
তুমি বুঝতে পারবে।
তাঁর বুকের ভেতর থেকে বেরিয়ে আসবে
অসংখ্য দু:খ...
তিনি ভালো খাবার খেতে পান না,
শরীরে নানান অসুখ,
ট্যাবলেট ছাড়া বাঁচেন না,
ব্যাবসায় লস,
বাড়িতে নানান ঝামেলা,
আরও অনেক কথা শুনতে পাবে।
তুমি ভাবো, তুমি একমাত্র অসুখী মানুষ!
ভাবনা প্রত্যাহার করো।
তোমাকে একটা ভালো মানুষ হতে হবে
মানুষকে ভালোবাসো,
শুধু মানুষকে ভালোবাসলে হবে না
যে দেশে বাস করো
সেই দেশকেও ভালোবাসো।
সেই দেশের প্রতি শ্রদ্ধাশীল হও,
দেশের নিয়ম-নীতি মেনে চলো---
তোমাকে একটা ভালো মানুষ হতে হবে।
তুমি কোনোদিন বারণ করবে না
তোমার গাল দুটো কী সুন্দর, টলটলে!
ঠোঁট ভীষণ নরম।
রোজ এত এত চুমো খাই,
তাও চুমো খাওয়ার ইচ্ছে যায় না;
তুমি কোনোদিন বারণ করবে না, বলো?
0 Comments