জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/ সুরজিৎ গুছাইত

গুচ্ছ কবিতা 
সুরজিৎ গুছাইত 

মুক্তি

ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যায়,
আবেশে, ভালোবেসে আকাশে ,
কানে আসে তাদের কলকাকলি।
চঞ্চল হয় আমার মন
অলস দুপুরে বসে বসে ভাবি—
বড় সাধ হয়—
পাখি হয়ে উড়ে যাই,
মিশি গিয়ে ওদেরই দলে।
তারপর হঠাৎই ছিন্ন করুক
এক বিষাক্ত তীর—
আমার পাঁজরখানি,
আহত হয়ে লুটিয়ে পড়ি মাটিতে।
হয়তো কোন গৌতমের কোলে,
 মৃত্যুর বদলে পাব মুক্তি।


স্বাধীনতা

ফটো ফ্রেমে বন্দী কেন?
মানবজমিন, স্বাধীনতা।
হৃদয় খুঁড়ে দেখতে পেলাম 
ইতিহাসের বোকা কথা।

সাজানো সেই গল্প কথা
এভাবেই মিথ্যে নয়,
দেশের ভালো চাইলে পরে 
শহীদেরই জন্ম হয়।

তাইতো যখন তোমার দিকে
 তাকাই অধীর চোখে,
স্বাধীনতা দেখি অহল্যা বেশে
   পাথর চরম শোকে।


সাদা খাতা

বেরিয়েছি যেই হল থেকে 
দেখা ভানুর সাথে,
মনমরা হয়ে দাঁড়িয়ে আছে
প্রশ্নখানি হাতে।

বললাম আমি," পরীক্ষা তোর 
 কেমন হল ভানু",
সবাই জানে দুই বন্ধু 
অঙ্কে কেমন ঝানু।

শুনে ভানু বলল হেঁকে,
" প্রশ্ন গুলো যা- তা,"
তোর মতো আমিও দিলাম
পুরোই  সাদা খাতা।

সাদা খাতায় চাকরী পাকা 
মিলিয়ে নিবি ঠিক, 
মাখো তেল ফেলে কড়ি 
এই অপশানে টিক।

🍂

Post a Comment

0 Comments