দীপঙ্কর সাঁতরা
গীতগোবিন্দম্
প্র্যাকটিস টিচিংয়ে এসে বছর তেইশের কথক এগারোর ক্লাসে পড়াচ্ছে পদাবলী
সাথে মন্থন করে চলেছে গোবিন্দের গীত
ক্লাসরুমের জানালায় উঁকি দিয়ে শুনছে আমের সুবাসিত মুকুল
একেবারে লাস্ট বেঞ্চে গালে হাত দিয়ে বসে আছে রাধিকা
ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে কথকের দিকে
ফ্যানের গন্ধ
ন্যাতা কাপড়ে অলৌকিক ফ্যানের গন্ধ
মাথায় আঁচল তুলে প্যাকাটি জ্বালতে জ্বালতে
উনুনের সাথে এক মনে কথা বলে চলেছে মা
একাই বলে চলেছে
খোকা তার ইদানীং ভালবাসছে এক নরম কিশোরীকে
প্রত্যাবর্তন
তোমাদের আসার কথা ছিল না তো
ধীরে ধীরে যৌবন চলে যাবার শেষ পর্বে তোমরা এলে কেউ জানলো না
বাতাসে আগুন লাগল সমুদ্রে উত্তাল বিলাপ
বনে জঙ্গলের গৈরিক মাটিতে উড়ে যাচ্ছে উদভ্রান্ত ধুলো বালি
এগুলো কোন স্বাভাবিক উপসর্গ নয় মোটেও
পথে নামার প্রাথমিক কনসার্ট
অপেক্ষা করো আমরা আসছি
0 Comments