জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/ সুবর্ণা নাগ

গুচ্ছ কবিতা 
সুবর্ণা নাগ

ভারতবর্ষ 

    
বিশ্ব ভারত,
বিস্ময় ভারত!
অতীত ভারত জানে।
কালে ভারত
যুগে ভারত 
ভারত সবখানে।
ভোটে ভারত 
জোটে ভারত 
একলা ভারত লড়ে ।
বিধান ভারত 
বিধাতা ভারত 
ভারত ঘরে ঘরে।
পতাকা ভারত 
স্তম্ভ ভারত 
ভারত প্রভাত- গানে।
ক্ষণিক ভারত 
চিরন্তনী—
ভারত সবার প্রাণে।


পরিযায়ী 

আমাদের দেশের ভেতর বিদেশ আছে..
বাইরে থেকে সব বেশ আছে।
শুধু মন ফিরতে চায় ,
বোম্বে থেকে খড়দায়,
পুনে থেকে বারাসাতে,
দশরা থেকে দশমীতে 
সম্বর থেকে ডাল ভাতে,
ফিরতে চায় ।

পাখির বাসা গেছে ভেঙে,
চাল কুড়োতে অন্য উঠোনে,
চড়াই ও শুনছি আজ পরিযায়ী।


ছলনা 

তোমার ভালোবাসায় ভাঙতে ভাঙতে,
আমার প্রেম গুঁড়ো গুঁড়ো।
কখন যেন আরও মিহি হয়ে 
বাতাসে মিশেছে।
শুধু আঘ্রাণ রয়ে গেছে,
আশেপাশে। 
সেই প্রেম আজকাল মেঘ হয়ে ভেসে যায়—
অপেক্ষা করি, 
যদি বৃষ্টি নামায়! 
আদতে তুমি মরুভূমির মতো 
শুষে নেবে সবটুকু। 
বাতাস-মেঘ- বৃষ্টি মিথ্যে হয়ে যায় 
তোমার মরীচিকার কাছে

🍂

Post a Comment

0 Comments