জ্বলদর্চি

অণুগল্প : চৌকিদার/ বিশ্বজিৎ অধিকারী

অণুগল্প  : চৌকিদার/ বিশ্বজিৎ অধিকারী

বুড়ো চৌকিদারের মনটা কেমন হুহু করে ওঠে। কাজ ছেড়েছে অনেককাল, এখন ঘরের দাওয়ায় বসে সারাদিন বিড়ি ফোঁকে, খুকখুক করে কাশে। তার পোস্টটাই সরকার তুলে দিয়েছে, এখন গাঁগঞ্জে নাকি আর চোর নেই। 

কী যে মনে হল একদিন, পুরনো অভ্যেসে, বুড়ো রাতদুপুরে বেরিয়ে পড়ল। 

কুকুরের নাক বুড়োর, দূর থেকে মানুষের গন্ধ টের পায়। আঁধারে আঁধার হয়ে থেকে বুড়ো দেখল রাস্তায় গলিতে অনেক লোক। সবাই একে অন্যকে এড়িয়ে হাঁটছে পা টিপে-টিপে। হাওয়া শুঁকে বুড়ো বুঝল পাড়ারই গৃহস্থ লোক সব।

নিজের ভুলেই আচমকা একজনের মুখোমুখি। নাম ধরে ডাকতে যাবে, লোকটা তার হাতে একটা বাক্স ধরিয়ে দিয়ে ধোঁয়া হয়ে গেল।

বাক্স ভরতি গজু ময়রার উপাদেয় মোয়া। কাকভোরে বাড়ি ফিরে সে-বাক্স এমন জায়গায় লুকিয়ে রাখল বুড়ো যেন বুড়িও না হদিশ পায়।

🍂

Post a Comment

0 Comments