শ্যামলকান্তি দাশ ও অনিতা অগ্নিহোত্রী-র কবিতা
শ্যামলকান্তি দাশ
আমি এক বঙ্গোপসাগর
আমি এক ছোটোখাটো বঙ্গোপসাগর,
নবরূপে দৃশ্যমান আমি এক সংক্ষুব্ধ বঙ্গোপসাগর,
এক লক্ষ শ্রমিকের বহু পরিশ্রমে গড়া
আমি এক বঙ্গোপসাগর,
আমাকে নেবে না তুমি বুক পেতে
সে আমি ভালোই জানি,
কুহেলিকা ঘেরা ওই তোমার বুকের স্থান কতটুকু,
সে আর আমার চেয়ে কে বেশি বুঝবে!
আমার ঊর্মিমালা ততদূর দেখা যায়
যতদূর চোখ যেতে পারে!
আমার রহস্য আজ ভেদ করতে
একদল সমুদ্রপ্রেমী এখানে এসেছে!
প্রত্যাবর্তন
অনিতা অগ্নিহোত্রী
যেখানে তাকে শেষ দেখা গিয়েছিল তার কাছেই
এক রাত্রির মত পুষ্করিণী।
সেখানে কাউকে জীবন্ত ফেলে গেলেও
উপযুক্ত সময়ে তোলা অসম্ভব ।
আমরা যদি ভয় পেয়ে থাকি
প্রহর গুণে থাকি
তার ফিরে আসার নিশ্চিত সময় না বুঝে
যেহেতু
রাতের পদচারণা
আমাদের বারান্দার উপর দিয়ে হেঁটে গেছে
খট খট খট
খড়ম পায়ে মৃত্যু কে অনুকরণ করার আনাড়ি চেষ্টা।
আকাশ চিরে ছুটে ছুটে যাচ্ছে উল্কা
চাঁদের কালো আকাশে সরে সরে যাচ্ছে নীল সবুজ পৃথিবী
আমাদের চাষিরা বেরিয়ে পড়েছে বীজ ধান নিয়ে
ঈষৎ দেরীতে হলেও এ গ্রহে এখন আষাঢ়
বঙ্কিম বাবু শ্রাবণ লিখেছিলেন সে কী ভুল
মাহেশের রথে এখনও কেউ ইচ্ছে করে হারিয়ে যেতে পারে
কিন্তু যত তীব্র অভিমান তত তার ক্ষুদ্র কক্ষপথ
চাষিরা বীজ ধান ছড়াচ্ছে বৃষ্টি নত মাটিতে
এই পথে আমাদের কন্যকা বাড়ি আসবে
0 Comments