শঙ্কর ঘোষ
হারানোর আঘাত
হৃদয় বীণার তারে তুমি বেঁধে ছিলে সুর
আলোকচিত্রের পর্দায় ডানা মেলেছিলে ।
সুভাষিত সেই সোনালি মুহূর্ত ,
আজ একান্তে ঘুম চোখে স্বপ্নের গভীরে।
তোমাকে খুঁজছি আজ সৃষ্টির প্রেরণায়
ক্লান্ত সূর্য ডুবে ভোরের কথা না ভেবে ।
ভালোবাসার মুহূর্তে পরিতৃপ্ত মমত্ব
এ যেন অপ্রত্যাশিত সূর্যাস্ত।
প্রতিদিনের খেয়ালিপনায় অস্থিরতা
অতীতের অন্তিম লগ্নের শেষ গল্পকথা ।
মনের অন্তরে ঝরে যায় বিষণ্ণতা
মুগ্ধতা ছুঁয়েছে এক তীব্র বেদনা।
নির্মল চিত্ত স্মরণে স্বপনে নিদ্রা জাগরণে
ধরণীর বুকে চিরকাল আলোকিত।
চারিদিকে ছড়িয়েছো দীপ্ত ছবি অনর্গল
মননে আজ চিরঋণী হারানোর আঘাতে।
বিবর্ণ
শীতের কুয়াশার রঙ হাওয়ায় উড়ে
ধূসর ক্যানভাস রঙিন প্রলেপ
সম্পর্ক স্মৃতি ভেসে যায় ভালবাসায়
খোলা দরজার অন্তরের আড়ালে।
জীবন একদিন হয়তো থেমে যাবে
আগুন মাটি শিয়াল শকুন অস্তিত্বটুকু
মুছে দেয় খোলা আকাশে ।
জগৎটাই বিবর্ণ বন্ধ স্মৃতির চোখে।
অন্তিম বহ্নি শিখায় ভস্মীভূত করে
মাটিতে মিশিয়ে যেতে হয়।
আনমনা পথচারী মাড়িয়ে চলে যায়
এই জীবন চলমান তবে চলা চিরন্তন নয় ।
প্রেক্ষাপট
ফল্গু ধারার মতো প্রাণ
কখনো উবে যাবে ঘ্রাণ।
পথ চলতি দুঃখের সাথী
চিরদিন থাকবে জ্বলন্ত বাতি।
শূন্য হৃদয়ে দুঃখের বেড়াজাল
পারি না সইতে মনের এই হাল।
অন্ধকার গাঢ় প্রেক্ষাপট স্মৃতি
আকাশে বাতাসে মধুর গীতি।
অন্ধকারে দুঃখের দীপ জ্বেলে
মননশীলতা আনন্দের রাস মেলে।
প্রিয় ফুল চায় সূর্যাস্তের দিনে,
স্রোতে ভাসো সীমাহীন ঋণে।
0 Comments