অয়ন মুখোপাধ্যায়
স্মার্টফোনের মায়া
সকালে উঠে দেখি, বালিশের পাশে ফোনটা নেই,
অথচ কাল রাতেও সে ছিল, আমারই পাশে শুয়ে।
খুঁজতে খুঁজতে দেখি, সে দিব্যি উড়ছে ছাদে,
পায়রার মতো বকম বকম করছে, নিজেরই খেয়ালে।
পাশের বাড়ির কাকিমা বলেন, 'ও তো এখন পাখি,
তোমার সব খবর নিয়ে, উড়ে বেড়ায় ফাঁকি।'
আমি বলি, 'সে তো আমারই ছিল, আমারই সব কথা জানে।'
কাকিমা হাসেন, 'এখন সে সবার, নতুন কোনো গানে।'
ফ্ল্যাটের বারান্দা
আমার ফ্ল্যাটের বারান্দায়, হঠাৎ দেখি একটা নদী, ছোট্ট এক খাল, তাতে ভাসছে কাগজের নৌকা।
পাশের ফ্ল্যাটের লোকটা বলল , 'এ তো রোজকার ব্যাপার,
আমাদের সব দুঃখ-কষ্টই, ভেসে যায় ওপারে।'
আমি বলি, 'কিন্তু জল তো নেই, এ তো শুধু কংক্রিট।'
সে হাসে, 'চোখ বন্ধ করে দেখো, সব কিছু আছে।'
সন্ধ্যা হলে দেখি, চাঁদ ডুবছে সেই নদীতে,
আর আমি আমার একাকীত্বকে সঙ্গে নিয়ে, স্মৃতির ভেতর দিয়ে মিশে যাচ্ছি মিশে যাচ্ছি আর মিশে যাচ্ছি ।
জ্যামের মধ্যে
আজ কে জ্যামে আটকে গিয়ে দেখলাম, ঘড়িটা চলছে না কেন?
পাশের টোটোওয়ালা , আমাকে জিজ্ঞেস করল কটা বাজে? আমি বললাম
আজকে সময়টা একটু বেঁকে গেছে, অন্য পথ দিয়ে হাঁটছে।'
আমি দেখি, আমার গাড়িটা উড়ছে, আর মেঘের সাথে নাচছে।
পিছনের বাসটা মুচকে মুচকে হাসছে, আর বলছে 'আকাশে কিন্তু কোনো টোল প্লাজা নেই,
তাই তো আমরা উড়ি, আর আমাদের কোনো ট্যাক্সও দিতে হয় না।'
আমি ভাবি, অফিসটা কি আজ তবে মেঘে মেঘে ভাসবে?
নাকি আমার বস, আমার জন্য অপেক্ষা করে।থাকবে ?
1 Comments
বেশ ভালো লেখা
ReplyDelete