রূপক কুমার হাতী
বাসনা
বেঁচে থাকার বাসনা - বাসা বাঁধে
সঙ্গ সুখের হাতছানিতে। কিন্তু সে তো অর্থের দাস !
বাসনা বদলায়, দৌড়োয় অর্থের পিছু পিছু ।
অর্থের দামে প্রেম আসে ; কিন্তু তারও স্থায়িত্ব —
ক্ষনিকেই ফিকে হতে হতে অস্ত যেতে বসে ।
বাসনা পাল্টায়। কখনও শিশুদের
উজ্জ্বল আগামী দেখার স্বপ্ন —
কখনও বা যশোলাভ। বাসনার জন্ম হয়
কিন্তু মৃত্যু ঘটে না ! এভাবেই চলে যেতে হয়
চিতা জ্বলে তবু বাসনা জেগে...
আশা
শহরের ভেজা রাস্তায় সন্ধ্যা নামে নীরবে,
নিয়ন আলোর নিচে স্বপ্নগুলো হাঁটে ধীর থেকে ধীরে -
মুঠোফোনের পর্দায় আটকে থাকে অনে ....ক কথা,
তবু চোখের ভাষা খোঁজে পুরোনো কোনো ব্যাকরণ।
ব্যস্ততার ভিড়ে হারিয়ে যায় দিনের সুর,
কফির কাপে জমে থাকে অপ্রকাশিত অনুভব।
হাওয়ার সঙ্গে উড়ে আসে দূর স্মৃতির গন্ধ,
মন তখন ছুঁতে চায় অনামিকা এক আকাশ।
অন্ধকারের ভেতরও জ্বলে ক্ষুদ্র আশার প্রদীপ,
মানুষ তাই প্রতিদিন নতুন ভোরের দিকে এগোয়।
0 Comments