জ্বলদর্চি

ব্রহ্মসূত্র : শঙ্কর মতানুসারী প্রস্থানত্রয়ের একটি/ পর্ব ৩১/প্রীতম সেনগুপ্ত

ব্রহ্মসূত্র : শঙ্কর মতানুসারী প্রস্থানত্রয়ের একটি 

পর্ব ৩১

প্রীতম সেনগুপ্ত 

নিষ্কাম কর্মের ভাব আমরা আলোচনা করছি, কিন্তু যখন কর্মবিমুখতা  আমাদের গ্রাস করে ফেলে, কোনও কাজেই উৎসাহ পাই না আমরা, সেই সময়কার অবস্থা থেকে কীভাবে উত্তীর্ণ হতে হবে তার ইঙ্গিত রয়েছে গীতায়। কুরুক্ষেত্র প্রাঙ্গণে অর্জুন যখন মোহগ্রস্ত হয়ে রয়েছেন, যুদ্ধে প্রবৃত্ত হতে চাইছেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাঁকে বলছেন --- ‘ক্লৈব্যং মাস্ম গমঃ পার্থ নৈতত্ত্বয্যুপপদ্যতে’। অর্থাৎ তুমি বীর তোমার এই ক্লীবতা সাজে না। এই বিষয়ে স্বামী বিবেকানন্দ বলছেন --- ‘এই একটি শ্লোক পড়িলেই সমগ্র গীতাপাঠের ফল পাওয়া যায়, এই শ্লোকের মধ্যেই গীতার সমগ্র ভাব নিহিত। ... শ্রীকৃষ্ণ সব কাজই করেছিলেন, কিন্তু আসক্তিবর্জিত হয়ে। তিনি সংসারে ছিলেন বটে, কিন্তু কখনই সংসারের হয়ে যাননি। সকল কাজ কর, কিন্তু অনাসক্ত হয়ে কর; কাজের জন্যই কাজ কর, কখনও নিজের জন্য করো না।

... যুদ্ধক্ষেত্রেও জ্ঞানের সাধনা করা চলে। গীতা তো এইভাবেই প্রচারিত হইয়াছিল। মনের তিনটি অবস্থা আছে:  সক্রিয়, নিষ্ক্রিয় এবং শান্ত। নিষ্ক্রিয়তার বৈশিষ্ট্য ধীর স্পন্দন, সক্রিয়তার বৈশিষ্ট্য দ্রুত স্পন্দন এবং শান্তস্বভাবের বৈশিষ্ট্য তীব্রতম স্পন্দন। আত্মাকে রথী বলিয়া জানিবে। দেহ রথ, ইন্দ্রিয়নিচয় অশ্ব, মন লাগাম এবং বুদ্ধি সারথি। এইভাবেই মানুষ মায়া অতিক্রম করে; সে মায়াতীত হয় এবং ঈশ্বরলাভ করে। মানুষ যতক্ষণ ইন্দ্রিয়গুলির অধীন, ততক্ষণ সে এই সংসারের। যখন ইন্দ্রিয়গুলি জয় করে, তখন সে যথার্থ ত্যাগী।’

🍂

দুর্বলতা এবং নিষ্ক্রিয়তা সর্বতোভাবেই কাম্য নয় এবং এর কোনও মর্যাদা নেই। তাই স্বামীজি আরও বলছেন ---‘“দুর্বল ও নিষ্ক্রিয় ব্যক্তির পক্ষে ক্ষমাও যথার্থ ক্ষমা হয় না; সেক্ষেত্রে সংগ্রামই ভাল। পার্থসারথি কৃষ্ণ অর্জুনকে বলিতে শুনিয়াছিলেন, ‘আমাদের শত্রুদের ক্ষমা করা উচিত’ এবং বলিয়াছিলেন ‘অর্জুন, তুমি মহাজ্ঞানীর মতো কথা বলিতেছ, কিন্তু তুমি নিজে তো জ্ঞানী নও, অত্যন্ত কাপুরুষ।’ জলে থাকিয়াও যেমন পদ্মপত্র জলদ্বারা সিক্ত হয় না, জীবাত্মাও তেমনি সংসারের অনাসক্ত হইয়া থাকিবে। সংসার যুদ্ধক্ষেত্র --- এখান হইতে মুক্তির পথ খুঁজিতে থাক। সংসারের এই জীবন ঈশ্বরলাভের একটি প্রয়াস। ত্যাগের বলে বলীয়ান ইচ্ছাশক্তির বিকাশরূপে তোমার জীবন গড়িয়া তোল।”

স্বামীজি আরও বলছেন ----“ কৃষ্ণের মধ্যে আমরা পাই ... তাঁহার বাণীর দুইটি প্রধান ভাব: প্রথম---বিভিন্ন ভাবের সমন্বয়; দ্বিতীয় --- অনাসক্তি। মানুষ রাজসিংহাসনে বসিয়া, সেনাবাহিনী পরিচালনা করিয়া, জাতিসমূহের জন্য বড় বড় পরিকল্পনা কার্যে পরিণত করিয়াও চরম লক্ষ্য --- পূর্ণতায় পৌঁছিতে পারে। ফলতঃ কৃষ্ণের মহাবাণী যুদ্ধক্ষেত্রেই প্রচারিত হইয়াছিল। 

প্রাচীন পুরোহিতকুলের  ঢংঢাং, আড়ম্বর ও ক্রিয়া-কলাপাদির অসারতা কৃষ্ণের স্বচ্ছ দৃষ্টিতে ধরা পড়িয়াছিল তথাপি এই সমস্তের মধ্যে তিনি কিছু ভালও দেখিয়াছিলেন। যদি তুমি শক্তিধর হও, উত্তম। কিন্তু তাই বলিয়া যে তোমার মত বলবান নয়, তাহাকে অভিশাপ দিও না। ... প্রত্যেকেই বলিয়া থাকে, ‘হতভাগ্য তোমরা!’ কে আর বলে, ‘আহা, আমি কী হতভাগ্য যে, তোমাদিগকে সাহায্য করিতে পারিতেছি না!’ মানুষ নিজে নিজ সামর্থ্য, সঙ্গতি ও জ্ঞান অনুযায়ী যতদূর করিবার করিতেছে, কিন্তু কী দুঃখের কথা, আমি তো তাহাদিগকে  আমার পর্যায়ে টানিয়া তুলতে পারিতেছি না!”

কর্মের প্রকৃত স্বরূপ ঠিক কী হতে পারে গীতার আলোয় স্বামীজি আমাদের কাছে তার ব্যাখ্যা করেছেন এবং সঙ্গে সঙ্গে নিষ্কাম কর্ম ও অনাসক্তি বিষয়টি সম্যকরূপে বুঝিয়ে  দিয়েছেন।

                                                                                                ( ক্রমশ)

Post a Comment

0 Comments