দোলনচাঁপা তেওয়ারী দে ল
আজ ১৬ই নভেম্বর, আন্তর্জাতিক সহনশীলতা দিবস। মানুষের শ্রেষ্ঠত্বের এক নীরব আলোকবর্তিকা হলো,সহনশীলতা পৃথিবী বড় বিচিত্র। এখানে মানুষের মুখের ভাষা আলাদা, বিশ্বাসের রং আলাদা, সংস্কৃতির পরতে পরতে ভিন্নতার ছাপ। কারও প্রার্থনা মন্দিরের ঘণ্টাধ্বনিতে, কারও আরাধনা মসজিদের আজানে, কারও উপাসনা গির্জার নিস্তব্ধ প্রার্থনায়। কারও উৎসবের নাম দুর্গাপুজো, কারও ঈদ, কারও বড়দিন,অথচ এত ভিন্নতার মধ্যেও মানুষের হৃদয়ের ভাষা একটাই, ভালোবাসা, সম্মান, মমতা আর বেঁচে থাকার অধিকার। এই ভিন্নতার মাঝখানে একে অপরকে গ্রহণ করার যে উদার মানসিকতা, তারই নাম সহনশীলতা। প্রতি বছর ১৬ই নভেম্বর আন্তর্জাতিক সহনশীলতা দিবস আমাদের সেই মানবিক চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। ১৯৯৫ সালে ইউনেস্কো সহনশীলতার নীতিমালা গ্রহণ করে এবং পরবর্তীকালে এই দিনটিকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু সহনশীলতা কি শুধুই একটি নির্দিষ্ট দিনের আনুষ্ঠানিকতা? নাকি এটি প্রতিদিনের জীবনযাপনের এক অনিবার্য দর্শন?আসলে সহনশীলতা মানে শুধু অন্যের মতামত মেনে নেওয়া নয়, সহনশীলতা মানে নিজের বিশ্বাসে অটল থেকেও অন্যের বিশ্বাসকে অসম্মান না করা। নিজের ভাষাকে ভালোবেসেও অন্যের ভাষাকে ছোট না করা। নিজের সংস্কৃতিকে শ্রেষ্ঠ ভাবার অহংকারে অন্যের সংস্কৃতিকে অবজ্ঞা না করা। সহনশীলতা মানে এই উপলব্ধি আমার মতো করে সবাইকে ভাবতে হবে না, আমার মতো করে সবাইকে চলতেও হবে না। পৃথিবীতে প্রত্যেক মানুষের নিজস্ব চিন্তা, স্বপ্ন, অনুভূতি ও আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে, কিন্তু আজকের পৃথিবীর দিকে তাকালে কোথাও যেন এই সহজ সত্যটিই হারিয়ে যেতে বসেছে। মতের অমিল থেকে মনোমালিন্য, মনোমালিন্য থেকে বিদ্বেষ, আর বিদ্বেষ থেকে বিভাজনের দেওয়াল ক্রমশ উঁচু হচ্ছে। ধর্মের নামে, ভাষার নামে, জাতির নামে, রাজনৈতিক মতাদর্শের নামে মানুষ মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের পর্দায় সামান্য মতবিরোধও কখনও কখনও অসহিষ্ণুতার আগুন জ্বালিয়ে দিচ্ছে। আমরা যেন ভুলে যাচ্ছি, যুক্তিতে কাউকে পরাস্ত করা যায়, কিন্তু ভালোবাসা দিয়ে হৃদয় জয় করা যায়।সহনশীলতা কখনও দুর্বলতার পরিচয় নয়, বরং এটি চরিত্রের গভীরতম শক্তি। যে মানুষ অন্যের কথা মন দিয়ে শুনতে পারে, রাগের মুহূর্তেও সংযম হারায় না, মতের অমিলকে শত্রুতায় পরিণত হতে দেয় না, সেই প্রকৃত অর্থেই শক্তিশালী কারণ, কাউকে আঘাত করা সহজ, কিন্তু আঘাত না করে নিজের বক্তব্য তুলে ধরার জন্য যে আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন, সেটিই প্রকৃত মানবিক সাহস। আমাদের ভারতবর্ষ সহনশীলতার এক দীর্ঘ ঐতিহ্য বহন করে চলেছে। এই দেশের মাটিতে বহু ধর্ম, বহু ভাষা, বহু সম্প্রদায়, বহু সংস্কৃতি পাশাপাশি বেড়ে উঠেছে। কোথাও মন্দিরের পাশে মসজিদ, কোথাও গির্জার ঘণ্টার সঙ্গে মিশে গেছে মন্দিরের শঙ্খধ্বনি। কোথাও পুজোর আনন্দে প্রতিবেশী মুসলিম পরিবারের অংশগ্রহণ, কোথাও ঈদের সেমাই ভাগ করে নিচ্ছেন হিন্দু প্রতিবেশী। এই ছোট, ছোট দৃশ্যগুলিই ভারতবর্ষের প্রকৃত পরিচয়। কোনও সংবিধান, কোনও স্লোগান, কোনও বক্তৃতার চেয়ে মানুষের পারস্পরিক ভালোবাসার এই দৃশ্যগুলো অনেক বেশি শক্তিশালী, তবে সহনশীলতার শিক্ষা কেবল ধর্মীয় সম্প্রীতির মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবারে প্রজন্মের ব্যবধান মেনে নেওয়া, বিদ্যালয়ে সহপাঠীর ভিন্ন মতকে সম্মান করা, সমাজে নারী-পুরুষের সমান মর্যাদা স্বীকার করা, প্রতিবন্ধী মানুষের অধিকার ও অনুভূতির প্রতি সংবেদনশীল হওয়া, সবকিছুর মধ্যেই সহনশীলতার প্রকাশ। এমনকি প্রকৃতির প্রতিও আমাদের সহনশীল হতে হবে। অন্য প্রাণীর বেঁচে থাকার অধিকার, পরিবেশের ভারসাম্য এবং পৃথিবীর সম্পদের প্রতি দায়বদ্ধতাও মানবিকতারই অংশ। আজ বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে সহনশীলতার শিক্ষা অত্যন্ত জরুরি, কারণ আগামী দিনের সমাজ গড়ে উঠবে তাদের চিন্তা, আচরণ ও মূল্যবোধের ওপর। তাদের বুঝতে হবে, ভিন্নমত মানেই বিরোধিতা নয়, প্রশ্ন করা মানেই অসম্মান নয়, আর নিজের মত প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যের মর্যাদা নষ্ট করা কখনও গণতান্ত্রিক আচরণ হতে পারে না। যে সমাজে মানুষ নির্বিঘ্নে নিজের কথা বলতে পারে এবং অন্যের কথাও মন দিয়ে শুনতে শেখে, সেই সমাজই প্রকৃত অর্থে সভ্য।
আমাদের মনে রাখতে হবে, সহনশীলতা মানে অন্যায়ের কাছে মাথা নত করা নয়। অন্যায়, বৈষম্য, ঘৃণা কিংবা মানবাধিকারের লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ করাও মানবিক দায়িত্ব, তবে সেই প্রতিবাদ হোক যুক্তিনির্ভর, শান্তিপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। ঘৃণার জবাবে ঘৃণা নয়, অন্ধকারের জবাবে আলো জ্বালানোই হোক আমাদের অঙ্গীকার। আসলে পৃথিবীকে সুন্দর করার জন্য খুব বড় কোনও বিপ্লবের প্রয়োজন নেই। প্রয়োজন একটু ধৈর্য, একটু সহমর্মিতা, একটু শ্রদ্ধাবোধ। কারও কথা শেষ হওয়ার আগে তাকে থামিয়ে না দেওয়া, কারও বিশ্বাস নিয়ে বিদ্রূপ না করা, ভিন্ন পরিচয়ের মানুষকে আপন করে নেওয়া, এই সামান্য আচরণগুলিই একদিন বৃহত্তর মানবিক সভ্যতার ভিত্তি হয়ে উঠতে পারে।
আন্তর্জাতিক সহনশীলতা দিবসে তাই আমাদের শপথ হোক, আমরা ভিন্নতাকে ভয়ের চোখে দেখব না, দেখব সৌন্দর্যের চোখে। কারণ একই রঙে আঁকা পৃথিবী কখনও এত সুন্দর হতে পারে না, যতটা সুন্দর হয় নানা রঙের সমন্বয়ে। ফুলের বাগানে যেমন গোলাপ, শিউলি, জুঁই কিংবা পদ্ম প্রত্যেকের নিজস্ব সৌন্দর্য রয়েছে, তেমনই মানবসমাজেও প্রত্যেক মানুষের স্বতন্ত্র পরিচয় ও মর্যাদা রয়েছে।
শেষ পর্যন্ত মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় পরিচয় কোনও ধর্ম, বর্ণ, ভাষা কিংবা জাতিগত বিভাজন নয়, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। আর সেই মানুষ হয়ে ওঠার প্রথম শর্তই হলো, অন্য মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে শেখা। সহনশীলতা তাই কোনও দিবসের নামমাত্র উদ্যাপন নয়, এটি হোক, আমাদের প্রতিদিনের প্রার্থনা, প্রতিদিনের অভ্যাস, প্রতিদিনের জীবনদর্শন কারণ, যে পৃথিবীতে মানুষ একে অপরকে সহ্য করতে শেখে, সেই পৃথিবীতেই একদিন মানুষ একে অপরকে সত্যিকারের ভালোবাসতে শেখে।
0 Comments