জ্বলদর্চি

সুমনা পালের লেখা কাব্য সংকটে জীবনের বাস্তুতন্ত্র : আলো-আঁধারির ভেতর হেঁটে যাওয়া/ড.অন্তরা ঘোষ

সুমনা পালের লেখা কাব্য সংকটে জীবনের বাস্তুতন্ত্র : আলো-আঁধারির ভেতর হেঁটে যাওয়া

ড.অন্তরা ঘোষ

সুমনা পালের সংকটে জীবনের বাস্তুতন্ত্র শুধুমাত্র কবিতার বই নয়, যেন একটি পোস্টমর্টেম রিপোর্ট। এখানে জীবন টেবিলে শুয়ে আছে, কবি তার চারপাশে ঘুরছেন ফরেনসিক ডাক্তারের মতো।তাঁর পর্যবেক্ষণ এতটাই তলিয়ে,যেখানে পুঙ্খানুপুঙ্খ অনুভূতির প্রকাশ ঘটেছে এক অন্যরকম ভাবনায়।

 এই কাব্যের আসল কেন্দ্র হলো শরীর। 'উজ্জ্বল আলোটির জন্য' কবিতাটি তেমনই একটি কবিতা। প্রথম লাইন,―
"উজ্জ্বল আলোটিকে 
 যে শরীর মুড়ে রেখেছে পরম আদরে,
 তা আজ ভীষণ বিবর্ণ।"

আলো এখানে পবিত্রতা নয়, একটা বোঝা। যে শরীর আলোকে ধারণ করেছে, সে ক্লান্ত। কপালে শিশিরের মতো ঘাম। কবি সমাধান চান না, চান একটা বিশুদ্ধ কোল, এক টুকরো বৈষ্ণব-হৃদয়। এই চাওয়াটা খুব ব্যক্তিগত, প্রায় শিশুর মতো। ক্লান্ত জীবনটাকে যুধিষ্ঠিরের মতো একা হাঁটতে হবে - এই উপমাটি বইয়ের দর্শনকে ধরে দেয়। যুধিষ্ঠিরের একা স্বর্গযাত্রা, যেখানে কুকুর ছাড়া কেউ নেই। এখানে মানুষের সংকট একা বহন করার সংকট।

দ্বিতীয় স্তর হলো অপেক্ষা।'আজও একা দাঁড়িয়ে আছি' - শিরোনামেই ট্র্যাজেডি। রক্তাক্ত কৃষ্ণচূড়া গাছের নিচে একজন বলে গিয়েছিল 'আসব'। সেই 'আসব' আজও আসেনি। কবি নিজেকে তুলনা করছেন জলার ধারের নির্জন ডুমুর গাছের সাথে'―
"কমছে ক্লোরোফিল, 
ঝরে যাচ্ছে পাতা। 
আলগা শিকড়ের ফাঁকে
 ইঁদুর করেছে নিশ্চিন্ত-বাসা।"

কি নিখুঁত বাস্তুতন্ত্র! সালোকসংশ্লেষণ কমছে, জীবনীশক্তি কমছে, আর তার ফাঁকেই অন্য প্রাণী বাসা বাঁধছে। এটা শুধু প্রেমের কবিতা নয়, এটা একটা ইকোলজিক্যাল মেটাফর। আমরা অপেক্ষা করতে করতে নিজের ভেতরেই অন্যের বসতি গড়ে তুলতে দিই।

আর এই অপেক্ষার বিপরীতে আছে 'লাশকাটা ঘরে'-র মতো তীব্র কবিতা। এটি বইয়ের সবচেয়ে শক্তিশালী কবিতা,―
"কোনও একদিন, অনুভূতিরা জীবন্ত ছিল; 
আজ সব মরে গিয়ে লাশ হয়ে গেছে।"

এখানে কবি রোমান্টিকতা ঝেড়ে ফেলেছেন। অনুভূতি মরে গেছে, পড়ে আছে লাশকাটা ঘরে। পোস্টমর্টেমের অপেক্ষায়। মাটি থেকে মাছি উড়ছে, পিঁপড়ে শরীর শুঁকছে। এরপর যা হবে তা হলো - আধ-পচা বাসি মনের উপর ছুরি-কাঁচির অবাধ বিচরণ। তীক্ষ্ণ-অভিজ্ঞ দৃষ্টি খুঁজবে লাশ হয়ে যাওয়ার কারণ।

এটা কি প্রেমের মৃত্যু? নাকি সময়ের? কবি উত্তর দেন না। তিনি শুধু প্রক্রিয়াটা দেখান। কত পর্যবেক্ষণ, কত চুলচেরা বিশ্লেষণ - অথচ যে মরে গেছে সে আর ফিরবে না। এই নির্লিপ্ততা, এই ক্লিনিক্যাল দৃষ্টি এই কাব্যকে আলাদা করে।

এই নির্লিপ্ততা আরও ভয়াবহ হয়ে ওঠে 'উবীরুহ' কবিতায়। শিরোনামটি সংস্কৃত, অর্থ - যা মাটি ভেদ করে ওঠে। কিন্তু কবিতায় ওঠে না, ঝোলে,―
"কোনও এককালে প্রতিবাদ করা মুখগুলো জীবন্ত ছিল। ...
আজ সব গলায় দড়ি দিয়ে লটকে আছে।"

এখানে সংকট সামাজিক। বাসি মাংসের গন্ধে ভূত হয়ে থাকা ক্ষুধার্ত শেয়ালের দল, শ্মশানের নিস্তব্ধতা - পুরো কবিতাটি একটি রাষ্ট্রের পোস্টমর্টেম। শেষে শুধু একটি লাল রক্তিম ঝড়ের অপেক্ষা। এই অপেক্ষা আগের প্রেমের অপেক্ষার মতো নিষ্ক্রিয় নয়, এটি বিপ্লবের গর্ভাবস্থা।

আর 'মুখোশ' কবিতায় এই সংকট ব্যক্তিগত মুখোশে ফেরে,―
"জীবনের বাধ্যবাধকতায়, হাসি-হাসি করে রাখা মুখগুলোয় 
অনেক বলিরেখা।"

ক্লোরোফিল কমে যাওয়া ডুমুর গাছ, বিশুদ্ধ কোল খোঁজা শরীর, আর হাসি-হাসি মুখে বলিরেখা - এই তিনটি চিত্র একই সুতোয় গাঁথা। জীবন টিকে থাকার জন্য রং-তুলি নিয়ে বসে প্রতিদিন মুখের উপর মুখোশ বানায়।
কবি  জীবনকে একটি নদী বলে মনে করেছেন।বলেছেন,

"জীবনের অনেকটা
পথ জুড়ে
বয়ে এনেছি; নুড়ি-কাঁকর, বালি-পাথর
জমিয়েছি বুকের তলায়।"
মানুষ সারাজীবন কী বয়ে বেড়াই? অভিমান, ক্ষোভ, অপমান, ব্যর্থ প্রেম, না-পাওয়া চাকরি, ছোট ছোট প্রতারণা। এগুলোই নুড়ি-কাঁকর। কবি সেগুলো ফেলেননি, জমিয়েছেন বুকের তলায়। যত্ন করে। মধ্যবিত্ত মানুষ যেমন পুরোনো জিনিস ফেলে না, আলমারিতে জমায়।

তার পরিণতি কী?

"আজ,
নাব্যতা সংকটে ভুগছে হৃৎপিণ্ড।
ধসে যাচ্ছে জীবনের বাস্তুতন্ত্র"

এটা সমগ্র কাব্যগ্রন্থেরই যেন টার্নিং পয়েন্ট। নদী মজে গেলে তার বাস্তুতন্ত্র ধসে যায় - মাছ মরে, পাড় ভাঙে। মানুষের বুকেও তাই। এত আবর্জনা জমিয়ে ফেলেছি যে, এখন আর নতুন কোনো অনুভূতির নৌকা চলতে পারে না। নতুন ভালোবাসা, নতুন আনন্দ এসে আটকে যায়।প্রায় সমগ্র কাব্য জুড়েই কবির অনুভব এভাবেই প্রকাশ পেয়েছে।

সুমনা পালের ভাষা অলংকারহীন। তিনি উপমা দেন জীববিজ্ঞান থেকে - ক্লোরোফিল, পোস্টমর্টেম, বাস্তুতন্ত্র। সংকটে জীবন তার নিজস্ব বাস্তুতন্ত্র তৈরি করে নেয় - যেখানে ইঁদুর বাসা করে, শেয়াল অপেক্ষা করে, আর মানুষ মুখোশ পরে।

সবকিছু নিয়ে কাব্যটি বিষয়ের গভীরতায়, নিজস্ব অনুভবে,প্রকাশের স্বচ্ছতায় অন্যরকম মাত্রা পেয়েছে।

🍂

Post a Comment

0 Comments