জ্বলদর্চি

বাবা / বিজন সাহা

 লাদোঝস্কোয়ে ওজেরো


বাবা 

বিজন সাহা 


টং টং টং টং
বাবা বাড়ি ফিরছেন
কোমরে বাজছে চাবির গোছা
মা ডাকছেন
ঐ শোন তোর ছেলে আসছে
যা এগিয়ে নিয়ে আয়।
বাবা আমাকে কোলে নিয়ে রং খোলা যাচ্ছেন
তাঁর কাঁধে মাথা রেখে কত রাজ্যের স্বপ্ন যে আমি দেখছি!
বাড়ি ফেরার সময় যত এগিয়ে আসছে
ততই শক্ত করে জড়িয়ে ধরছি তাঁর গলা
- বাবা, এখন নাম। চা খেয়ে পড়তে বস।
সে ডাকে ঘুম ভেঙ্গে যায় আমার।
নিজেকে আবিষ্কার করি দুবনার বাসায়।
এরই মধ্যে পেরিয়ে গেছে ষাট বছর।
হ্যাঁ, আমি বাবাকে সবসময়ই এরকম বয়সী দেখেছি।
ঘুমের সাথে স্বপ্ন ভাঙলেও তার রেশ থেকে যাবে
মনে ভীড় করবে হাজারো স্মৃতি
১৯৮৯
আমি মাস্টার্স শেষ করে মস্কো থেকে ফিরেছি ছুটিতে
গেছি কোলকাতা বেড়াতে - বাবা আর আমি
এ যেন খোঁড়া আর অন্ধের ভ্রমণ।
বাবার যৌবন কেটেছে কোলকাতায় কলেজে পড়ে
পরিচিত সব রাস্তা ঘাট, শুধু শরীর বিট্রে করে
আমি বেশ কয়েকবার কোলকাতা এলেও চিনি না কিছুই
বাবা আমার পায়ে হাঁটেন, আমি দেখি তাঁর চোখ দিয়ে।
আমার যখন জন্ম বাবার ছাপ্পান্ন
আমার বন্ধুদের দাদু ঠাকুরদা
ওদের বাবাদের কারোও কাকা কারোও জ্যাঠা
তাই নিজে যখন সন্তানের বাবা হলাম
ঠিক বাবার চরিত্রে অভিনয় করা হল না
ছেলেমেয়েরা ছেলেমেয়ে হবার আগেই বন্ধু হয়ে গেল
জানি না সব বয়স্ক বাবাদের সন্তানদের সাইকোলজি এমন কি না।
১৯৮৩
আমি মস্কো যাচ্ছি উচ্চ শিক্ষার জন্য
যে বাবা আমাকে একা মানিকগঞ্জ পর্যন্ত যেতে দিতেন না
তিনি হাসি মুখে বিদায় জানাচ্ছেন।
বাবা ছিলেন নিরামিষ ভোজী
তবে মস্কো থেকে ছুটিতে এসে যখন মুরগি রান্না করতাম
না খেয়েই প্রশংসা করতেন
অথবা আমার সব ধরণের মাংস খাওয়া নিয়ে কেউ কিছু বললে
আমার আগেই বলতেন, ঠান্ডার দেশ
ওখানে এত বাছবিচার করতে নেই।
এটা কি শুধু যুক্তি নাকি সবার ছোট সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা?
১৯৯১
জানতাম বাবা ভীষণ অসুস্থ
যাই যাচ্ছি করে শেষ পর্যন্ত যখন বাড়ি ফিরলাম
চারিদিকে শুধু বাবার স্মৃতি
না শোনা গল্প, না বলা কথা
অধরা স্বপ্ন যা একদিন ঠিকই বাস্তব হবে
শুধু যারা এতে সবচেয়ে বেশি খুশি হতেন তাঁদের জীবনের আড়ালে
পাঁচ সপ্তাহ দেশে কাটবে বিষন্ন সময়
সকালে কেউ আর বলবে না
বাবা, ওঠ, ছবি তুলতে যাও।
প্রিয় ক্যামেরা পড়ে থাকবে ব্যাগে
জানতে পারবে না
কেন তার বৈকালিক ভ্রমণ নিষিদ্ধ করা হল।
২৮ মে ১৯৯১
মস্কো ফিরে একাকী ঘরে
অঝোরে কাঁদব আমি
শেষ বারের মত।
এরপর অবশ্য সবকিছু বদলে যাবে
চিঠিতে নয়, দেশে ফিরে নয়
বাবার সাথে দেখা হবে যখন তখন
যেখানে সেখানে - মনে মনে
এমনকি ছোটবেলায়ও এতটা সময়
আমরা একসাথে কাটাইনি
বাবা ব্যস্ত কাজে
আমি খেলাধুলা বা লেখাপড়ায়।
এখন আমাদের যোগাযোগ
অত্যাধুনিক প্রযুক্তিকে ছাড়িয়ে গেছে
শুধু মন চাইলেই হয়
বাবা বা অন্য কোন প্রিয় মানুষ
যারা আজ ভিন্ন জগতের বাসিন্দা
সবাই অতি সন্নিকটে
যাদের সাথে গল্প করা যায়
যাদের পরামর্শ নেয়া যায়।
সেই মানুষ ততটা সন্নিকটে
যাকে তুমি তোমার মনে যতটা আপন করে
আপনার করে রেখেছ।

দুবনা, ১৯ সেপ্টেম্বর ২০২৬ 

🍂


Post a Comment

0 Comments