জ্বলদর্চি

লিটল ম্যাগাজিন চর্চায় ঋত্বিক ত্রিপাঠী/মৈত্রেয়ী চট্টোপাধ্যায়

লিটল ম্যাগাজিন চর্চায় ঋত্বিক ত্রিপাঠী

মৈত্রেয়ী চট্টোপাধ্যায় 

বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক আভরণের বাইরে বাংলা সাহিত্যের একটা অত্যন্ত বুদ্ধিগত ও প্রাজ্ঞ জগত আছে যার নাম 'লিটল ম্যাগাজিন'। এটি সমান্তরাল সংস্কৃতির এক অন্তরঙ্গ আধার। মূলধারার সাহিত্য চর্চার এ হলো এক সমান্তরাল সাহিত্যিক বিন্যাস, যার আচরণ, টিকে থাকার প্রাত্যহিক লড়াই এবং সমুহ সংকটকে অত্যন্ত সাবলীল ভাষায় তুলে ধরেছেন  বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক ঋত্বিক ত্রিপাঠী তাঁর "লিটল ম্যাগাজিন অন্তর বাহির" গ্রন্থে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে যোগ্যতা ও সুনামের সঙ্গে সাহিত্য পত্রিকা 'জলদর্চি' সম্পাদনা করে আসছেন। এই বই তাঁর নিজস্ব অভিজ্ঞতার অন্তরঙ্গ উপাখ্যান।

লিটল ম্যাগাজিন আন্দোলনের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব সন্দীপ দত্তের লেখা মুখবন্ধটি বইটির একটি সামগ্রিক রূপরেখা এঁকে দেয়। 

বাংলা সাহিত্যে 'লিটল ম্যাগাজিন' সে অর্থে আদপেই ‘লিটল’ নয়। বরং আমাদের সংস্কৃতির সমান্তরাল ধারায় একটি অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ মাধ্যম। এই আন্দোলনের গতি-প্রকৃতি, বিবর্তনের ধারা এবং এর ভেতর ও বাইরের টানাপোড়েনকে বিশ্লেষণাত্মক ভঙ্গিতে লেখক তুলে ধরেছেন। আঠেরো বছরের সদ্য কৈশোর উত্তীর্ণ এক যুবক অসীম স্বপ্ন নিয়ে একটি পত্রিকা করার কথা ভেবে সেটিকে বাস্তবায়ন করে। এবং আজ চৌত্রিশ বছর ধরে গৌরবের সাথে এগিয়ে চলেছেন। তাঁর বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ এই বই এটি বুঝতে সহায়তা করে যে লিটল ম্যাগাজিন কোনো নির্দিষ্ট বা বদ্ধ ধারণা, মত কিংবা বিশ্বাসে আবদ্ধ নয়। এটি সম্পূর্ণ মুক্তমনের এবং স্বাধীন। সমকালীন মানুষের ও পাঠকের মনকে বোঝাই এর মূল লক্ষ্য।

ঋত্বিকবাবু নাস্তিক। নশ্বর এই জীবনে তিনি কোনো অলৌকিকতা ও নিয়তিতে বিশ্বাস না করে ইতিবাচক ও গঠনমূলক ভাবনার সাথে স্বাধীনভাবে বাঁচতে চান।

তিনি বিশ্বাস করেন, লিটল ম্যাগাজিনের 'লিটল' শব্দটি মূলত একটি আপসহীন, অবাণিজ্যিক ও প্রতিষ্ঠান-বিরোধী মনোভঙ্গি। বড় পুঁজির পত্রিকার পদতলে  পিষ্ট না হয়ে কীভাবে মুক্তবুদ্ধির চর্চা করা যায়, বইটি সেই পথ দেখায়। তিনি মনে করেন লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত সম্পাদক, লেখক—সবাই যদি একজন 'কর্মী' হিসেবে কাজ করেন, তবে টিকে থাকার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকা যায়।

লিটল ম্যাগাজিন হলো লেখক নির্মাণের আঁতুড়ঘর। তাই অনেকেই লিটল ম্যাগাজিনে লিখলেও তাদের মধ্যে 'লিটল ম্যাগাজিন বিষয়ে স্পষ্ট ধারণা নেই। এই অজ্ঞতার কারণে, সাহিত্যের বা সমাজের জন্য তারা নিজেদের 'লিটল ম্যাগাজিন কর্মী' হিসেবে পরিচয় দিয়ে পথে নামতে বা আন্দোলনে যুক্ত হতে দ্বিধা বোধ করেন। সম্পাদকের দায়িত্বের কথা মনে করিয়ে দেন। যদি নিজে অসচেতন হন, তবে পত্রিকাকে ঘিরে সুবিধাবাদী মানুষেরা জড়ো হয়। তাঁর মতে, যে পত্রিকা অনিয়মিত হয়ে পড়ে বা বন্ধ হয়ে যায়, তার মূল সমস্যা সবসময় অর্থসংকট নয়। পত্রিকার বিষয়বস্তু, বানান এবং লেখার মান উন্নত হলে লিটল ম্যাগাজিনের পাঠক সংখ্যা ক্রমান্বয়ে বাড়তেই থাকে। সাথে বাড়বে নতুন লেখকসূচি। মান ভালো থাকলে আর্থিক সমস্যা পত্রিকার জন্য বড় বাধা হয়ে দাঁড়ায় না। তবে নতুন কিছু করতে না পারলে, পত্রিকা বন্ধ হওয়াই শ্রেয়, তিনি মনে করেন।

লেখকের রাজনৈতিক ও সামাজিক সচেতনতা প্রশংসনীয়। রাষ্ট্র বা কোনো ক্ষমতাবান গোষ্ঠী সবসময়ই বিকল্প চিন্তাকে কোনঠাসা করে। লিটল ম্যাগাজিন কীভাবে তার বিরুদ্ধে একটি বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ গড়ে তোলে, তা অত্যন্ত দৃপ্ত হয়ে উঠে এসেছে তাঁর লেখায়।

ঋত্বিকবাবু মনে করিয়ে দিয়েছেন যে, লিটল ম্যাগাজিনের কাজ শুধু কবিতা বা গল্প প্রকাশ নয়। একে হতে হবে বিজ্ঞানমনস্ক, ভাষাসচেতন এবং প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর একটি সামাজিক হাতিয়ার। বহু প্রতিভাবান দুস্থ কবি, লেখক রয়েছেন। তাঁদের পাশে একত্রে দাঁড়ানোর কথা তিনি মনে করিয়ে দিয়েছেন। 

"লিটল ম্যাগাজিন অন্তর বাহির" সমান্তরাল সংস্কৃতির এক অন্তরঙ্গ চিত্র আঁকে। লিটল ম্যাগাজিন আন্দোলনের ভবিষ্যৎ এবং বর্তমান সময়ের প্রতিবন্ধকতা বুঝতে হলে এই বইটি সংস্কৃতিমনস্ক মানুষের ভালো লাগবে। বাংলা সংস্কৃতি ও সমাজচিন্তার বিকল্প ধারাকে যারা ভালোবাসেন, তারা পড়ে দেখবেন। 

লিটল ম্যাগাজিন মানুষের মননকে উন্নত করে, সমাজে চেতনা সঞ্চার করে, স্বাধীন জনমত গঠন করে। ঋত্বিকবাবু মনে করেন, লিটল ম্যাগাজিনের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা রঙ থাকলে সরকারের ভুলত্রুটি ও প্রশাসনের অন্যায়ের নিরপেক্ষ সমালোচনা অসম্ভব। যে কারণে তিনি সরকার আয়োজিত পুরস্কার বিতরণীকে যথাযথ মনে করেননা। এতে বিজয়ী পত্রিকার, সরকার-সমালোচনার পথ চিরতরে বন্ধ হয়ে যায়, রাষ্ট্রের অনুগত বা পরাধীন হয়ে পড়ে। 

ঋত্বিকবাবুর মতে আমাদের সমাজ বা দেশের পরিস্থিতি যেমনই হোক না কেন, ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না; এই নিয়তিবাদের বিরুদ্ধে লড়াই করার বড় মাধ্যম হলো লিটল ম্যাগাজিন। কোনো একক ব্যক্তির পক্ষে একা একটা আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব, কিন্তু লিটল ম্যাগাজিনগুলোর সম্মিলিত শক্তির যে ক্ষমতা, তা যেকোনো বড় শক্তির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারে, এ কথা তিনি বিশ্বাস করেন। তাই অপর পত্রিকার শ্রীবৃদ্ধিতে তিনি আনন্দিত হন এবং বিশ্বাস করেন , একক জয় আদতে সম্মিলিত গোষ্ঠীর জয়।

তিনি নিজে একজন অতন্ত দক্ষ কবি ও লেখক। তদসত্ত্বেও, স্বউন্নতির থেকে পত্রিকার জন্যই তাঁর নিবেদিত প্রাণ। উদারমনা ঋত্বিক মনে করেন প্রতিষ্ঠিত লেখকের পাশাপাশি নতুন লেখকদের কাঁচা লেখাকেও স্থান দেওয়া প্রয়োজন। এমনকি পাঠক কেও তিনি লেখার আমন্ত্রণ জানানোর মত প্রকাশ করেছেন। লিটল ম্যাগাজিনের বহুমাত্রিকতা, বৈচিত্র্য এবং ভালো লেখার নির্বাচন ও তার পুনর্মুদ্রণ লেখকের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বৃত্তের বাইরে যাতে নিজেকে মেলে ধরতে পারে ‘লিটল ম্যাগাজিন’, তাই  তিনি সরকারের প্রতি তাঁর কিছু আবেদন রেখেছেন। সামাজিক মর্যাদা ও প্রতিষ্ঠার জন্য, তিনি বিশ্বাস করেন, বিদ্যালয় স্তর থেকেই এ বিষয়ে ধারণা দেওয়া উচিত। পত্রিকা প্রকাশে ব্যবহৃত কাগজ, কালি, মুদ্রণযন্ত্র ইত্যাদি ও ডাক পরিষেবায় ভর্তুকি দেওয়া উচিত বলে তিনি মনে করেন। সংবাদপত্র ও ছোটো পত্রিকা এক নয়। তাই তাদের দাখিলাকরণ সম্পূর্ণ ভিন্ন হওয়া বাঞ্ছনীয়। ব্যয়বহুল কবিতা উৎসবের পরিবর্তে তিনি লিটল ম্যাগাজিনের সংরক্ষণাগার গড়ে তোলার পক্ষে। তবে তাঁর প্রার্থনা কেবলমাত্র রাষ্ট্রের কাছে নয়, বরং সবুজ পত্রের কাছে, অর্থাৎ নবীন প্রজন্মের কাছে যারা নতুন পত্রিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন। নতুনের হাতেই রয়েছে চিরন্তন এই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার অসীম প্রত্যয়।
🍂

Post a Comment

0 Comments