দোলনচাঁপা তেওয়ারী দে
আজ ২৫শে নভেম্বর, নারীর প্রতি সহিংসতা দূরীকরণের আন্তর্জাতিক দিবস। আমাদের সমাজে এই দিবসের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আসুন এই দিবসটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই।
নীরবতা নয়, প্রতিবাদই হোক নারীমুক্তির প্রথম উচ্চারণ। নারী সৃষ্টির আদি থেকে সভ্যতার অগ্রযাত্রায় যার অবদান অনস্বীকার্য। কখনও সে জননী, কখনও সহধর্মিণী, কখনও কন্যা, আবার কখনও নিজের স্বপ্নে বলীয়ান এক স্বতন্ত্র সত্তা, অথচ এই নারীই যুগে, যুগে নানা বৈষম্য, অবহেলা, নির্যাতন ও সহিংসতার শিকার। সভ্যতার এতটা পথ অতিক্রম করেও যখন নারীর নিরাপত্তা, সম্মান ও স্বাধীনতা প্রশ্নের মুখে দাঁড়ায়, তখন আমাদের আত্মজিজ্ঞাসা জাগে, সত্যিই কি আমরা সভ্য হয়েছি? ১৯৯৯ সালে রাষ্ট্রসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এই দিনটি শুধু একটি আনুষ্ঠানিক উদ্যাপনের দিন নয়, বরং নারী নির্যাতনের বিরুদ্ধে বিশ্বজনীন প্রতিবাদ, সচেতনতা ও অঙ্গীকারের দিন। ডোমিনিকান প্রজাতন্ত্রের তিন বোন প্যাট্রিয়া, মিনার্ভা ও মারিয়া তেরেসা মিরাবাল স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ১৯৬০ সালের ২৫ নভেম্বর নৃশংসভাবে নিহত হন। তাঁদের আত্মত্যাগের স্মৃতিকে সম্মান জানিয়েই এই দিনটির তাৎপর্য আরও গভীর হয়ে উঠেছে।
নারীর প্রতি সহিংসতা কেবল শারীরিক নির্যাতনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর বিস্তৃতি অনেক গভীরে। পারিবারিক অত্যাচার, পণপ্রথা, বাল্যবিবাহ, কর্মক্ষেত্রে যৌন হয়রানি, মানসিক নির্যাতন, পাচার, সামাজিক অপমান, এমনকি মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়াও সহিংসতারই বিভিন্ন রূপ। আধুনিক প্রযুক্তির যুগে সাইবার বুলিং, ব্যক্তিগত ছবি বা তথ্যের অপব্যবহার এবং অনলাইন হয়রানি নারীর নিরাপত্তাকে নতুন করে বিপন্ন করছে, অর্থাৎ সহিংসতার রূপ বদলেছে, কিন্তু তার নির্মমতা আজও অটুট। সবচেয়ে দুঃখজনক বিষয়, অনেক সময় নারীর প্রতি অত্যাচার ঘটে তার একেবারে পরিচিত পরিসরেই। যে সংসার তার আশ্রয় হওয়ার কথা, কখনও, কখনও সেই সংসারই হয়ে ওঠে তার অসহায়তার কারাগার। সামাজিক সম্মান রক্ষার অজুহাতে বহু নারী মুখ বুজে সহ্য করেন অপমান ও নির্যাতন। আবার সমাজের একাংশও নির্যাতিতার পাশে দাঁড়ানোর পরিবর্তে তাকেই নানা প্রশ্নের মুখোমুখি করে। এই মানসিকতার পরিবর্তন না ঘটলে কেবল আইন প্রণয়ন করে নারীর প্রতি সহিংসতা সম্পূর্ণ দূর করা সম্ভব নয়। আমরা প্রায়ই নারীশক্তির বন্দনা করি। দুর্গা, কালী, সরস্বতীর আরাধনায় মেতে উঠি। অথচ বাস্তব জীবনের নারী যখন নিজের অধিকার, নিরাপত্তা কিংবা সম্মানের দাবি জানায়, তখন অনেক ক্ষেত্রেই তাকে অবহেলা করা হয়। এই দ্বিচারিতা আমাদের সমাজের এক গভীর সংকট। নারীকে দেবীর আসনে বসানোর চেয়ে মানুষ হিসেবে তার মর্যাদা দেওয়া অনেক বেশি জরুরি, কারণ নারীর প্রকৃত সম্মান পূজার ফুলে নয়, তার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার, নিরাপদ জীবন এবং সমান সুযোগের মধ্যে নিহিত।
নারীর প্রতি সহিংসতা রোধে আইন অবশ্যই প্রয়োজন, কিন্তু আইনের পাশাপাশি প্রয়োজন সামাজিক ও মানসিক পরিবর্তন। পরিবার থেকেই শুরু হোক সমতার শিক্ষা। ছেলে ও মেয়ের মধ্যে বিভেদ নয়, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিকতার বোধ জাগিয়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে লিঙ্গসমতা, সম্মানজনক আচরণ এবং ব্যক্তিগত সীমানা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে। নির্যাতনের শিকার নারীর প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং অপরাধীর বিরুদ্ধে নিরপেক্ষ ও দ্রুত আইনি পদক্ষেপ নিশ্চিত করতে হবে। সংবাদমাধ্যম, সাহিত্য, সংস্কৃতি এবং সামাজিক সংগঠনগুলিকেও এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। মনে রাখতে হবে, নারীকে সুরক্ষা দেওয়া মানে তাকে চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখা নয়। প্রকৃত সুরক্ষা তখনই প্রতিষ্ঠিত হবে, যখন একজন নারী নির্ভয়ে নিজের পছন্দের পোশাক পরতে পারবেন, নিজের মতামত প্রকাশ করতে পারবেন, কর্মক্ষেত্রে সম্মানের সঙ্গে কাজ করতে পারবেন এবং নিজের স্বপ্নের পথে এগিয়ে যেতে পারবেন। তার স্বাধীনতা যেন কারও দয়ার দান না হয়, বরং জন্মগত মানবাধিকার হিসেবে স্বীকৃতি পায়।
২৫ নভেম্বর আমাদের মনে করিয়ে দেয়, নারীর প্রতি সহিংসতা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সমগ্র সমাজের বিবেকের কাছে এক কঠিন প্রশ্ন। একজন নারী যখন নির্যাতিত হন, তখন শুধু একটি জীবন ক্ষতবিক্ষত হয় না, মানবিকতার ভিত্তিটুকুও কেঁপে ওঠে, তাই এই লড়াই শুধু নারীর একার নয়, পুরুষ-নারী নির্বিশেষে প্রতিটি সচেতন মানুষের।
আসুন, এই আন্তর্জাতিক দিবসে আমরা শুধু মোমবাতি জ্বালিয়ে বা সভা-সমিতিতে বক্তব্য রেখে দায়িত্ব শেষ না করি। আমাদের প্রতিদিনের আচরণে, চিন্তায় ও সামাজিক দৃষ্টিভঙ্গিতে নারীসম্মানের প্রতিফলন ঘটাই। অন্যায় দেখলে নীরব না থেকে প্রতিবাদ করি, নির্যাতিতার পাশে দাঁড়াই এবং পরবর্তী প্রজন্মের জন্য গড়ে তুলি এক বৈষম্যহীন পৃথিবী।
যে সমাজ নারীর চোখের জল মুছতে শেখে, সেই সমাজই প্রকৃত অর্থে সভ্যতার আলোয় আলোকিত হয়। নারীকে ভয় নয়, ভরসা দেওয়া উচিৎ, অবদমন নয়, অধিকার দেওয়া উচিৎ, নীরবতা নয়, কণ্ঠস্বর দেওয়া উচিৎ, কারণ নারীর নিরাপত্তা ও সম্মান নিশ্চিত হলেই মানবসভ্যতার অগ্রযাত্রা পূর্ণতা পাবে।
0 Comments