দোলনচাঁপা তেওয়ারী দে
আজ ২৬ শে নভেম্বর, ভারতের সংবিধান দিবস।
গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের অঙ্গীকার আমরা এই দিনে করি। আসুন, এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই।
ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এই গণতন্ত্রের মূল ভিত্তি হলো, ভারতের সংবিধান। সংবিধান শুধু একটি আইনি দলিল নয়, এটি স্বাধীন ভারতের স্বপ্ন, আদর্শ, ঐক্য, সাম্য ও ন্যায়বিচারের এক অনন্য প্রতিচ্ছবি। প্রতি বছর ২৬শে নভেম্বর সারা দেশে পালিত হয়, ভারতের সংবিধান দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, দেশের সংবিধানের গুরুত্ব, নাগরিক হিসেবে আমাদের অধিকার এবং রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্যের কথা।
১৯৪৯ সালের ২৬শে নভেম্বর ভারতের গণপরিষদ আনুষ্ঠানিকভাবে সংবিধান গ্রহণ করে। পরবর্তীকালে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি এই সংবিধান কার্যকর হয়। তাই ২৬শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি। অন্যদিকে, সংবিধান প্রণয়নের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ২০১৫ সাল থেকে ২৬শে নভেম্বর সংবিধান দিবস হিসেবে বিশেষ মর্যাদায় পালিত হয়ে আসছে। ভারতের সংবিধান রচনার ইতিহাস অত্যন্ত গৌরবময় ও তাৎপর্যপূর্ণ। দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতাকে সুসংহত করতে প্রয়োজন ছিল এমন একটি সংবিধানের, যা দেশের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করবে। এই বিশাল দায়িত্ব পালনের জন্য গঠিত হয় গণপরিষদ। সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন ড. ভীমরাও রামজি আম্বেদকর। তাঁর অসামান্য প্রজ্ঞা, দূরদর্শিতা ও সাংবিধানিক চিন্তাভাবনার জন্য তাঁকে যথার্থই ‘ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি’ বলা হয়। তাঁর সঙ্গে আরও বহু বিশিষ্ট ব্যক্তি সংবিধান রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারতের সংবিধানের প্রস্তাবনা বা Preamble-এ দেশের মূল আদর্শগুলি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার, চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা, মর্যাদা ও সুযোগের সমতা এবং ব্যক্তির সম্মান ও জাতীয় ঐক্য নিশ্চিত করার কথা বলা হয়েছে। এই কয়েকটি শব্দের মধ্যেই নিহিত রয়েছে একটি আদর্শ রাষ্ট্র গঠনের স্বপ্ন। সংবিধান আমাদের নাগরিক হিসেবে কয়েকটি মৌলিক অধিকার প্রদান করেছে। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আমাদের ব্যক্তিস্বাধীনতা ও মর্যাদা রক্ষা করে। এই অধিকারগুলি আমাদের মনে করিয়ে দেয় যে দেশের প্রতিটি নাগরিক আইনের চোখে সমান। ধর্ম, বর্ণ, ভাষা, জাতি, লিঙ্গ কিংবা সামাজিক অবস্থানের ভিত্তিতে বৈষম্য করা উচিত নয়, তবে শুধু অধিকার ভোগ করলেই চলবে না, নাগরিক হিসেবে আমাদের কিছু মৌলিক কর্তব্যও রয়েছে। জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন, দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষা, পরিবেশ সংরক্ষণ, বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলা, সরকারি সম্পত্তি রক্ষা এবং দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের কর্তব্যের অন্তর্ভুক্ত। অধিকার ও কর্তব্যের মধ্যে ভারসাম্য বজায় রাখলেই একটি সুস্থ ও শক্তিশালী গণতন্ত্র গড়ে উঠতে পারে। ভারতের মতো বৈচিত্র্যময় দেশে সংবিধানের গুরুত্ব অপরিসীম। এখানে নানা ভাষা, ধর্ম, সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করেন। এই বৈচিত্র্যের মধ্যেও ঐক্য বজায় রাখার শক্তি জোগায় আমাদের সংবিধান। এটি সংখ্যাগরিষ্ঠের মতামতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সংখ্যালঘুদের অধিকার ও মর্যাদাকেও সুরক্ষিত করে। সংবিধান আমাদের শেখায়, ভিন্ন মত ও বিশ্বাসের মানুষও পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে একসঙ্গে এগিয়ে যেতে পারেন। সংবিধান দিবস পালনের উদ্দেশ্য কেবল আনুষ্ঠানিকতা নয়, এই দিনটি আমাদের সংবিধান সম্পর্কে সচেতন হওয়ার, তার মূল্যবোধকে উপলব্ধি করার এবং দৈনন্দিন জীবনে সেগুলি অনুসরণ করার সুযোগ করে দেয়। বিদ্যালয়, কলেজ, সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনে সংবিধানের প্রস্তাবনা পাঠ, আলোচনা সভা, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদ্যাপন করা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে সংবিধানের আদর্শ পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। কারণ আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের সচেতন নাগরিক ও দেশের ভবিষ্যৎ নির্মাতা।
বর্তমান সময়ে যখন সমাজে নানা ধরনের বিভেদ, অসহিষ্ণুতা, বৈষম্য ও স্বার্থপরতার প্রবণতা দেখা যায়, তখন সংবিধানের আদর্শ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। গণতন্ত্র শুধু ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, গণতন্ত্র মানে অন্যের মতামতকে সম্মান করা, অন্যায়ের প্রতিবাদ করা, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো। ভারতের সংবিধান আমাদের জাতীয় জীবনের পথপ্রদর্শক। এটি আমাদের শুধু অধিকার দেয় না, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবেও গড়ে উঠতে শেখায়। সংবিধানের প্রতিটি আদর্শকে বাস্তব জীবনে প্রতিষ্ঠা করতে পারলেই গড়ে উঠবে বৈষম্যহীন, শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ ভারত। সংবিধান দিবসে আমাদের অঙ্গীকার হোক, সংবিধানের মর্যাদা রক্ষা করব, সকলের অধিকারকে সম্মান করব এবং ঐক্য, সাম্য, স্বাধীনতা ও ন্যায়বিচারের আদর্শে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত রাখব। কারণ সংবিধান শুধু একটি গ্রন্থ নয়, এটি আমাদের গণতান্ত্রিক অস্তিত্বের আত্মা।
0 Comments