পার্থ প্রতিম মন্ডল
সভ্যতার ঊষাকাল থেকেই মানুষের মনে দুটি চিরন্তন আকাঙ্ক্ষা প্রবলভাবে কাজ করেছে — একদিকে সঞ্জীবনী সুধা পান করে অমরত্ব লাভের বাসনা, আর অন্যদিকে সোনা বা স্বর্ণের প্রতি তাঁর দুর্নিবার আকর্ষণ। এই দুই আকাঙ্ক্ষার সংযোগ থেকেই জন্ম নেয় এক রহস্যময় পাথরের কল্পনা, যার নাম 'পরশমনি'। বিশ্বাস ছিল, এর স্পর্শে সাধারণ ধাতু বা পাথরও খাঁটি সোনায় রূপান্তরিত হতে পারে। অতীতের ভারতে এই পরশমনি ও অমরত্বের সন্ধান শুধু রূপকথা বা কল্পনাতে সীমাবদ্ধ থাকেনি, বরং তা ধীরে ধীরে কিমিয়া বিদ্যা (Alchemy) ও ধাতু-রসায়ন চর্চার এক বিশেষ অধ্যায় রচনা করেছিল।
প্রাচীন ভারতের ঋকবেদের যুগে 'পরশমনি' শব্দটির সঙ্গে পরিচিতি ছিল না। তবে পরবর্তী পুরাণ যুগে, বিশেষ করে 'ব্রহ্মবৈবর্ত পুরাণ'-এ প্রথম পরশমনি নামক পাথরের উল্লেখ পাওয়া যায়।
মুক্তা মাণিক পরশমনিরত্নাকরাম্বিতম্।
কৃষ্ণা শুভ্র হরিদ্রক্ত মণিরাজবিরাজতম্।।
অর্থাৎ, সোনায় পরিণত করার এক মণির কথা মুক্তা, হীরা, কালো, সাদা, সবুজ ও রক্তবর্ণের নানা রত্নের পাশাপাশি উল্লেখিত হয়েছে।
পরশমনি ও সঞ্জীবনী সুধার খোঁজ অনুসন্ধান সবচেয়ে বেশি প্রকট হয়েছিল মধ্যযুগে — প্রায় খ্রিস্টীয় দ্বিতীয় দশক থেকে দ্বাদশ শতক পর্যন্ত। এই সময়ে একদল কিমিয়াবিদ বা রসায়নবিদ এমন এক অলৌকিক পাথর বা যৌগ বা কেলাসের অনুসন্ধানে ব্রতী হন, যার স্পর্শে সাধারণ বস্তু বা ধাতু সোনায় পরিণত হতে পারে। তৎকালীন বিশিষ্ট কিমিয়াবিদদের মধ্যে গোবিন্দ ভগবৎপাদ, নাগার্জুন, সোমদেব, যশোধর ভট্ট, বাগভট ও নিত্যনাথ সিদ্ধের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁরা প্রত্যেকেই সঞ্জীবনী সুধা ও পরশমনির অন্বেষণে নিয়োজিত ছিলেন।
পরশমনির অনুসন্ধানে ইতিহাসে উপরোক্ত রসায়নবিদদের মধ্যে নাগার্জুনের ভূমিকা সবচেয়ে আলোচিত। সম্ভবত ৯৩৯ খ্রিস্টাব্দে গুজরাটের সোমনাথ মন্দিরের নিকটবর্তী 'দৈহক দুর্গে' তাঁর জন্ম। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী, তিনি পারদ বা মার্কারি থেকে ১৭টি ভিন্ন উপায় অবলম্বন করে সোনা তৈরির চেষ্টা করেছিলেন। তাঁর লেখা গ্রন্থগুলি হলো — 'রসরত্নাকর', 'আরোগ্যমঞ্জরী', 'কক্ষপুততন্ত্র', ' যোগসার' প্রভৃতি। লোকবিশ্বাসে তিনি দেব-দেবীর কৃপাধন্য ছিলেন এবং নিম্ন ধাতুকে সোনায় রূপান্তর ও সঞ্জীবনী সুধা তৈরির কৌশল জানতেন বলে সাধারণ মানুষের চোখে তিনি ছিলেন সম্ভ্রম ও ভয়মিশ্রিত বিস্ময়ের পাত্র। প্রসিদ্ধ চিনা পরিব্রাজক হিউয়েন সাঙ নাগার্জুনকে পৃথিবীর 'চতুঃসূর্যের অন্যতম' বলে বর্ণনা করেছেন।
একাদশ শতকে প্রখ্যাত পণ্ডিত ও পরিব্রাজক আল বিরুনি তাঁর 'কিতাব উল হিন্দ' গ্রন্থে ভারতের পরশমণি ও কিমিয়া (আলকেমি) চর্চার উল্লেখ করেছেন। তিনি লিখেছেন যে, "পৃথিবীর কোন জাতিই আলকেমির প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত নয়। তবে এর অনুশীলনকারীরা অনেক সময় দুর্দশা কাটানো বা ধনসম্পদের লোভে অলীক অনুসন্ধানে মেতে উঠতেন।" তিনি নাগার্জুন প্রসঙ্গে উল্লেখ করেছেন যে, "এই কিমিয়া বিদ্যার একজন বিখ্যাত প্রসিদ্ধ হলেন সোমনাথের নিকটবর্তী দাইহকের অধিবাসী নাগার্জুন।"
আরেকটি কিংবদন্তী অনুযায়ী, মধ্যযুগে বৈষ্ণব ধর্মের প্রচারক শ্রীচৈতন্যের এক অনুরক্ত শিষ্য সনাতন বৃন্দাবনে যমুনার তীরে( যে অঞ্চল শ্রীকৃষ্ণের বাল্যস্মৃতি সঙ্গে যুক্ত ) এক দরিদ্র ব্রাহ্মণের করুণ কাহিনী শুনেছিলেন। সেই ব্রাহ্মণ যখন নিজের দুর্ভাগ্যের কথা জানাচ্ছিলেন, তখন সনাতন নির্লিপ্তভাবে একটি পরশমনি লক্ষ করেন এবং বিন্দুমাত্র দ্বিধা না করে তা ব্রাহ্মণকে দিয়ে দেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভক্তমাল থেকে সংগৃহীত এই বিষয়বস্তু নিয়ে 'স্পর্শমনি' নামে একটি সুন্দর কাব্য রচনা করেছিলেন।
"যে ধনে হইয়া ধনী মনি রে মানা না মনি তাহারি খানিক,
মাগি আমি নত শিরে — এই বলি নদী তীরে
ফেলিল মানিক।"সোনায় রূপান্তরকারী সেই মণি টিকে পেয়ে প্রাপক প্রথমে বিস্মিত হয়েছিলেন। তারপর হঠাৎ তার মধ্যে পরম সত্যের উপলব্ধি জাগ্রত হয় তিনি সেটি নদীতে ফেলে দেন এবং চোখে জল নিয়ে দাতার কাছে কেবলই সেই সম্পদের সামান্য অংশ ভিক্ষা চান যা তাকে সকল সম্পত্তির দাতা পরশমনিকে উপেক্ষা করার ক্ষমতা দিয়েছিল।
পরিশেষে বলা যায়, পরশমনি সম্পর্কে সাধারণ ধাতু থেকে সোনা তৈরির আক্ষরিক স্বপ্ন আধুনিক বিজ্ঞানের যুক্তিসম্মত না হলেও, এই অনুসন্ধানের পথ ধরেই প্রাচীন ও মধ্যযুগের ভারতে ধাতুবিদ্যা, খনিজ পরীক্ষা, পারদ ও যৌগ নিয়ে গবেষণা তথা রসায়ন চর্চা এগিয়ে গিয়েছিল।
একদিকে যেমন লোভ, দুর্দশা মুক্তি ও অমরত্বের আকর্ষণ মানুষকে রহস্যময় পাথর পরশমনির দিকে টেনেছে, অন্যদিকে তেমনি পদার্থের সংশ্লেষন ও রূপান্তরের কৌতূহলই মানবসভ্যতাকে কল্পনা থেকে পরীক্ষামূলক জ্ঞানের দিকে এগিয়ে দিয়েছে। এভাবেই — পরশমণিরখোঁজ ইতিহাসের পাতায় একদিকে রূপকথা ও লোকবিশ্বাসের রঙ ছড়িয়েছে, অন্যদিকে রসায়ন চর্চার বিভিন্ন পদ্ধতি যেমন — পাতন, আংশিক পাতন ইত্যাদি পদ্ধতির আবিষ্কারের দলিল হয়ে রয়েছে।
তথ্যসূত্র:
'A history of Hindu chemistry' আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ,
বিজ্ঞানীদের গপ্পো অমরনাথ রায় দেজ পাবলিকেশন ,
on the Allegory of Parasmoni By Dr MK Jain,
Wikipedia
0 Comments