আবীর ভট্টাচার্য্য চক্রবর্তী
কবিতা তো মানুষের মনের কোমল অনুভূতির প্রকাশ। রুক্ষ বাস্তবের ঊষরতা যখনই আমাদের যাপনকে ক্লান্ত থেকে আরও ক্লান্ত করে, আমরা আশ্রয় খুঁজে ফিরি কবিতার পেলব সঙ্গের কাছে। আর যদি সেই কবিতার লেখক হয়ে থাকেন সমপথের এবং সমমতের সহযাত্রী প্রিয় স্বজন কেউ, তাহলে তো ভালো লাগার অনুভব প্রকাশের ক্ষেত্রে মনের বাঁধন পালতোলা নৌকার মতো লাগামহীন হতেই পারে।
সম্প্রতি জ্বলদর্চি পত্রিকার পক্ষ থেকে উপহার পাওয়া আটচল্লিশ পাতার কবিতাগ্রন্থ হাতে নিয়ে আমার প্রথমেই এই সত্যকথন করতে ইচ্ছে হলো।
লেখকের লেখা এবং আবৃত্তি-কুশলতার সঙ্গে পরিচয় আমাদের আগেই হয়েছে। শহর মেদিনীপুরের নামী সঞ্চালক ও কবি তিনি। তবে চল্লিশটি স্বরচিত কবিতা নিয়ে সংকলিত শ্রদ্ধেয় সঞ্জীব ভট্টাচার্য্যের প্রথম একত্রে প্রকাশিত এই হার্ডকভার বাঁধাইয়ের কবিতাগ্রন্থটির কবিতাগুলির মূল নির্যাস ছড়িয়ে আছে তাঁর অসাধারণ জীবনবোধে, সচেতন প্রকৃতিপ্রেমে, যার অধিকাংশেরই উত্তরণ ঘটেছে নির্মোহ প্রাজ্ঞতায়।
একথা বলা যতখানি সহজ, নিজে টুকটাক লিখি বলেই জানি, কলমে আনা ততটা সহজ নয়। কিন্তু ‘পড়ন্ত পালকে বাতাস’ কাব্যগ্রন্থখানির ধূসর আবহের প্রচ্ছদটি পড়ার আগেই আমাদের মনে এমন একটি বোধের জন্ম দেয়, যা মাটি ছুঁয়েও আকাশ দেখার সাহস দেয়, পাখি ডানায় আকাশে উড়েও নীড়ের সন্ধান করে। যেন পতন ও উত্থান, ক্ষয় ও সৃষ্টি, প্রাপ্তি ও অপ্রাপ্তির মধ্যবর্তী কোনও এক অনির্বচনীয় জীবনসত্যের দিকে আমাদের নিয়ে যায় এই নামকরণ।
প্রারম্ভিক ‘যাপন কথা’ থেকে যার শুরু, ‘আগুন এবং ছাই’তে যার শেষ।
বইটির নামের মধ্যেও যেন এক গভীর জীবনদর্শন লুকিয়ে রয়েছে। পড়ন্ত পালক একদিকে যেমন ক্ষয়ের, পতনের কিংবা বিচ্ছিন্নতার প্রতীক, অন্যদিকে বাতাস তাকে বহন করে নিয়ে চলে অজানার উদ্দেশে। অর্থাৎ পতনই সবসময় সমাপ্তি নয়, কখনও কখনও তা নতুন কোনও যাত্রার সূচনাও হতে পারে। জীবনের নানা অভিঘাত, অভিজ্ঞতা ও উপলব্ধির মধ্য দিয়ে কবি যেন সেই উড়ে যাওয়া পালকেরই গতিপথ অনুসরণ করেছেন। এইখানেই নামকরণের সার্থকতা।
তাই সংকলনের প্রথম কবিতার মুষ্টিভিক্ষা সম্বল নিয়েই কবি প্রগাঢ় আকাঙ্ক্ষায় এগিয়ে যান সেই রাস্তার সন্ধানে, চূড়ান্ত হতাশ হলেও যে রাস্তায়—
‘চমকানো মুহূর্তের ঘাতক জেনে নিজেরই কাছ থেকে দ্রুত অন্তর্ধান এভাবেই মানুষ পাল্টে যেতে থাকে রাস্তাও পাল্টে যায় অনিবার্যতায়।’
আবার পরের কবিতাতেই ফিরে আসেন অনন্ত আশ্বাসে—
‘ক্রমাগত ভেঙে যাচ্ছে বাঁধ গচ্ছিত জল ভাসিয়ে দেয় সহায় সম্বল অমূল্য প্রতিবিম্ব উচ্ছ্বাসের সাঁতার খালবিলে গোলার্ধে পাক খায়… তারমধ্যে জেগে থাকে মন্দিরের চূড়া আশ্রিত পক্ষিশাবক আর তার বাসা।’
এই যে ভাঙনের মধ্যেও জেগে থাকা আশ্রয়ের ছবি, বিপর্যয়ের মধ্যেও টিকে থাকা প্রাণের স্পন্দন, এটাই বোধহয় কবির জীবনদর্শনের অন্যতম বৈশিষ্ট্য। প্রকৃতির কাছে তিনি কেবল সৌন্দর্য আহরণ করতে যাননি, প্রকৃতির মধ্যে খুঁজেছেন মানুষের অস্তিত্বের প্রতিচ্ছবি। জল, মাটি, আকাশ, পাখি, গাছ কিংবা দিগন্ত—সবকিছুই তাঁর কাছে নিছক দৃশ্যমান উপাদান নয়, বরং জীবনকে উপলব্ধি করার এক-একটি মাধ্যম।
বইটির প্রত্যেকটি কবিতাই সুনির্বাচিত, নির্ভার সহজ ভাষায় ও ছন্দে লেখা। পড়তে পড়তে মনে হয় যেন একটি স্বচ্ছতোয়া নদী আপন ছন্দে তার প্রিয়ভূমির বুক চিরে এগিয়ে চলেছে উৎস থেকে মোহনার দিকে। পথচলতি উপলখণ্ডগুলির সাধ্য নেই তার সহজতাকে আগল দেওয়ার কিংবা তাকে অবরুদ্ধ করার।
স্বাভাবিকভাবেই সুন্দর কাগজ, নির্ভুল বানান, সুদৃশ্য বাঁধাই-সমৃদ্ধ বইটির পাতা ওল্টাতে গিয়ে আমরা বারবার মুগ্ধ হই, পড়ার আগ্রহ বাড়ে। একটি কাব্যগ্রন্থের বাহ্যিক নির্মাণ যে পাঠকের সঙ্গে তার প্রথম পরিচয়ের সেতু তৈরি করে, এই বইটি তারও একটি সুন্দর উদাহরণ।
এবং পাঠ এগিয়ে যেতে যেতে চোখে পড়ে অপূর্ব সব পঙ্ক্তিমালা—‘বন্ধুত্বের সংজ্ঞাও সফটওয়্যারগামী’, ‘বুকের ভিতর স্ফীত নিরক্ষরেখা’ অথবা ‘ঝাঁপানের বিমুগ্ধ আলোড়ন’, ‘আগুন নেভাতে চাই আরেক আগুন’ ইত্যাদি ইত্যাদি। যা যুগপৎ কবির শব্দচয়ন দক্ষতা এবং নতুন শব্দবন্ধ সৃষ্টির মুন্সিয়ানার প্রমাণ দেয়, শক্তিশালী কবিত্বের স্বাক্ষর রাখে।
এই শব্দবন্ধগুলির মধ্যে দিয়ে কবি কখনও সমকালীন জীবনযাত্রার যান্ত্রিকতা, কখনও মানুষের অন্তর্গত শূন্যতা, কখনও বা অনুভূতির অপ্রকাশিত অভিঘাতকে নতুন ভাষায় প্রকাশ করেছেন। তাঁর কবিতায় আধুনিকতার অনুষঙ্গ এসেছে, কিন্তু তা কখনও আরোপিত মনে হয়নি। বরং পরিচিত শব্দের মধ্যেই তিনি তৈরি করেছেন অপরিচিত অনুভবের এক নতুন জানালা।
তবে নিজে আদ্যোপান্ত আবেগপ্রবণ বলেই হয়তো এইসব বৌদ্ধিক শব্দবন্ধের চাইতেও আমায় বেশি আকর্ষণ করেছে কবির অনুভবী আখর-স্বর, যখন তিনি কলমের কালিতে উচ্চারণ করেন—
‘দিগন্ত তুমি অনন্ত চেনাবে বলেছিলে সেই থেকে আমি আদিগন্তে একক পর্যটক পরিভ্রমণ করেছি পর্বত, গিয়েছি অরণ্য দূর থেকে দূরে আমার আমাকে ছড়িয়েছি কালের ভেতর অদৃশ্য শেকড়ের সন্ধান লেগে থাকা মাটি খুঁটে খুঁটে কপালে আদরের ফোঁটা এঁকে নিয়েছি।’
এই পঙ্ক্তিগুলির মধ্যে যেন এক অনন্ত আত্মানুসন্ধানের আখ্যান ছড়িয়ে আছে। দিগন্তের কাছে অনন্তকে চেনার প্রত্যাশা নিয়ে যে একক পর্যটকের যাত্রা শুরু, সে আসলে বহির্জগতের পাশাপাশি নিজের অন্তর্জগতেও পরিভ্রমণ করে চলেছে। পর্বত, অরণ্য, দূর থেকে দূরে ছড়িয়ে পড়া—সবই যেন আত্মাকে জানার নানা পর্যায়। আর সেই অদৃশ্য শেকড়ের সন্ধান লেগে থাকা মাটি খুঁটে কপালে আদরের ফোঁটা এঁকে নেওয়ার মধ্যে রয়েছে এক অপূর্ব আত্মিক প্রশান্তি। যেন সমস্ত ভ্রমণ শেষে মানুষ আবার নিজের কাছেই ফিরে আসে।
বারবার অবনত হই আঁধারজয়ী সেই ধ্রুবক একক বিন্দুটির জাগরণ-স্পৃহার কাছে, যা জেগে থাকে অনন্ত জিজ্ঞাসায়… প্রেমে, তিতীক্ষায়…।
এই কবিতাগুলির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এখানে নিঃসঙ্গতা কখনও নিছক বিষণ্ণতার নামান্তর হয়ে ওঠেনি। বরং নিঃসঙ্গতা কবিকে দিয়েছে নিজেকে আবিষ্কারের অবকাশ। মানুষের একাকিত্ব, সম্পর্কের টানাপোড়েন, সময়ের অনিবার্য পরিবর্তন এবং অস্তিত্বের নানা প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েও কবি যেন কোথাও সম্পূর্ণ আশাহীন হয়ে পড়েন না। তাঁর কবিতার অন্তঃসলিলায় প্রবাহিত হয় এক ধরনের প্রত্যয়, যা পাঠককে নিজের জীবন ও যাপনের দিকে নতুন করে তাকাতে শেখায়।
প্রকৃতির সঙ্গে মানুষের এই নিবিড় আত্মীয়তাও তাঁর কবিতার একটি বিশেষ সম্পদ। প্রকৃতি এখানে নিছক পটভূমি নয়, কখনও আশ্রয়, কখনও আত্মপ্রকাশের মাধ্যম, কখনও বা জীবনের গভীরতম দর্শনের প্রতীক। মানুষের সমস্ত অহংকার, প্রাপ্তি-অপ্রাপ্তি, উত্থান-পতনের ঊর্ধ্বে প্রকৃতি তার নিজস্ব নিয়মে বয়ে চলে। কবি সেই প্রবাহের মধ্যেই খুঁজে পেয়েছেন জীবনের অনন্ত চলমানতাকে।
এবং যার সর্বোত্তম প্রকাশ হয় কাব্যগ্রন্থটির শেষ কবিতায়—
‘অন্তরে দিলে তুমি হাওয়া অন্তরীক্ষে ধ্বনি ওঠে ওম আমাকে বাঁচিয়ে রাখো তুমি আমিও তো তোমারই মাধ্যম, এই জেনে পরস্পর হাত এই জেনে দীর্ঘ পথ চলা তারপর হঠাৎ কখন দুজনেই একেলা একেলা, কীভাবে নতুন চেনাচিনি কোন পথে আকাশকে পাই রাতে যে আগুন জ্বলেছিল দিনে শুধু পড়ে আছে ছাই- সেখানে রয়েছ তুমি স্থির সঙ্গে নিয়ে সমস্ত বৈভব পড়ে আছে ছাইয়ের মাঝে নিখুঁত আমার অবয়ব।’
সহজ ভাষায় এমন গভীর কথা বলার যোগ্যতা সবার থাকে না, কবির আছে।
সুতরাং সঞ্জীব ভট্টাচার্য্যের এই কাব্যগ্রন্থ তাই শুধুমাত্র চল্লিশটি কবিতার সংকলন নয়, বরং একজন সংবেদনশীল মানুষের জীবনকে দেখার, জীবনকে বোঝার এবং জীবনের কাছে নিজেকে সমর্পণ করার এক আন্তরিক দলিল। শব্দের অভিনবত্বে, অনুভবের স্বচ্ছতায়; সমকালীনতার সচেতন অনুষঙ্গে এবং চিরকালীন মানবিকতার স্পর্শে তার উজ্জ্বল।
সত্য শিব সুন্দরের সাধনপথে তাঁর এই সুদৃঢ় যাত্রাপথ সার্থক হোক, সফল হোক। আরও অনেক কবিতায়, আরও অনেক অনুভবের আলোয় তাঁর কলম সমৃদ্ধ হয়ে উঠুক—এই প্রত্যাশা রাখি।
কাব্যপথের অনুজ সহযাত্রী হিসেবে শ্রদ্ধেয় কবিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর এই কাব্যগ্রন্থটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।
0 Comments