জ্বলদর্চি

তপনজ্যোতি মাজি'র পাঁচটি কবিতা

তপনজ্যোতি মাজি'র পাঁচটি কবিতা

গৃহদাহ

ভাঙো আনন্দ।  পরজীবীদের ভিড়ে ভরেছে উঠোন।
যে প্রসঙ্গ হারিয়েছে স্বাদ তাকে কেন পানপাত্রে 
ঢালো।
বই মিত্র। বৃক্ষ মিত্র। মিত্র অবকাশ। বিখ্যাত  জীবন  
জানে  উদাসীন সমকাল।

এসো আনন্দ তোমাকে নির্মম  ভাঙি।
আঙুলের  মাঝে জ্বলন্ত সিগার,
গৃহদাহ হলে জল ঢেলে নিভিও  আগুন।

পরম্পরা 

তথাকথিত ভেবে করেছি  ঘোর অবহেলা।
কথা বলবার মুহূর্তে হয়েছো নীরব। আমি কোনও অবতার নই। বিশুদ্ধ পঞ্জিকা মতে
উন্মাদ চতুর্দশী কাল।

কিছু নেই। অর্থ ও সম্বল। অথচ নিজেকে গৌরী সেন
ভেবে বিলিয়েছি নিরকার আমিকে।
বুদ্ধি ও প্রতিভা বিক্রি হয় ডলারের দামে।

 পরম্পরা এই।
স্বল্প দামে বিক্রি হয় মহামূল্য বই 
🍂
যুগল রেস্তোঁরা 

কতটা গভীরে গেলে বৃষ্টি নামে মেঘেদের দেশে।
ওষ্ঠ ছুঁয়ে নেমে যাও নদীটির মতো। পূর্বকথা
ভুলে যায় ব্যস্ত বর্তমান।
স্মৃতি কিন্তু জেদী এবং  স্বভাব নাছোড়।

প্লেট ভাগ করে আহার শিখেছে  ভালোবাসা।
ভেঙে যায় অথর্ব বাদাম।
কলঘরে জলের অবিরাম পতন বলে
ধমনীতে মিশে আছে গাঢ় অভিমান।

অগ্নিবর্ণ আলোয়ান

এসো শীত। 
হেমন্তেই পাতাঝরা শুরু। পর্ণমোচী 
বৃক্ষ কখনও কোনও কল্পতরু। শুরু থেকে শেষ আশা অনিঃশেষ। কেবল তোমার কাছে মেধা 
মেনেছে বশ্যতা।

আলোয়ান নেই। আছে অগ্নি। অগ্নিই আলোয়ান।
জড়িয়ে নিয়েছি গায়ে। শীতার্ত হাত দুটি
তোমার আশ্রয়ে পাখি হতে চায়।


বেদ দুহিতা

বেদের অপর নাম শ্রুতি  এ তথ্য বিদিত।
বহু যুগ পরে উড়ে এসে বসেছে পাখিটি অকৃত্রিম
ইঙ্গিতের মতো।
তোমার উচ্চারণ শ্রুতি হয়ে  ভাসছে 
বাতাসে।
তুমি সেই বেদদুহিতা।
চূর্ণ কুন্তলে ঢাকো তৃতীয়ার ক্ষিণতনু চাঁদ।

মুগ্ধ শ্রুতি।
মুগ্ধ স্বভাব-অবাধ্য নশ্বরতা।
তুমি তীর্থকন্যা।
ঈশ্বর বিশ্বাসী।
---------------------

Post a Comment

0 Comments